পড়ুয়াদের দুই বাতিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘হুয়াং বোই ও বা’ পাঠাগারে পড়ছেন পাঠকেরা।
খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘হুয়াং বোই ও বা’ পাঠাগারে পড়ছেন পাঠকেরা।

টেবিলে ছড়ানো বাংলা পিডিয়ার কয়েকটি খণ্ড। নিবিষ্ট মনে সেগুলো ওল্টাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাথী চাকমা। বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই ছুটিতে বাড়ি এসেছিলেন খাগড়াছড়ির এই তরুণী। চাকমা সম্প্রদায়ের পালা-পার্বণের তথ্য খুঁজতেই ঢুঁ মেরেছিলেন ‘রেগা’ পাঠাগারে। পাঠাগারে এসে বাংলা পিডিয়ায় কাঙ্ক্ষিত তথ্য পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির মিলনপুরে অবস্থিত ‘রেগা’ পাঠাগারে গেলে কথা হয় সাথী চাকমার সঙ্গে। তিনি বললেন, ‘পাঠাগারটি বেশ সমৃদ্ধ। দুর্লভ কিছু রেফারেন্স বইও চোখে পড়ল। গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য আমার মতো অনেক শিক্ষার্থী এই পাঠাগারে আসেন।’ সাথী চাকমার কথার সত্যতা মিলল পাঠাগারের বুকশেলফের বইগুলো দেখে। নানা রচনাবলির পাশাপাশি বিভিন্ন গবেষণাধর্মী বইও শোভা পাচ্ছে পাঠাগারটিতে।
রেগা পাঠাগারের মতো শহরের স্বনির্ভর বাজারে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘হুয়াং বোই ও বা’ পাঠাগার। শহরের সরকারি গণপাঠাগারের পাশাপাশি এই দুটি পাঠাগার এখন পড়ুয়াদের জ্ঞান তৃষ্ণা মেটাচ্ছে। আশির দশকে বেসরকারি উদ্যোগে পাঠগার দুটি প্রতিষ্ঠিত হয়। দুটি পাঠাগারের বইয়ের সংগ্রহ তিন হাজারের বেশি। জাতীয় গ্রন্থকেন্দ্রের অনুদানের পাশাপাশি স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে চলছে পাঠাগার দুটি। ‘হুয়াং বোই ও বা’ সপ্তাহের সাত দিন খোলা থাকলেও পাঠক না এলে বন্ধ থাকে ‘রেগা’ পাঠাগার।
খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় পেরাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে দোতলা ভবনে ঝুলছে ‘হুয়াং বোই ও বা’ পাঠাগারের নামফলক। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই পাঠকক্ষ। বড়সড় পাঠকক্ষে পাঁচটি বুকশেলফের বিভিন্ন তাকে উঁকি দিচ্ছে বই। মাঝখানে বড় একটি টেবিলে চারজন পাঠক বই পড়ায় মগ্ন। গত ১৯ সেপ্টেম্বর পাঠাগারটিতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।
‘হুয়াং বোই ও বা’ পাঠাগারের পরিচালনা কমিটির সহসভাপতি শুভাশীষ চাকমা বলেন, খাগড়াছড়ি কলেজের কয়েকজন ছাত্র ১৯৮৪ সালে এই পাঠাগার প্রতিষ্ঠা করেন। পাঠাগারের নামটি চাকমা ভাষা থেকে নেওয়া হয়েছে। যার অর্থ হলো পার্বত্য গ্রন্থ সুহৃদ সমিতি। পার্বত্য গ্রন্থ সুহৃদ সমিতির একটি পরিচালনা কমিটি আছে। এই পরিচালনা কমিটিই পাঠাগারটি পারিচালনা করছে। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, শিশু-

িলনপুরে গড়ে ওঠা ‘রেগা’ পাঠাগারেও নিয়মিত যাতায়াত পড়ুয়াদের (ইনসেটে)  l নীরব চৌধুরী
িলনপুরে গড়ে ওঠা ‘রেগা’ পাঠাগারেও নিয়মিত যাতায়াত পড়ুয়াদের (ইনসেটে) l নীরব চৌধুরী

সাহিত্য, দর্শন, রাজনীতি ও অর্থনীতিবিষয়ক প্রায় তিন হাজার বই রয়েছে এখানে। বর্তমানে পাঠাগারটি বই পড়ার সুযোগ সৃষ্টির পাশাপাশি সংস্কৃতি চর্চার কেন্দ্রেও পরিণত হয়েছে।
হুয়াং বোই ও বা পাঠাগারের পরিচালনা কমিটির সভাপতি অনুপম চাকমা বলেন, ‘প্রতিবছর নতুন পাঠক সৃষ্টি ও পাঠকদের হাতে পছন্দের বই পৌঁছে দিতে প্রতিবছর ডিসেম্বর মাসে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করা হয়। তখন পাঠাগার প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় দ্বিতল ভবনটি সম্প্রসারণের কাজ চলছে। নির্মাণকাজ শেষ হলে পাঠকদের আরও ভালো সেবা দিতে পারব বলে আশা করি।’
হুয়াং বোই পাঠাগার সাধারণত বিকেলবেলা পাঠকদের জন্য খোলা হয়। পাঠাগারে নিয়মিত বই পড়তে আসেন খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্সের ছাত্র সুজয় চাকমা। তিনি বলেন, ‘বিভিন্ন পত্রিকা ও বই পড়তেই প্রতিদিন বিকেলে এ পাঠাগারে আসি। এখানে সাহিত্য-বিজ্ঞান ইতিহাসবিষয়ক অনেক বই রয়েছে।’
শহরের মিলনপুর এলাকায় রেগা পাঠাগারের দোতলা ভবন অবস্থিত। পাঠাগারের প্রতিষ্ঠাতা এলাকার কৃতী সন্তান প্রতীক দেওয়ান। ১৯৮৭ সালে পাঠাগারটি প্রতিষ্ঠার সময় তিনি ঢাকার নটর ডেম কলেজে পড়তেন। বর্তমানে পাঠাগারটিতে ৪ হাজার ২৮০টি বই আছে।
রেগা পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি রতন চাকমা জানান, বই পড়ার সুযোগের পাশাপাশি পাঠাগারের পক্ষ থেকে গান শেখানো হয় এবং বিজু উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেগা পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নিরোদ বরণ চাকমা বলেন, ‘বিভিন্ন বিষয়ে নামকরা লেখকের দুর্লভ ও পুেরানো বই এই পাঠাগারে পাওয়া যায়। পাঠকেরা যাতে পাঠাগারে বসে পড়তে পারেন এবং বাড়িতেও বই নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা রেখেছি।’