‘পড়বাইন, খাইবাইন, দেখবাইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখড়ার ভেতরটা এমন
ছবি: প্রথম আলো

ঢোকার পথেই লেখাটা চোখে পড়বে। বড় করে লেখা আছে ‘পড়বাইন, খাইবাইন, দেখবাইন।’ পাঠক, চা–প্রেমী মানুষ কিংবা স্রেফ দর্শক—সবার জন্যই এই ব্যতিক্রম আয়োজন। নাম আখড়া। জামালপুরের সরিষাবাড়ীতে ১২ ডিসেম্বর এই পাঠাগার ও সংগ্রহশালার যাত্রা শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তা খোকন সরকার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করতে এই ভিন্নধর্মী পাঠাগার গড়ে তুলেছেন। সরিষাবাড়ীর প্রধান সড়কের ঝালোপাড়া এলাকায় এলেই ‘আখড়া’ আপনার চোখে পড়বে।

খোকন সরকারের পাঠাগারে বই পড়তে কোনো টাকা লাগে না। এক কাপ চায়ের দাম দিয়ে, চা পানের সঙ্গে আপনি যতক্ষণ খুশি বই পড়তে পারবেন। সাহিত্য থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ব্যাকরণের বইও আছে এখানে।

পাঠাগারের পাশাপাশি আখড়ার দোতলায় আছে ব্যতিক্রম এক সংগ্রহশালা। গ্রামীণ সমাজের অনেক দৈনন্দিন ব্যবহার্য জিনিস এখন হারিয়ে যাওয়ার পথে। এ সময়ের কিশোর-তরুণদের সেসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে খোকন সরকার গড়ে তুলেছেন একটি সংগ্রহশালা। সংগ্রহশালা ঘুরে দেখতেও কোনো টাকা লাগে না। এখানে আছে বিভিন্ন ধরনের জাল, পলো, মাটির বাসনকোসন, লাঙল, জোয়াল, মই, ঢেঁকি, মাথাল, কোদাল, কাঁচি, কোলা, কুঁড়েঘর, বাটখারা, পল, হারিকেন, হুক্কা, খালোই, টুপা, কুলা, হুচাসহ নানা কিছু। আয়োজনটি চমকপ্রদ বলেই এলাকার তরুণ, শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষের ভিড় বাড়ছে। প্রতিদিন গ্রামের শিক্ষার্থীরা বই পড়তে ও সংগ্রহশালা দেখতে ভিড় করছে।

সরিষাবাড়ী পৌর শহরের আরামনগরের খোকন সরকার ২০০২ সালে এইচএসসি পাশ করেন। পরিবারের অর্থসংকটের কারণে এরপর আর লেখাপড়া এগোয়নি। খোকন বলেন, ‘তখনই মনে মনে ভেবেছিলাম আমার মতো আর কারও যেন টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে না যায়, সে জন্য আমার সাধ্যমতো চেষ্টা করব। যুবসমাজ যেন মাদকের দিকে ঝুঁকে না পড়ে। তাঁদের আমাদের বইয়ের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।’

খোকন সরকার এখন আমেনা বেগম মেমোরিয়াল হসপিটালের সহকারি পরিচালক। ভাড়া বাড়িতে গড়ে তুলেছেন আখড়া। নিজেই চালাচ্ছেন এর খরচাপাতি। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগ্রহ করছেন বই। পাঠাগার ও সংগ্রহশালাটির উদ্বোধন করেন একই হাসপাতালের চিকিৎসক আবদুল হাই। এ ছাড়া সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, চিকিৎসক মইনুল হাসান, প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি আলাদিন আল আসাদ, মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আতিফ আসাদসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সোহেল রানা বলেন, ‘খোকন সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি এই পাঠাগারের আলো নিয়েই শিক্ষার্থীরা ছড়িয়ে পড়বে সারা দেশে।’