‘পণ্য ও সেবার মান বিশ্বকে সবার জন্য অবারিত করে’ এ প্রতিপাদ্য সামনে রেখে ১৪ অক্টোবর সকালে নগরের আগ্রাবাদের চেম্বার হাউস মিলনায়তনে ৪১তম বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. খাদেমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম। তিনি বলেন, ‘পণ্যের মান বজায় রাখতে আমরা উৎপাদনকারীরা সর্বোচ্চ চেষ্টা করি। এ ক্ষেত্রে ভোক্তারা যত সচেতন হবেন, উৎপাদনকারী পণ্যের মানের ব্যাপারে ততই সচেষ্ট থাকবেন।’ সভায় বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সহসভাপতি এস এম শফিকুল ইসলাম এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘অনেক উৎপাদনকারী বেশি মুনাফার আশায় পণ্যের মান ঠিক রাখতে পারেন না। যার ফলে ভোক্তাদের নানা অসুবিধায় পড়তে হয়।’ তিনি এ জন্য বিএসটিআইকে প্রয়োজনীয় কারিগরি উন্নয়নের মাধ্যমে একটি উন্নত মাননিরূপণকেন্দ্রে পরিণত করতে সরকারের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেসলে বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন ও চিটাগাং ফ্লাওয়ার মিলের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) জয়নুল রশীদ।