পণ্যের পসরায় আনন্দধারা
ভাষার মাসে শুরু, স্বাধীনতার মাসে শেষ হওয়ার কথা। তারই রেশ যেন প্রাঙ্গণজুড়ে। পলোগ্রাউন্ড মাঠের প্রবেশমুখে একদিকে শহীদদের স্মৃতি—বাংলা বর্ণমালার হাসি, অন্যদিকে বিশাল ক্যানভাসে ‘বিশ্বকাপের গান’। অবশ্য টাইগারদের বিশ্বকাপ শেষ হয়েছে গভীর বেদনায়, তাই তো এখন ক্যানভাসে নেই আগের সেই রোশনাই। তবে একটু সামনে এগোলে চোখ ধাঁধিয়ে দেয় আলোর ঝরনাধারা, আরেকটু গেলে পণ্যের পসরা—বাণিজ্যবেসাতির অনুপম প্রদর্শনী।চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) ১৯তম আসর বসেছে এবার। ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের পর ধীরে ধীরে জমে ওঠে মেলা, এখন অবশ্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের ঢল নামে। অন্য দিনেও দর্শকসমাগম খুব একটা কম হয় না। কিন্তু মেলার আগের সেই জৌলুশ আছে কি না, তা নিয়ে ধন্দে আছেন দর্শক। আন্তর্জাতিক বাণিজ্য মেলা কতটা আন্তর্জাতিক হতে পেরেছে, তা নিয়েও সংশয় আছে। আর বিশ্বকাপ ঘিরে বিদেশি পর্যটকদের কাছে চট্টগ্রামকে তুলে ধরার যে আয়োজনের কথা বলেছে কর্তৃপক্ষ, তার ছোঁয়াও তেমন নেই বলে দর্শকদের মন্তব্য। চেম্বার সূত্র জানায়, মেলায় অষ্টমবারের মতো সহযোগী দেশ (কান্ট্রি পার্টনার) থাইল্যান্ড। এ ছাড়া নিজেদের পণ্য নিয়ে এসেছে পাকিস্তান, ইরান, আরব আমিরাত ও কোরিয়া। আটটি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, চারটি মিনি মেগা প্যাভিলিয়ন, আটটি প্রিমিয়ার প্যাভিলিয়ন এবং ১৬টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭১টি মেগা বুথ, ৭৮টি প্রিমিয়ার বুথ, ১৪টি পপুলার বুথ ও চারটি রেস্তোরাঁসহ ৩৬টি প্যাভিলিয়ন ও ২৬৩টি স্টল রয়েছে মেলায়। অংশ নিচ্ছে তিন শতাধিক প্রতিষ্ঠান।ঢাকা ব্যাংকের জ্যেষ্ঠ সহসভাপতি (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) ও ব্যবস্থাপক নুর উল আরশাদ চৌধুরী বললেন, ‘চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যায়ের মেলা আয়োজন নিঃসন্দেহে বড় কর্মযজ্ঞ। কিন্তু এবারের মেলা আন্তর্জাতিক পর্যায়ের হতে পেরেছে কি না—তা নিয়ে প্রশ্ন তোলা যায়। কারণ আন্তর্জাতিক মেলায় যে এক্সচেঞ্জ, বিজনেস ও কমিউনিকেশন হয় তা এখানে অনেকটা অনুপস্থিত। দেশি শিল্প বিকাশে এ মেলা যথাযথ ভূমিকা রাখতে পারছে বলে মনে হয় না। সে ক্ষেত্রে দেশি মেলার আয়োজন করে দেশি পণ্যের বিকাশে ভূমিকা রাখা যায়।’সরেজমিন ঘুরে পাকিস্তান, ইরানের প্যাভিলিয়নে জমজমাট আবহ দেখা গেলেও আরব আমিরাত ও কোরিয়ার বড় কোনো আয়োজন চোখে পড়েনি। তবে থাই প্যাভিলিয়ন দর্শকদের, বিশেষ করে তরুণীদের, বেশ টানছে। কিন্তু চট্টগ্রামের মেলায় চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ কম—দ্রুত বিকাশমান এস আলম, আরামিট, ওয়েল গ্রুপ, পিএইচপির মতো প্রতিষ্ঠানগুলো কেন নেই তার কোনো উত্তর পাওয়া গেল না।