পটিয়ায় ১৩টি কারখানা বন্ধ
সুষ্ঠু যোগাযোগব্যবস্থার অভাব, বিদেশি লবণ আমদানি, গ্যাস ও বিদ্যুৎ-সংকট এবং কাঁচা লবণ উৎপাদন কমে যাওয়ায় পটিয়ার লবণশিল্প লোকসানের মুখে পড়েছে। ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে পটিয়ার লবণ পরিশোধন কারখানাগুলো। ইতিমধ্যে ১৩টি কারখানা বন্ধ এবং চার-পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন বলে জানা গেছে।বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হলো—শাহ আহম্মদীয়া সল্ট, শাহচান্দ সল্ট, মোতাহের সল্ট, রূপালী সল্ট, মডার্ন সল্ট, গফ্ফার সল্ট, এশিয়া ফুড প্রোডাকটস, রহমানিয়া সল্ট, ওয়াহেদ সল্ট, আমিন শরিফ সল্ট, ফরহাদ সল্ট, জনি সল্ট ও রেইনবো সল্ট।ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমল থেকে পটিয়ার ইন্দ্রপুল লবণশিল্পের জন্য প্রসিদ্ধ। কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী প্রভৃতি এলাকা থেকে নৌ ও সড়কপথে লবণ এনে পটিয়ার কারখানাগুলোতে পরিশোধন করা হতো। এসব লবণ সড়কপথে ট্রাকে ও রেলপথে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হতো। কিন্তু প্রায় ২০ বছর আগে প্রধান নৌপথ চানখালী খাল ভরাট হয়ে যাওয়ায় এ পথে দক্ষিণাঞ্চল থেকে লবণ আনা বন্ধ হয়ে যায়। বঙ্গোপসাগর উপকূল থেকে চানখালী হয়ে ইন্দ্রপুলে নৌযান আসতে সময় লাগত ছয় ঘণ্টা। বর্তমানে কর্ণফুলী হয়ে বোয়ালখালী ঘুরে আসতে লাগে ৪৮ ঘণ্টা। ইতিমধ্যে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-দোহাজারী রেলপথও। ফলে কেবল সড়কপথে ট্রাকে লবণ পরিবহনে খরচ পড়ছে বেশি।ব্যবসায়ীদের অভিযোগ, দেশে উৎপাদিত লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। কিন্তু সরকার বিদেশ থেকে লবণ আমদানি করার কারণে দেশীয় লবণের দাম কমে যাচ্ছে। এতে লবণচাষ ও উৎপাদনে কৃষক ও শিল্পমালিকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। অন্যদিকে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) সূত্রমতে, দেশে লবণের মোট চাহিদা সাড়ে ১১ লাখ মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয় প্রায় ১৭ লাখ মেট্রিক টন। তা সত্ত্বেও কিছু লোক লবণ আমদানি করে দেশীয় শিল্পের ক্ষতি করছেন।ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, লবণ শোধণাগার ও প্রক্রিয়াজাতকরণের ৩৮টি কারখানার মধ্যে গত কয়েক বছরে ১৩টি বন্ধ হয়ে গেছে। মোস্তফা সল্ট রিফাইনারির স্বত্বাধিকারী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘এখানে কৃষকদের উৎপাদিত লবণ শোধন, সিদ্ধ ও আয়োডিনযুক্ত করে খোলা এবং মোড়কজাত করার মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়। কিন্তু যোগাযোগ ও গ্যাস-বিদ্যুৎসংকটের কারণে খরচ বেশি পড়ছে। অন্যদিকে বিদেশ থেকে লবণ আমদানির ফলে দেশি লবণের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। ফলে লোকসানের মুখে অনেকে কারখানা বন্ধ করে দিচ্ছেন। তিনি জানান, ইন্দ্রপুল থেকে একসময় দিনে দুই হাজার টন লবণ শোধন ও প্রক্রিয়াজাত হতো। বর্তমানে চার শ টনের বেশি হয় না। বন্ধ হয়ে যাওয়া এশিয়া ফুড প্রোডাকটসের মালিক নজরুল ইসলাম বলেন, ‘চানখালী খনন না হওয়ায় আমাদের কাঁচা লবণ আনতে হয় অনেক দূর ঘুরে। এতে সময় বেশি লাগে, খরচও বেশি পড়ে।’ এলাকার শ্রমিকসর্দার আবদুল আজিজ জানান, বিভিন্ন কারখানায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। এত দিন তাঁরা মজুরি পেতেন ২৫০-৩০০ টাকা করে। কিন্তু বর্তমানে উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকের চাহিদা এবং বেতন প্রায় ৩৫-৪০ ভাগ কমে গেছে। ফলে অনেকে বেকার হয়ে অর্থকষ্টে ভুগছেন। পটিয়া বিসিকের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইন্দ্রপুলে ইতিমধ্যে আটটি কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু মালিকানা আর কিছু আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়েছে। এ ছাড়া অন্য কয়েকটি বন্ধ কারখানার কাগজপত্র নেই।জানা গেছে, গত অর্থবছরে ভরাটকৃত চানখালী খালের ইন্দ্রপুল থেকে কেরিঞ্জাঘাট পর্যন্ত পৌনে চার কিলোমিটার পুনর্খনন করা হয় ৬৪ লাখ টাকা ব্যয়ে। কিন্তু খালটি অপরিকল্পিতভাবে খনন করায় তা কোনো কাজে আসেনি। যোগাযোগ করলে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবু বক্কর প্রথম আলোকে বলেন, ‘খালটি যন্ত্র দিয়ে খনন করা হয়েছে। তবে খালের মাঝখান ও পাশের জায়গা থেকে মাটি ওপরে তুলতে না পারায় এটি আবার ভরাট হয়ে গেছে। এটি আবার খনন করলে ঠিক হয়ে যাবে।’