পড়তে চাইলে বস্ত্র প্রকৌশল

এইচএসসি পাস করা অনেক শিক্ষার্থী এখনো ভর্তিযুদ্ধের ময়দানে। এদিকে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাই শেষের পথে। তাই হন্যে হয়ে খুঁজছেন আর কোথায় বাঁধা যায় নিজের উচ্চশিক্ষার স্বপ্নটাকে। তাঁদের জন্য সুখবর হতে পারে বস্ত্র প্রকৌশলী হওয়ার স্বপ্ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক পরিচালিত হচ্ছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে থাকছে চার বছরমেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স। ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফ্যাব্রিক ম্যানুফেকচারিং, ওয়েট প্রসেসিং ও অ্যাপারেল ম্যানুফেকচারিং বিষয়ে অধ্যয়নের সুযোগ পান শিক্ষার্থীরা। বর্তমানে অধ্যয়নরত নিটারের মোট ৪২০ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছে ৩৮০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী। রাজধানীর অদূরে সাভারের নয়ারহাটে ১৩.০৬ একর জায়গাজুড়ে নিটারের নিজস্ব ক্যাম্পাস। একাডেমিক ও প্রশাসনিক ভবনের পাশাপাশি ক্যাম্পাসের ভিতরেই আছে দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস।
আবেদন ও ভর্তিপ্রক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হয়। গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি মিলে সর্বমোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্বতিতে পরীক্ষা হবে।
নিটার ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় www.niter.edu.bd
ফোন: ৭৭৯১৯৭৫, ০১৭৫৫০৬০২৭৫