পণ্য কিনলেই লাকি কুপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরে তীব্র যানজট ও যানবাহনসংকট। তার ওপর সড়ক ক্ষতবিক্ষত। দুর্ভোগ এড়াতে ঈদের কেনাকাটার জন্য অনেকেই এখন বেছে নিচ্ছেন মফস্বলের বিপণিকেন্দ্রগুলো। তাই এবার রাউজানের বিপণিকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। জমে উঠেছে কেনাকাটা। প্রায় সব বিপণিকেন্দ্রে পণ্য কিনলে মিলছে লাকি কুপন। উপজেলার দুই প্রান্তের দুটি বড় বাজার ফকিরহাট ও নোয়াপাড়া পথের হাটের ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। এখানকার বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা ক্রেতা আকর্ষণ করতে লাকি কুপন (লটারি) ছেড়েছে। ২০০ টাকার পণ্য কিনলে দেওয়া হচ্ছে কুপন। ব্যবসায়ী সমিতির মাধ্যমে কুপনের ব্যবস্থা রয়েছে ভারতেশ্বরী প্লাজা, আমীর মার্কেট, খায়েজ মার্কেট, উপজেলা সদরের ফকিরহাট বাজারে। আবার নোয়াপাড়া পথের হাটের বিপণিকেন্দ্রগুলোর কেনাকাটার দৃশ্য সরাসরি সম্প্রচার করছে স্থানীয় ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান পরিচালিত একটি চ্যানেলে। ভারতেশ্বরী প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, এবার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্য বছরের তুলনায় অনেক ভালো। পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রেখেছে। এ কারণে ক্রেতারা স্বচ্ছন্দে ঘুরে কেনাকাটা করতে পারছেন। ভারতেশ্বরী প্লাজায় কেনাকাটা করতে আসা গৃহবধূ কোহিনূর আকতার বলেন, ‘গত কয়েক বছর শহরের মার্কেট থেকে কেনাকাটা করেছি। এবার আর শহরে যাচ্ছি না। শহরে গেলে নানা ভোগান্তি পোহাতে হয়। আর তা ছাড়া এখানেই পছন্দের সব কাপড় পাওয়া যাচ্ছে। তবে দাম একটু বেশি।’ বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় ছবির গানের নামে এসেছে নানা পোশাক। শিলা কি জওয়ানি, দাবাং, মোগলে আজম, ডিংকাচিকা, মাসাককালি প্রভৃতি। তরুণীদের আগ্রহ শিলা কি জওয়ানি ও ডিংকাচিকার সালোয়ার-কামিজে। এ ছাড়া এসেছে মনকাড়া ডিজাইনের শাড়ি। দোকানিদের অভিযোগ, লোডশেডিং বেশি ভোগাচ্ছে। কেনাকাটার সময় বিদ্যুৎ চলে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। ক্রেতারাও গরমে বেশিক্ষণ আর বসতে চান না। নিজস্ব জেনারেটর থাকলেও সেটা দিয়ে সব ফ্যান চালানো যায় না।