পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জনবল-সংকট বিরাজ করছে। এখানে একজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিদর্শনসহ আনুষঙ্গিক কাজের জন্য আটটি সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদই শূন্য। ফলে নিয়মিত বিদ্যালয় পরিদর্শনসহ স্বাভাবিক দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি-বেসরকারি ১৮০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৫৭ হাজার। বিদ্যালয় পরিদর্শনসহ নানা কাজের জন্য ১৮০টি বিদ্যালয়কে আটটি গুচ্ছে (ক্লাস্টার) ভাগ করা হয়েছে। একটি গুচ্ছে রয়েছে ২০ থেকে ৩০টি বিদ্যালয়। প্রতি গুচ্ছের আওতাধীন বিদ্যালয়গুলো পরিদর্শনসহ সবকিছু তদারকি করেন একজন সহকারী শিক্ষা কর্মকর্তা। কিন্তু গত দুই বছর ধরে বিভিন্ন সময় উপজেলায় চার থেকে ছয়জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য ছিল। সর্বশেষ জুলাই মাস থেকে তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে কাজ চালানো হচ্ছে।সূত্র জানায়, শিক্ষা কর্মকর্তাকে সারাক্ষণ দাপ্তরিক নানা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাকি তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তার পক্ষে মাসে একটি করে বিদ্যালয় পরিদর্শন করাও সম্ভব হয় না। পটিয়া এ জে ডেস (অন্নদা জ্ঞানদা ডেস) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সংসদের সহসভাপতি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি বিশ্বাস বলেন, ‘আমার জানা মতে গত দেড় বছরে এই বিদ্যালয়ে মাত্র দুবার সহকারী শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে এসেছেন। অথচ এক সময় আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকত, কখন শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে আসেন, কি দোষ খুঁজে পান। শিক্ষকেরাও সঠিক সময়ে এসে পাঠদানে মনোযোগী হতেন।’চরকানাই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাম প্রকাশ না করে প্রথম আলোকে জানান, তাঁর বিদ্যালয়ের শিক্ষকেরা আসেন ইচ্ছেমতো। কিছু দিন আগে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ১০ দিনের ছুটির দরখাস্ত দিয়ে চলে যান। একইভাবে সাত দিনের ছুটির দরখাস্ত দিয়ে চলে যান আরও একজন শিক্ষক। সঠিক তদারকি ব্যবস্থা না থাকায় এ ধরনের অনিয়ম হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ধাউরডেঙ্গা রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, গত বছর দুবার এবং চলতি বছরে মাত্র একবার সহকারী শিক্ষা কর্মকর্তা তাঁদের বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তাঁরা নিয়মিতভাবে বিদ্যালয় পরিদর্শনে এলে শিক্ষকেরা যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতেন। পটিয়া এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ বিকাশ দাশ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাসের হার বাড়লেও শিক্ষার মান বাড়েনি। আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রদের অধিকাংশ ভালোভাবে ইংরেজি লিখতে জানে না। এ ধরনের দুর্বল শিক্ষার্থী নিয়ে আমাদের ভীষণ বেগ পেতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়নের ব্যাপারে সরকারিভাবে তদারকির ব্যবস্থা না থাকায় এমন দুরবস্থা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহের বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে একাধিক সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় আটজনের কাজ তিনজনকে করতে হয়। সরকারি ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের কাজেও সহকারী শিক্ষা কর্মকর্তাদের নিয়োজিত থাকতে হয়। আমাদের ওপর বাড়তি চাপ পড়ছে। তাই সহকারী শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়গুলোতে ঠিকমতো পরিদর্শনে যেতে পারেন না। এ ছাড়া আমাকেও মাসে আটটি বিদ্যালয় পরিদর্শন করতে হয়।’ তিনি আশা করেন পর্যাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে এসব সমস্যা থাকবে না।