পটিয়ায় হত্যার অভিযোগে স্বামী ও দেবর গ্রেপ্তার
পটিয়া উপজেলার বিনিনিহারা গ্রামের গৃহবধূ নূর নাহারকে (২৬) হত্যার অভিযোগে ২১ জানুয়ারি তাঁর স্বামী আজগর আলী (৩২) ও দেবর আজম আলীকে (২২) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ১৮ জানুয়ারি নিহতের মামা হাফেজ আবদুল মালেক বাদী হয়ে আজগর আলীকে এক নম্বর আসামি করে দেবর শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন । মামলার অভিযোগে জানা যায়, ১৫ জানুয়ারি স্বামীর ঘরে নূর নাহারকে তাঁর স্বামীসহ দেবর, শাশুড়ি যৌতুকের জন্য লোহার রড দিয়ে নির্যাতন করে। পরে তারা হত্যা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তাঁর মুখ চেপে ধরে বিষ ঢেলে দেয়। নূর নাহারকে মুমূর্ষু অবস্থায় ওই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তাঁর মৃত্যু হয়। জানা যায়, দুই বছর আগে কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আজগর আলীর সঙ্গে জঙ্গলখাইন ইউনিয়নের প্রবাসী নুরুন নবীর মেয়ে নূর নাহারের বিয়ে হয়। আজগর আলী চট্টগ্রামের একটি পোশাককারখানায় চাকরি করেন। বিয়ের পর থেকে তিনি এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন বলে নূর নাহারের পরিবারের অভিযোগ। তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার দারোগা মইনুল হোসেন জানান, আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর পেয়ে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নূর নাহারকে মারধরের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঘটনার সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।