চট্টগ্রামেরই শিল্পপ্রতিষ্ঠান এন মোহাম্মদ প্লাস্টিকের বিপণন কর্মকর্তা ও প্যাভিলিয়নের তত্ত্বাবধায়ক মো. আকতার হোসেন খান অবশ্য বললেন ভিন্ন কথা—‘মেলায় আসা প্রচার আর বিক্রির উদ্দেশ্যে, দুটিই পূরণ হচ্ছে। আমরা ভালো সাড়া পাচ্ছি। পাশাপাশি আমাদের পণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটা সুযোগও পাওয়া যাচ্ছে। আমি মনে করি, চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত, তাদের অংশগ্রহণ মেলাকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলবে।’চিটাগাং চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের কারণে এবারের মেলাকে আমরা বেশি গুরুত্ব দিই, চট্টগ্রামের পণ্য দিয়ে চট্টগ্রামকে বিদেশিদের কাছে পরিচিত করাই এর উদ্দেশ্য। তাই ৮০ শতাংশ স্টল সাজানো হয়েছে দেশি পণ্য দিয়ে। মেলার আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব হয়েছে বলে আমি মনে করি।’সংগীতশিল্পী চৈতী মুৎসুদ্দী বেশ মজা করে ঘুরছিলেন মেলায়। চ্যানেল আই সেরা কণ্ঠের রানার আপ এই শিল্পীর কথা, ‘মেলায় কেনার মতো অনেক কিছুই আছে। ফ্রেশ প্যাভিলিয়ন নির্মাণে নান্দনিকতা আমার মন কেড়েছে। আস্ত একটা জাহাজ যেন ভাসছে কর্ণফুলীর বুকে। তবে জাহাজের ভেতর সাম্পানওয়ালার গান বাজালে দারুণ হতো!’এমইবি গ্রুপের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হক জানান, ‘আমাদের ১১ নম্বর আইসি প্যাভিলিয়নে প্রতিদিন অনেক দর্শক আসছেন। মেলা উপলক্ষে আইসি সফট ড্রিংকস, দাদা ড্রিংকিং ওয়াটার ও দাদা সয়াবিন তেল নতুন সুবিধা দিচ্ছে। আইসি কিনে অনেকে জিতে নিয়েছেন বিশ্বকাপ ক্রিকেটের টিকিট। মানসম্পন্ন পণ্য বিপণনের জন্য আমরা মেলায় এসেছি, সে উদ্দেশ্য পূরণ হচ্ছে।’ মেলায় বাণিজ্যের পাশাপাশি আছে সেবা ও প্রচারণামূলক কাজের স্টলও। কম টাকায় রক্তের বিভাগ (গ্রুপ) নির্ণয় করা হয় একটি স্টলে। বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টলে বই বিক্রি হয়। বিক্রয়কর্মী সঞ্জীব দে বলেন, ‘পাঁচ বছর ধরে আমাদের স্টল থাকছে মেলায়। বিক্রিও হচ্ছে ভালো, এক দিন তো সর্বোচ্চ ২২ হাজার টাকার বই বিক্রি হয়েছে। মেলায় শুধু গৃহস্থালিসামগ্রী নয় জ্ঞান কেনাও চলছে ভালো।’পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং চিটাগাং চেম্বার অব কমার্স একটি স্টলে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। স্টলে কথা হয় চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তা নবীন কুমার ধরের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ভোট দেওয়া যায়। এখন প্রতিদিন ৩০০-৪০০ ভোট পড়ে। মেলায় আমাদের লক্ষ্য সাত-আট হাজার ভোট, এ পর্যন্ত তিন হাজার ভোট গ্রহণ হয়ে গেছে। তবে আরও কয়েকটি ল্যাপটপ থাকলে আরও বেশি ভোট নেওয়া যেত।’ টাওয়ারের দুপাশে প্রতিদিন দু-তিনজন শিল্পী দর্শকদের ছবি আঁকেন। তাঁদেরই একজন এম এ আজিজ বলেন, ‘একজন লোক আমার সামনে বসে, আধঘণ্টার মধ্যেই তাঁর ছবি আঁকা হয়ে যায়। এটা তাঁদের কাছে বেশ আনন্দের। অবশ্য আমরা করি উপার্জনের জন্য—একটি ছবি আঁকতে ৩০০ টাকা নিই আমি।’বাণিজ্যমেলায় কী আছে, কী নেই—তা নিয়ে ম্যালা কথা হলেও বিনোদনের কমতি নেই। মেলার আনন্দধারায় ভাসছে বন্দরনগর চাটগাঁ।