টোল আদায়সংক্রান্ত জটিলতায় সন্দ্বীপ-কুমিরা নৌপথে জাহাজ বন্ধ রয়েছে দুই বছর ধরে। অন্যদিকে, সন্দ্বীপ-চট্টগ্রাম (সদরঘাট) রুটে চলাচলকারী চারটি জাহাজের মধ্যে সচল আছে একটি। তা-ও জোড়াতালি দিয়ে চলছে। তাই অধিকাংশ যাত্রী ঝুঁকি নিয়ে পণ্যবাহী ছোট নৌকা দিয়ে পারাপার হচ্ছে।জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) ১৯৭৫ সালে কুমিরা-গুপ্তছড়া রুটে ছোট জাহাজে করে যাত্রী পরিবহন শুরু করে। তখন সন্দ্বীপের গুপ্তছড়া থেকে মাইটভাঙ্গা হয়ে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বিআইডব্লিউটিসির এলটিসি মনপুরা ও এলটিসি হাতিয়া জাহাজ প্রতিদিন যাতায়াত শুরু করে। পরবর্তী সময়ে এলটিসি রাঙ্গাবালী, এলটিসি কুতুবদিয়া, এলটিসি মহেশখালী ও এলটিসি কাজল নামের চারটি জাহাজ পালাক্রমে যাত্রী পারাপার করে আসছে। কিন্তু টোল আদায় নিয়ে জেলা পরিষদ ও তৎকালীন ঘাট ইজারাদার হাইকোর্টে রিট করলে ২০০৯ সালের ডিসেম্বর মাস থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এখন সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষায় সন্দ্বীপ-চট্টগ্রাম (সদর ঘাট) রুটের একমাত্র ভরসা এমভি মনিরুল হক। অথচ এই রুটে চলাচল করত আরও তিনটি জাহাজ—এমভি বার আউলিয়া, এমভি আবদুল মতিন ও এমভি আলাউদ্দিন। এই জাহাজ তিনটি দীর্ঘদিন ধরে বিকল। সরেজমিনে গিয়ে দেখা যায়, গুপ্তছড়া-কুমিরা রুটে ফিটনেসবিহীন পণ্যবাহী ছোট ছোট নৌকায় যাত্রীরা পারাপার হচ্ছে। নৌকার ভাড়া যাত্রীপ্রতি ৮০ থেকে ১২০ টাকা। গুপ্তছড়া ঘাটে নৌকায় অপেক্ষমাণ যাত্রী মাইটভাঙ্গার বাসিন্দা সানা উল্লাহ বলেন, ‘জরুরি প্রয়োজনে চট্টগ্রামে না গিয়ে পারছি না। তাই ঝুঁকি জেনেও নৌকায় করে যাচ্ছি। মগধরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘বিশেষ প্রয়োজনে পরিবার-পরিজন নিয়ে মালের নৌকায় করে যেতে হচ্ছে। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের এই ভোগান্তি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফিটনেসবিহীন এসব নৌকায় যাতায়াতে দুর্ঘটনা ঘটে প্রাণহানি হলে এর দায়ভার নেবে কে—বিআইডব্লিউটিসি, নাকি জেলা পরিষদ?’সন্দ্বীপ-কুমিরা রুটে চলাচলকারী পণ্যবাহী নৌকাগুলোর ফিটনেস সার্টিফিকেট ও যাত্রী পারাপারের বৈধতা প্রসঙ্গে নৌ-বাণিজ্য অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. আলী আক্কাস জানান, নাম ও সিএল নম্বরবিহীন নৌকাগুলোর ফিটনেস সার্টিফিকেট থাকার ব্যাপারে নিশ্চিত নন। এ ধরনের মালের নৌকায় যাত্রী পারাপারের কোনো অনুমতি তাঁর দপ্তর থেকে দেওয়া হয় না।সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসাইন বলেন, ৩৫ বছর ধরে সন্দ্বীপ-কুমিরা রুটে বিআইডব্লিউটিসির সার্ভিস ছিল। কিন্তু বর্তমানে জেলা পরিষদের অসহযোগিতার কারণে সন্দ্বীপ-কুমিরা রুটের বিআইডব্লিউটিসির সার্ভিস দীর্ঘদিন ধরে বন্ধ আছে। জেলা পরিষদের সহায়তা পেলে এই সার্ভিস আবার চালু হতে পারে। তিনি বলেন, গুপ্তছড়া-কুমিরা রুটের জন্য বিআইডব্লিটিসির দুটি সি ট্রাক—এসটি ভাষা শহীদ বরকত ও এসটি শহীদ শেখ ফজলুল হক মনি সদরঘাটে পড়ে আছে। সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘দুটিই সরকারি প্রতিষ্ঠান। তাদের টানাটানিতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। অবিলম্বে স্টিমার সার্ভিস চালু করা হোক।’ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান বলেন, জেলা পরিষদকে টোল দেওয়া সাপেক্ষে জাহাজ চলাচলে কোনো বাধা নেই। মালবাহী নৌকায় যাত্রী পারাপার প্রসঙ্গে বলেন, অবৈধ কাঠের নৌকায় যাত্রী পারাপার বিষয়ে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তিনি দেখবেন বলে জানান। বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল আলম আকন্দ বলেন, ‘এ ব্যাপারে জেলা পরিষদ হাইকোর্টে রিট করেছে। এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল সম্ভব নয়।’