পটিয়ায় সেরা আবদুর রহমান বালিকা উচ্চবিদ্যালয় ও চিটাগাং আইডিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফলাফলে পটিয়ায় এবারও সেরা আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও চিটাগাং আইডিয়াল উচ্চবিদ্যালয়। দুই বিদ্যালয়েরই পাসের হার শতভাগ। আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন, চিটাগাং আইডিয়াল উচ্চবিদ্যালয় থেকে পেয়েছে ৪১ জন। আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে সাফল্যের ধারাবাহিকতা দীর্ঘদিনের, সরকারি হওয়ার পর থেকে এ বিদ্যালয় চমক লাগানো ফল করে আসছে।’পটিয়ায় ৪৭টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে চার হাজার ১৯ জন। পাস করেছে তিন হাজার ২৮ জন। পাসের হার ৭৫ দশমিক ৩৪। জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন।গত বছর পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছিল, এবার পেয়েছে ২৩ জন। পাসের হার ৮৬। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, ‘এবার আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার হলে মানসিক চাপে থেকে পরীক্ষা দিয়েছে বলে ভালো করে লিখতে পারেনি। আমরা আশা করেছিলাম আরও বেশি জিপিএ-৫ পাবে।’ এএস রাহাত আলী উচ্চবিদ্যালয়ে এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পাসের হার ৭৪। গত বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র নয়জন।আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উল্লাহ বলেন, গত বছর জিপিএ-৫ কম পাওয়ায় তা কাটিয়ে ওঠার জন্য সরকারি বন্ধের দিনেও বিদ্যালয় বন্ধ রাখিনি। তা কাজে লেগেছে।’বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী মর্জিনা আকতার জানায়, শিক্ষকদের কাছ থেকে মুঠোফোনে ফলাফল শুনে লাফ দিয়ে উঠেছি। বিদ্যালয়ে এসে বান্ধবীদের সঙ্গে আনন্দ করেছি। আমি চিকিৎসক হতে চাই।’ পিডিবি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে নয়জন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার বলেন, চট্টগ্রামের মধ্যে পটিয়া উপজেলা খুবই ভালো ফলাফল করে থাকে। চট্টগ্রাম আইডিয়াল ও পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে।