পটিয়ায় হচ্ছে প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্স

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দানকারী বীরকন্যা প্রীতিলতা স্মরণে পটিয়ায় নির্মিত হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রীতিলতার জন্মস্থান পটিয়ার ধলঘাটে নির্মাণাধীন ছয়তলা কমপ্লেক্সে থাকবে মুক্তমঞ্চ, বিদ্যালয়, সংগ্রহশালা ও সাংস্কৃতিক কেন্দ্র।
ধলঘাটের সংগঠন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী বলেন, ৪ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকায় ব্যয়ে ২৪ শতক জায়গাজুড়ে এই কমপ্লেক্স নির্মিত হচ্ছে। গত আগস্ট মাসে দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার পর কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু করেছিলেন ঠিকাদার। তবে নির্মাণকাজে ব্যয় বাড়ায় আপাতত কাজ বন্ধ রেখেছে ঠিকাদার কর্তৃপক্ষ।
পঙ্কজ চক্রবর্তী বলেন, ১৯৯১ সালে ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রতিিষ্ঠত হয়। এরপর প্রায় দেড় দশক আগে ২০০০ সালে গঠিত হয় বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট। প্রীতিলতা কমপ্লেক্স নির্মাণকাজ শুরুর মধ্য দিয়ে ট্রাস্টের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ট্রাস্টের করা নকশায় এই কমপ্লেক্স হচ্ছে বলে তিনি জানান।
প্রীতিলতা ট্রাস্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের বেশির ভাগ জায়গাই স্থানীয় সমাজকর্মী ননী গোপাল চক্রবর্তীর দান করা। নব্বই দশকে প্রীতিলতা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এই জমি দান করেছিলেন তিনি। তাঁর দেওয়া ১৪ শতক জায়গার পাশাপাশি ভবন নির্মাণের জন্য আরও ১০ শতক জায়গা কেনা হয়েছে।
নকশা অনুযায়ী, ৪০ ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থের মুক্তমঞ্চ থাকবে এই কমপ্লেক্সে। মঞ্চের সামনে থাকবে মাঠ, যেখানে বসে দর্শকেরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ ছাড়া কমপ্লেক্সের দ্বিতীয় তলায় থাকবে প্রীতিলতা শিশু নিকেতন নামের বিদ্যালয়। থাকবে তিন কক্ষের অতিথিশালা, সংগ্রহশালা, সম্মেলন কক্ষ ও মিলনায়তন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কমপ্লেক্সের নির্মাণকাজ তত্ত্বাবধান করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারিগরি সহযোগিতা দিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পটিয়া। গত বছরের নভেম্বর মাসে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ ভবন নির্মাণের অনুমোদন দেয়। চলতি বছরের ১৬ আগস্ট চট্টগ্রামের ঠিকাদারি সংস্থা কনসোনেন্স ইঞ্জিনিয়ার্স বিল্ডার্স দরপত্রের মাধ্যমে এ কমপ্লেক্স নির্মাণের কার্যাদেশ পায়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন বলেন, কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ১৮ নভেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে ভবনের আর্থিক বরাদ্দ আরও বাড়ানোর বিষয়ে আলোচনাও হয়েছে। মন্ত্রী দ্রুত ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।