স্বাস্থ্যসেবার মান নিয়ে টিআইবির প্রতিবেদন
পটিয়ায় হাসপাতালে বেশির ভাগ রোগী প্রয়োজনীয় ওষুধ পান না
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তর্বিভাগের ৮১ দশমিক তিন শতাংশ রোগী ও জরুরি বিভাগের ৫৮ দশমিক সাত শতাংশ রোগী কোনো ওষুধ পান না। ৪৩ দশমিক ৫ শতাংশ রোগী জরুরি মুহূর্তে ডাক্তার পান না, অধিকাংশ প্রসূতি রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। ৮৭ দশমিক ছয় শতাংশ রোগীকে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে গবেষণা জরিপে (সিটিজেন রিপোর্ট কার্ড) এসব তথ্য পাওয়া গেছে। গত ৩০ মার্চ সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সেবার মান নিয়ে সিটিজেন রিপোর্ট কার্ড প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই টিআইবির সহকারী প্রকল্প ব্যবস্থাপক জাফর সাদেক চৌধুরী সিটিজেন রিপোর্ট কার্ড সবার সামনে তুলে ধরেন।
২০১৩ সালের পটিয়া উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬টি ওয়ার্ড এবং পটিয়া পৌরসভার পাঁচটি ওয়ার্ডসহ মোট ২১টি ওয়ার্ডের ৫১১টি খানা নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়।
২০১৩ সালে আগস্ট-সেপ্টেম্বরে পরিচালিত জরিপে দেখা যায়, ২০০৯ সালের জরিপের তুলনায় বর্তমান জরিপে তিনটি সূচকে ইতিবাচক পরিবর্তন এবং চারটিতে নেতিবাচক পরিবর্তন ঘটেছে।
গবেষণা জরিপে দেখা গেছে, সাধারণ প্রসূতি রোগীদের ৩০০ থেকে এক হাজার পর্যন্ত অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এ ছাড়া টিকিট ক্রয়, সিট প্রাপ্তি ও ইনজেকশন দিতে দুই টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হয়েছে।
তবে, ২০০৯ সালের তুলনায় জরুরি বিভাগে অতিরিক্ত টাকা প্রদানের হার কমেছে। চিকিৎসককে সম্পূর্ণভাবে রোগের বর্ণনা করার হার বেড়েছে। বেড়েছে চিকিৎসকের উপস্থিতিও। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাবদ্ধতার চিত্রও জরিপে উঠে এসেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি শীলা দাশ, সদস্য অজিত কুমার মিত্র, নিত্যময় চৌধুরী, পটিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ছিদ্দিকী, স্বজন সদস্য শিখা রানী বিশ্বাস প্রমুখ।