পড়ে আছে লাখ টাকার পিয়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া পিয়ানোটি ব্যবহার হয় না l প্রথম আলো
লোহাগাড়ার নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া পিয়ানোটি ব্যবহার হয় না l প্রথম আলো

শিশুদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ানো ও সংস্কৃতিচর্চার বিকাশে আটটি পিয়ানো দেওয়া হয় লোহাগাড়া উপজেলার আট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীদের পিয়ানো বাজানো শেখানোর জন্য প্রতিটি বিদ্যালয় থেকে দুজন শিক্ষককে প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু পিয়ানোগুলো এখন আর ব্যবহার হচ্ছে না। পড়ে আছে অযত্নে। এসব পিয়ানো দেওয়া হয় দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে। প্রতিটি পিয়ানোর বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও শিক্ষকদের অনাগ্রহের কারণেই পিয়ানোগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। এ ছাড়া তিনটি বিদ্যালয়ে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হলেও শ্রেণিকক্ষে তা ব্যবহার করা হয় না। যদিও সাপ্তাহিক সূচিতে শিক্ষার্থীর এক দিন এক ঘণ্টা সংস্কৃতিচর্চার জন্য বরাদ্দ রয়েছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের জুলাই মাসে উপজেলার নজুমুন্নিছা, মধ্য কলাউজান, উত্তর পদুয়া, আমিরাবাদ, চুনতি, সুখছড়ি, পদুয়া ও বড় হাতিয়া সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ানোগুলো দেওয়া হয়। এর মধ্যে নজুমুন্নিছা, উত্তর পদুয়া ও বড় হাতিয়া সেনের হাট প্রাথমিক বিদ্যালয়ে পিয়ানোর সঙ্গে দেওয়া হয় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর।
উপজেলা সদরের নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পিয়ানোটি ঢেকে রাখা হয়েছে ময়লা কাপড় দিয়ে। পিয়ানোর ওপর রাখা হয়েছে ক্যালেন্ডারসহ নানা কাগজপত্র। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ জামাল জানান, তাঁর বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও পিয়ানো রয়েছে। তবে কক্ষসংকটের কারণে পিয়ানোর ব্যবহার হচ্ছে না। ল্যাপটপ উপজেলা শিক্ষা কার্যালয়ে আছে চার-পাঁচ মাস ধরে। ফলে প্রজেক্টরটিও চালানো সম্ভব হচ্ছে না।
মধ্য কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেিণর শিক্ষার্থী মামনি দাশ বলে, ‘আমরা কখনো পিয়ানো দেখিনি। পিয়ানোতে আমরা গান শিখতে চাই।’ পিয়ানো বাজানোর ওপর প্রশিক্ষণ নেওয়া ওই বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্রিয়া বড়ুয়া বলেন, ‘মাত্র দুই দিনের প্রশিক্ষণে আমরা নিজেরাই পিয়ানো বাজানো রপ্ত করতে পারিনি। শিক্ষার্থীদের কীভাবে শেখাব।’
এদিকে উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ–সংযোগ না থাকায় পিয়ানোসহ ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের কোনো রকম ব্যবহার হচ্ছে না। এ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আলম বলেন, বিদ্যুৎ–সংযোগ পাওয়ার জন্য ইতিমধ্যে আবেদন করেছি। তা না পেলে লাখ টাকা মূল্যের এসব যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। তা ছাড়া শিশুদের মানসিক বিকাশের জন্য সংস্কৃতিচর্চার প্রয়োজন রয়েছে।
এ ছাড়া আমিরাবাদ, চুনতি, পদুয়া ও বড় হাতিয়া সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পিয়ানোর ব্যবহার হচ্ছে না। চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা আক্তার জানান, সংস্কৃতিচর্চার জন্য বিদ্যালয়ে আলাদা কোনো কক্ষ নেই। তা ছাড়া শিক্ষকসংকট তো আছেই।
তবে এসব বিদ্যালয়ের মধ্যে ব্যতিক্রম সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছু ছাত্র পিয়ানো বাজানো শিখছে এখানে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে জারি গানে চট্টগ্রাম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বলে জানান প্রধান শিক্ষক দিলরুবা বেগম।
পিয়ানো ব্যবহার না করা প্রসঙ্গে লোহাগাড়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নছর মো. হাছান বলেন, ‘সপ্তাহে প্রতিটি বিদ্যালয়ে এক দিন সংস্কৃতিচর্চা বাধ্যতামূলক। তা ছাড়া আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। এ ব্যাপারে তদন্ত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান বলেন, বিদ্যালয়ে যেন সংস্কৃতিচর্চা বাড়ানো হয় এ জন্য পিয়ানোর ওপর পুনরায় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, পিয়ানোসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য। যেসব বিদ্যালয়ে এসব পিয়ানো অযেত্ন পড়ে আছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।