পণ্যে ভেজাল মিশছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল মেশানোর প্রবণতা কিছুতেই কমছে না। একশ্রেণীর ব্যবসায়ী তেল, মসলা, সেমাই, নুডলস, ঘি, ইফতারসামগ্রী থেকে শুরু করে প্রায় খাবারে ভেজাল মেশাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত ভেজাল পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানে নামলেও ভোক্তারা মনে করেন, এ অভিযান পর্যাপ্ত নয়।জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের ভেজালবিরোধী পৃথক অভিযানে গত সাত মাসে (জানুয়ারি-জুলাই) প্রায় এক হাজার ৭০০ মামলা এবং এক কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, সাড়ে সাত মাসে চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে এক হাজার ২০০ মামলা দায়ের করেছে। এ সময় ৭০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিজনুর রহমান বলেন, ‘মাসে ২০টি ভেজালবিরোধী অভিযান চালাচ্ছি।’ খাদ্যপণ্যে ভেজালের প্রবণতা রোধ করতে হলে নিয়মিত অভিযান পরিচালনা করা দরকার বলে তিনি মত দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম আজাদ খাদ্যপণ্যে ভেজাল মেশানো প্রসঙ্গে বলেন, ‘জনস্বাস্থ্য প্রতিনিয়ত হুমকির মুখে। খাদ্যে ভেজাল সৃষ্টিকারীদের লাগাম টেনে ধরতে হবে। এ জন্য রমজানকেই বেছে নিয়েছি আমরা।’বিএসটিআই সূত্র জানায়, সাত মাসে (জানুয়ারি-জুলাই) বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৮১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় জরিমানা আদায় করা হয় ৩০ লাখ ১৮ হাজার ৯০০ টাকা। ১৪ ও ১৫ আগস্ট নগরের চাক্তাই-খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ ঘুরে খাদ্যপণ্যে ভেজাল মেশানোর সত্যতা পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, বিএসটিআইর ভুয়া লোগো ব্যবহার করে কোমল পানীয়, পাউডার, নুডলস, সেমাই তৈরি ও বাজারজাত করা হচ্ছে। বিএসটিআইয়ের লাইসেন্স (অনুমতিপত্র) ছাড়াই নামীদামি ব্র্যান্ডের নামের মোড়ক ব্যবহার করেও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বাজারজাত করছেন একশ্রেণীর ব্যবসায়ী। এ রকম একটি প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে কোরবানীগঞ্জে। দেখা যায়, পরিশোধন ছাড়াই ড্রামভর্তি খোলা সয়াবিন তেল থেকে প্লাস্টিকের বোতলে ভরছেন কয়েকজন শ্রমিক। বিভিন্ন আকারের প্লাস্টিক বোতলে লাগানো হচ্ছে ‘কেয়া সয়াবিন’ লেভেল। নামফলকহীন ওই প্রতিষ্ঠানে আধঘণ্টা অবস্থান করে দেখা যায়, ছোট একটি কক্ষের একপাশে পাশাপাশি রাখা হয়েছে দুটি ছোট আকারের প্লাস্টিক ড্রাম। কক্ষের বাইরে রয়েছে খোলা সয়াবিন তেলের আরও দুটি বড় ড্রাম। একটি ড্রাম থেকে প্লাস্টিক নলের মাধ্যমে তেল ফেলা হচ্ছে ভেতরের ছোট ড্রাম দুটিতে। ড্রামের মুখে সাদা কাপড় জড়ানো। প্রশ্ন করলে জেবি ফুডস লিমিটেডের কর্মচারী পরিচয় দানকারী ফখরুল বলেন, সাদা কাপড় দিয়ে ছেঁকে এসব সয়াবিন তেল পরিশোধন করা হচ্ছে।’ এ সময় তিনি কক্ষের দরজায় সাঁটানো বিএসটিআইয়ের কিছু সনদ এ প্রতিবেদককে দেখান। বিএসটিআইএর পরিচালক খাদেমুল ইসলাম জানান, ‘জেবি ফুডস সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানকে ২০১১ পর্যন্ত বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।’ তবে ৫৬ খাতুনগঞ্জ ঠিকানায় ওই প্রতিষ্ঠানটি খোলা সয়াবিন তেল যে পদ্ধতিতে বিশুদ্ধ করে বোতলজাত করছে তা বিধিসম্মত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তা তদন্ত করে ব্যবস্থা নেব।’