বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পণ্ডিত রবিশঙ্করের অবদান চিরকাল মনে রাখবে এ দেশের মানুষ। ১৯৭১ সালে নিউইয়র্কে জর্জ হ্যারিসনের সঙ্গে যৌথভাবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন ও তহবিল সংগ্রহের কাজ করেছিলেন তিনি। তাঁর সক্রিয় প্রচারণা এ দেশের মুক্তিসংগ্রামকে বেগবান করেছিল।গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত রবিশঙ্কর স্মরণানুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে আলোচক ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তাফা, উচ্চাঙ্গসংগীতশিল্পী অধ্যাপক হাসিনা জাকারিয়া।ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, ‘শিল্পসাধনার বীজমন্ত্র পরিবার থেকেই পেয়েছিলেন রবিশঙ্কর। প্রথম জীবনে ধ্রুপদি নাচেও দীক্ষা নিয়েছিলেন তিনি। তাঁর বাবাও সংগীতসাধনায় গোটা জীবন কাটিয়েছিলেন।’অধ্যাপক গোলাম মোস্তাফা বলেন, ‘ভারতীয় ধ্রুপদি সংগীতের স্বতন্ত্র ধারা তৈরি করেছেন তিনি। পাশাপাশি তিনি ভারতীয় ধ্রুপদি সংগীতের সঙ্গে পাশ্চাত্য সংগীতের সার্থক মেলবন্ধন ঘটিয়েছিলেন। কেবল তা-ই নয়, ওস্তাদ আলাউদ্দীন খাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিতও করেছিলেন।’হাসিনা জাকারিয়া বলেন, ‘পণ্ডিত রবিশঙ্কর নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। সেতারের সুরে বৈশ্বিক আবেদন তৈরি করতে পেরেছিলেন তিনি।’আলোচনার পর সেতার বাজিয়ে শোনান ফিরোজ খান ও সত্যজিৎ চক্রবর্তী। তবলা বাজান সবুজ আহমেদ। সব শেষে ছিল পণ্ডিত রবিশঙ্করের স্মৃতিকথা ‘রাগ অনুরাগ’ থেকে পাঠ।উল্লেখ্য, পণ্ডিত রবিশঙ্কর গত ১১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান।