পণ্য পরিবহনে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ ও সাতকানিয়ার শঙ্খ নদীর দোহাজারী, চাগাচর, লালুটিয়া, পূর্ব ও পশ্চিম কাঠগড় এবং দ্বীপ চরতীর বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগেছে। এতে নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে চন্দনাইশ ও সাতকানিয়ার চার শতাধিক মাঝি ও জেলের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়। পলি জমে নদী ভরাট হলেও আজ পর্যন্ত নদী সংস্কার কিংবা খনন করা হয়নি। বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি দ্রুত সরে যেতে না পেরে ভয়াবহ বন্যা দেখা দেয়। গত বছর এ সময়ে পায়ে হেঁটে নদী পেরোনো গেলেও বর্তমানে নদীর বুকে জেগে ওঠা বালুচর পায়ে হেঁটেও পেরোনো যায় না। বিশেষ করে দোহাজারী বারুদখানা এলাকার শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে প্রায় তিন ফুট এলাকা দিয়ে সামান্য পানি চলাচলের পথ থাকলেও বিস্তীর্ণ এলাকায় চর জেগেছে। এতে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার উত্পাদিত তরিতরকারি এবং অন্যান্য মালামাল পরিবহনে নৌপথের পরিবর্তে সড়কপথ ব্যবহার করতে হচ্ছে। খরচ বেশি দিতে হচ্ছে তিন-চার গুণ। চন্দনাইশের কালাবাঁশী জলদাস ও সৌরভ জলদাস জানান, নদীর পানি কমে যাওয়ায় বর্তমানে মাছ ধরা যাচ্ছে না। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। মাঝি আনু মিয়া জানান, পানি কমে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ থাকার কারণে ঘরে বসে রয়েছেন। ফলে পরিবার নিয়ে তিনি কষ্টে আছেন।