পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭৭ ফুট উঁচু ভবনটার ছাদে উঠলে যে কারও চোখ ছানাবড়া হয়ে যাবে! সেখানে দাঁড়িয়ে আছে কিরি আর অকা নামের দুই অদ্ভূত দর্শন এলিয়েন! পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরের মিঙ্গোপিসা নামের গ্রহ থেকে এসেছে তারা—পৃথিবী নামক গ্রহের চরম আবেগপ্রবণ ও বুদ্ধিমান প্রাণী হোমো সেপিয়েন্স নিয়ে গবেষণা করার জন্য। গাঢ় নীল রঙের গোলাকার (পেনসিল ব্যাটারি-সদৃশ) আকারবিশিষ্ট তিন ফুট উঁচু মুখাবয়বহীন দুজন—কিরি আর অকা তাদের চারপাশ, ওপর-নিচ বিস্মিত নয়নে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ কিরি নামের প্রাণীটি পাশের ভবনের ছাদে উড্ডয়মান একটা জিনিস দেখিয়ে প্রশ্ন করে ওঠে, ওটা কী? অকার কাছে কোনো তথ্য না থাকায় পাশে থাকা স্পেসশিপটার সঙ্গে তীব্র নীল রশ্মির সাহায্যে যোগাযোগ স্থাপন করে। মিনিট কয়েক তথ্যভান্ডার ঘেঁটে উত্তর দেয়, ওটা একটা পতাকা। পতাকা কী? কিরির প্রশ্ন। পতাকা হলো কোনো একটা দেশের প্রতীক। পৃথিবীটা মোট ১৯৫টি স্বাধীন দেশে বিভক্ত। প্রতিটা দেশের রয়েছে নিজ নিজ পতাকা। পতাকা একটি স্বাধীন দেশের পরিচয় বহন করে। কিরি আবার প্রশ্ন করে, আমরা তবে কোন দেশে এলাম। এটা কোন দেশের পতাকা? অকা তার তথ্যভান্ডার ঘাটতে থাকে। বলে, একটা সবুজ পটভূমি, কেন্দ্রে একটা রম্বস, রম্বসের ভেতরে একটা নীল বৃত্ত, যাতে আছে ২৭টি সাদা তারা। আমার যদি ভুল না হয়ে থাকে, তবে এটা ব্রাজিলের পতাকা। তার মানে তুমি বলতে চাও, আমরা ব্রাজিলে আছি—কিরির জিজ্ঞাসু দৃষ্টি। আমার তো তা-ই মনে হয় কিরি। এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। এর আয়তন প্রায় ৮৫ লাখ ১৪ হাজার ৮৭৭ বর্গকিলোমিটার।হুঁ, দেশটা সুন্দর। তবে এত বেশি গাড়ি কেন রাস্তায়? কেমন এলোপাতাড়ি চলছে! এদিকে দেখছি অনেকগুলো গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরে অকা তোমার ডানদিকে তাকাও তো! ওই যে আরেকটা পতাকা! কিন্তু অন্য রকম! কেন? কিরির প্রশ্ন শুনে অকা তার ডানে তাকাল। তাই তো! সেখানে তো আরেকটি পতাকা! কিন্তু তথ্যভান্ডার তো বলছে, একই দেশে এককভাবে অন্য দেশের পতাকা খুব কম দেশেই টানানো যায়। কোনো কোনো দেশে তো আইন করে নিষেধ করা আছে। তথ্যভান্ডার কি তবে ভুল তথ্য দিচ্ছে? অকা আবার তার তথ্যভান্ডারে ডুব দেয়। হালকা নীল-সাদা-হালকা নীল সমান তিনটি অংশে দুটি রং। ১৮১২ সালের ২৭ ফেব্রুয়ারি পতাকাটি আর্জেন্টিনার রোজারিও শহরে প্রথম টানানো হয়। একই দেশে কয়েক ফুট দূরত্বের মধ্যে দুটি দেশের পতাকা দেখে ভিনগ্রহবাসী দুজন বিভ্রান্তিতে পড়ে যায়। এটা তবে কোন দেশ? আর্জেন্টিনা, না ব্রাজিল? কোনো সিদ্ধান্ত নিতে না পেরে তারা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য রাস্তায় নেমে আসে মানুষের রূপ ধরে। তারপর প্রথমেই যার সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞেস করে, ভাই, এটা কোন দেশ? আর্জেন্টিনা, না ব্রাজিল? প্রশ্ন শুনে পথিক উত্তর দিল, না ভাই, এটা ব্রাজিল বা আর্জেন্টিনা কোনোটাই না। এটা বাংলাদেশ। সঙ্গে সঙ্গে অকা তার তথ্যভান্ডারে ডুব দেয় আবার। এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ বাংলাদেশ। গরিব হলেও এ দেশের মানুষ আনন্দপ্রিয়। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়মিত খেললেও, ফুটবল বিশ্বকাপের সময় উন্মাদনায় ভেসে যায় সবাই। ভাবখানা এমন—যেন নিজেরাই বিশ্বকাপে খেলছে...জেসমিন কুলাউড়া, মৌলভীবাজার