পণ্য উৎপাদন ও বিপণনে আদিবাসী নারীরা অবদান রাখছে
শংকরি চাকমা (৩৮) রাঙামাটি শহরের ব্যস্ততম কাঁচাবাজার বনরূপায় সারা দিন তরকারি বিক্রি করেন। তাঁর বাড়তি আয় সংসারে অভাব কিছুটা দূর হয়েছে। দুই মেয়ে এক ছেলেকে পড়াশোনা করাতে পারছেন। শংকরি চাকমার মতো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী অনেক নারী নানা কাজ করে সংসারে অবদান রাখছেন।জানা গেছে, স্বল্প আয়ের শতভাগ আদিবাসী চাষি পরিবারের নারীরা খেত খামারে পণ্য উৎপাদনে যেমন কাজ করে থাকেন তেমনি সেই পণ্য বাজারে এনে বিক্রির কাজটাও তাঁরা করে থাকেন। অনেক আদিবাসী নারী বাজারে তরিতরকারির ব্যবসাও করেন।বাজারে কাঁচা তরকারি ব্যবসায়ী পূণ্যবি চাকমা (৫৫) বলেন, ‘আমি প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। আগে এ ব্যবসায় নারীদের দেখা যেত না। অনেকে লজ্জাও পেত। নারীরা শুধু খেত খামারে কাজ করত। এখন অবস্থা অনেক বদলেছে। শুধু বনরূপা বাজারে শতাধিক আদিবাসী নারী স্থায়ীভাবে কাঁচা তরকারি ব্যবসার সঙ্গে জড়িত।’ তবে বাজার এখনো নারীবান্ধব নয় বলে তিনি জানান। নারীবান্ধব পরিবেশ পেলে না নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি এগিয়ে আসতেন বলে তাঁর ধারণা। শুধু কাঁচা তরকারি ব্যবসায় নয়, আদিবাসী নারীরা আদিবাসী বস্ত্রশিল্পের উৎপাদন ও বিপণনের সঙ্গেও জড়িত। এ শিল্পে শতকরা ৯৫ ভাগের বেশি অবদান আদিবাসী নারীদের। এতে নারীর ক্ষমতায়ন ও পরিবারে আর্থিক ভিত্তি মজবুত হচ্ছে বলে মনে করেন বিশিষ্ট আদিবাসী নারীরা। নারী উদ্যোক্তা ও আদিবাসী বস্ত্র প্রতিষ্ঠান বেইন টেক্সটাইলের স্বত্বাধিকারী মঞ্জুলিকা চাকমা বলেন, আদিবাসী নারীরা বস্ত্র ও কৃষি পণ্য উৎপাদন ও বিপণনসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের সামর্থ্যের শতভাগ নিয়োজিত করছে এটা খুবই ভালো। ব্যাংক ঋণ প্রাপ্তিসহ সামগ্রিক পরিবেশের উন্নতি হলে নারীদের এগিয়ে যাওয়ার আরও সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের জেন্ডার ক্লাস্টার প্রধান ঝুমা দেওয়ান বলেন, এক সময় আদিবাসী নারীরা শুধুমাত্র উৎপাদনের সঙ্গে জড়িত থাকতেন। ফলে অর্থনৈতিক ক্ষমতা নারীদের হাতে ছিল না। এখন উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গেও নারীরা সম্পৃক্ত হওয়ায় যুগ পাল্টে যাচ্ছে। তাঁদের ক্ষমতায়ন হচ্ছে। বাজার ব্যবস্থাসহ চলাফেরায় নারীবান্ধব পরিবেশ সৃষ্টি হলে আদিবাসী নারীরা অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারেবে বলে তিনি মন্তব্য করেন।