এদিকে, চাক্তাইয়ের ফুলতলীতে দেখা যায়—একটি বেড়ার ঘরে চার-পাঁচ নারীশ্রমিক জিরার সঙ্গে সুগন্ধিযুক্ত কৃত্রিম রং মেশাচ্ছেন। সেখানে উপস্থিত মঞ্জুরুল ইসলাম নিজেকে মসলা ব্যবসায়ী দাবি করে বলেন, ‘জিরার মধ্যে যাতে পোকা-মাকড় আক্রমণ না করে এজন্যই কৃত্রিম রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ছবি তুলতে গেলে শ্রমিকেরা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। জানা যায়, মরিচ-মসলায় ক্ষেত্রভেদে বিশেষ করে কয়লা ও ইটের গুঁড়া এবং পচা মরিচ মেশানো হয়। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. ইয়াছিন চৌধুরী এ ধরনের ভেজাল মেশানোর কথা স্বীকার করে বলেন, ‘১২ আগস্ট কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ নেওয়াজ খালেদের নেতৃত্বে অভিযানে বিপুল পরিমাণ ইটের গুঁড়া মেশানো পচা মরিচ উদ্ধার করা হয়েছে।বাকলিয়া থানা পুলিশ জানায়, চাক্তাই ও খাতুনগঞ্জের মরিচ-মসলা বিক্রির কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ মণ ভেজাল মরিচ-মসলা জব্দ করা হয়েছে। এসব মরিচ-মসলায় কয়লা ও ইটের গুঁড়া মেশানো হয়েছিল। এ ব্যাপারে আনোয়ার ও মোহাম্মদ সোলায়মানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চরচাক্তাই বকসু সওদাগরের পুকুরপাড়ে (আমিনুর রহমান সড়ক) একটি ঘর দেখিয়ে পাশের বস্তা সেলাইয়ের প্রতিষ্ঠানের কর্মচারী শাহজাহান বলেন, ‘ওই ঘরে রাতে মরিচ মসলায় ভেজাল মেশানো হয়।’১৫ আগস্ট কোরবানীগঞ্জে দেখা যায়, মরিচ-মসলা বিক্রির একটি প্রতিষ্ঠানে (সাইনবোর্ড নেই) অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে মরিচের গুঁড়ো স্তূপ করে রাখা হচ্ছে। ভেজাল মেশানোর একইরকম প্রতিযোগিতা চলছে বিভিন্ন লাচ্ছা ও বাংলা সেমাই তৈরির কারখানাগুলোতেও। লাচ্ছা সেমাইয়ে পোড়া তেল ব্যবহারের অভিযোগ ১২ আগস্ট ফুলকলিকে ৩০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।রাজাখালী এলাকার আল কামাল ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই তৈরির কারখানায় দেখা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে স্তূপ করে রাখা হয়েছে সেমাই তৈরির প্রধান উপকরণ ময়দা। শ্রমিকেরা খালি পায়ে কারখানার কাজ করছেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘কয়েকদিন আগে একজন ম্যাজিস্ট্রেট এসে আমাদের কারখানার পরিবেশ দেখে গেছেন। কোনো জরিমানা হয়নি।’ এদিকে, মুখরোচক ইফতারিসামগ্রীতেও মেশানো হচ্ছে কৃত্রিম রং, ঘনচিনি ও রাসায়নিক দ্রব্য। রাজাখালী এলাকার জসিম হোটেল, বহদ্দারহাট এলাকার ইমতিয়াজ রেস্টুরেন্ট ও চকবাজার এলাকার ফয়েজ হোটেলে গিয়ে দেখা যায়, ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করতে ইফতারসামগ্রীতে কৃত্রিম রং মেশানো হচ্ছে। জসিম হোটেলের স্বত্বাধিকারী জসিমউদ্দিনকে কৃত্রিম রং ক্ষতিকর জেনেও মেশাচ্ছেন কেন? প্রশ্ন করলে তিনি বলেন, ‘সবাই তো মেশায়।’ খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ খাদ্যপণ্যে ভেজাল মেশানো হচ্ছে এ কথা স্বীকার করে বলেন, ‘চাক্তাই খাতুনগঞ্জের অসাধু ব্যবসায়ীরা চনা, ডাল, সেমাই, সয়াবিন, লাচ্ছা, ঘি থেকে শুরু করে খাদ্যপণ্যে ভেজাল মেশাচ্ছেন। তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল দেওয়ার অর্থ একজন মানুষকে ধীরে ধীরে হত্যা করা।’ বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করে অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার বলে মন্তব্য করেন তিনি। বিশেষজ্ঞ চিকিত্ষক প্রণব কুমার চৌধুরী খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো প্রসঙ্গে বলেন, ভেজালমিশ্রিত খাবার খেলে, লিভার, কিডনিতে মারাত্মক রোগ হতে পারে। এ ছাড়া পাকস্থলিতে সমস্যাসহ জন্ডিস, কলেরা ও ডায়রিয়া হতে পারে।