পটিয়ায় ৪৮ বিদ্যালয়ের ১২টিতে কোর্স চলছে জোড়াতালি দিয়ে
প্রয়োজনীয় শিক্ষক, মেরামতের ব্যবস্থা এবং তদারকির অভাবে পটিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষায় পিছিয়ে রয়েছে। ৪৮ বিদ্যালয়ের মধ্যে ১২টিতে কম্পিউটার কোর্স চলছে জোড়াতালি দিয়ে। ২০০৩-০৪ সাল থেকে নবম ও দশম শ্রেণীর অতিরিক্ত বিষয় হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার কোর্স চালু করা হয়।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ৪৮ উচ্চবিদ্যালয়ের মধ্যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় (কম্পিউটার কাউন্সিল), শিক্ষা বোর্ড এবং বেসরকারি পর্যায়ে ১৫ বিদ্যালয়ে একাধিক কম্পিউটার সরবরাহ করা হয়। এর মধ্যে ১০ বিদ্যালয়ের ১৫টি কম্পিউটার নষ্ট এবং দুইটি বিদ্যালয়ে শিক্ষকের অভাবে কম্পিউটার অব্যবহূত অবস্থায় পড়ে আছে। সাতটি বিদ্যালয়ে অভিজ্ঞ কম্পিউটার শিক্ষক থাকলেও পাঁচটি বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা স্বল্পকালীন প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, শাহ আমির উচ্চবিদ্যালয়ে ২০০৮ সালে কম্পিউটার কাউন্সিল বিভাগ থেকে একটি কম্পিউটার দেওয়া হয়। কিন্তু ওই বিদ্যালয়ে কম্পিউটার বিভাগ চালু না হওয়ায় কম্পিউটারটি প্রধান শিক্ষকের কার্যালয়ে পড়ে রয়েছে। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কামাউদ্দিন জানান, পাঁচ বছর আগে এখানে কম্পিউটার বিভাগ চালুর জন্য আবেদন করলেও অনুমোদন পাওয়া যায়নি। ফলে কম্পিউটারটি অকেজো অবস্থায় পড়ে আছে। এয়াকুবদণ্ডি এইচপি উচ্চবিদ্যালয়ে ২০০৩ সালে কম্পিউটার কাউন্সিল থেকে একটি এবং ২০০৬ সালে শিক্ষা বোর্ড থেকে চারটি কম্পিউটার দেওয়া হয়। এ ছাড়া বিদ্যালয় তহবিল থেকে কেনা হয়েছে একটি। এর মধ্যে একটি নষ্ট। ছয় মাস ধরে শিক্ষক না থাকায় কম্পিউটারগুলো ব্যবহার করা যাচ্ছে না। প্রধান শিক্ষক এস এম জাহাঙ্গীর আলম বিষয়টি স্বীকার করে বলেন, ‘শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা দেওয়া যাচ্ছে না।’ রতনপুর উচ্চবিদ্যালয়ে ২০০৪ সালে কম্পিউটার বিভাগ চালু হওয়ার পর কম্পিউটার কাউন্সিল থেকে তিনটি কম্পিউটার দেওয়া হয়। বর্তমানে একটি নষ্ট। শিক্ষক না থাকায় কম্পিউটারগুলো দীর্ঘদিন অকেজো ছিল। জ্যেষ্ঠ শিক্ষক জসীম উদ্দিন জানান, চার মাস আগে এ বিভাগে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।পটিয়া আদর্শ বিদ্যালয়ে শিক্ষা বোর্ড থেকে তিনটি, কম্পিউটার কাউন্সিল থেকে একটি কম্পিউটার দেওয়া হয়েছে। এ ছাড়া স্কুল কর্তৃপক্ষ কিনেছেন একটি। পাঁচটি কম্পিউটারের মধ্যে বর্তমানে দুইটি নষ্ট। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, কেবল নবম ও দশম শ্রেণীতে কম্পিউটার ঐচ্ছিক বিষয় হওয়াতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কম। এ ছাড়া কম্পিউটার কম হওয়ায় ২৫ জন শিক্ষার্থীকে ভাগ করে শুধু নিয়মকানুনগুলো শেখানো হয়।বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অভিলাষ বড়ুয়া বলেন, ‘অল্প কম্পিউটার দিয়ে ৪৫ মিনিটে ২৫ জনকে কম্পিউটার শেখানো সম্ভব হয় না। ফলে আমরা ভালোভাবে কম্পিউটার শেখার সুযোগ পাই না।’ জানা যায়, আব্দুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছয়টির মধ্যে তিনটি, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ে চারটির মধ্যে দুইটি, দৌলতপুর উচ্চবিদ্যালয়ের একটি এবং চরকানাই উচ্চবিদ্যালয়ের দুইটি কম্পিউটারই নষ্ট। তবে চরকানাই উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই কম্পিউটার কিনে কোর্স চালু রেখেছেন। এ ছাড়া, কুসুমপুরা উচ্চবিদ্যালয়ে তিনটির মধ্যে একটি, মরিয়ম আশ্রম উচ্চবিদ্যালয়ে দুইটির মধ্যে একটি, এএস রাহাত আলী উচ্চবিদ্যালয়ে ছয়টির মধ্যে একটি কম্পিউটার নষ্ট। ছনহরা ষোড়শীবালা উচ্চবিদ্যালয়ে কম্পিউটার কোর্স এবং কম্পিউটার থাকলেও কোনো শিক্ষার্থী নেই।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘শিক্ষা বোর্ড এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটারগুলো দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। ফলে কে কখন কোন বিদ্যালয়ে কম্পিউটার দিয়েছে তা-ও আমরা জানি না।’