পটিয়ায় ৯০ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মোট ভোটকেন্দ্রের শতকরা ৯০ ভাগই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এখানে প্রার্থী রয়েছেন দুজন। আওয়ামী লীগের বর্তমান সাংসদ শামসুল হক চৌধুরীর (নৌকা) সঙ্গে লড়ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী (লাঙ্গল)। ১৯৮৮ সালে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এখান থেকে। এবার দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: এ আসনে মোট ভোটকেন্দ্র ৯৯টি। এর মধ্যে ৮৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কাশিয়াইশ ইউনিয়নের বাকখাইন, ভান্ডারগাঁও, কেলিশহরের পূর্ব রতনপুর ও শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরি কেন্দ্রকে যাতায়াত-সমস্যার কারণে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশ ছাড়াও ৬০ জন বিজিবি, ৩৬ জন র্যাব ও ৩৫০ জন সেনাসদস্য নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসন ব্যাপক প্রস্ততি নিয়েছে।