পতাকাওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালককে বললাম, শহর ঘুরিয়ে দেখান। চলতে চলতে সিলেট শহরের বেশ কিছু ঐতিহাসিক আর ব্যস্ত এলাকা ঘুরিয়ে রিকশা এনে থামাল সুরমা ব্রিজের কাছে। তখন সন্ধ্যা। গোধূলিলগ্নও পার হয়ে গেছে। ব্রিজের ওপর দিয়ে চলছে গাড়ি, পেছন থেকে ঠেলা দিয়ে রিকশাও উঠিয়ে নেওয়া হচ্ছে ব্রিজে। সেতুর নিচে কলকল করে বয়ে চলেছে সুরমা। সন্ধ্যায় নদীর জলের রং বোঝা যায় না, কালো বলে মনে হয়। যাঁরা বৈকালিক ভ্রমণে এসেছিলেন, তাঁদের অনেকেই রয়ে গেছেন এখনো। তাঁদের কাছেই নিজের সওদা নিয়ে হাজির হয়েছেন একজন। তাঁর সঙ্গেই শুরু হয় কথাবার্তা।‘কী নাম আপনার?’‘আমার নাম সুলেমান।’‘পুরো নাম?’‘সুলেমান।’সুলেমানের পুরো নাম বলে কিছু নেই। ছোটবেলা থেকেই তিনি সুলেমান নামে পরিচিত। লাঠির ওপর আড়াআড়ি দাঁড় করানো বাঁশের কঞ্চিগুলোতে রকমারি জিনিসের মধ্যে বিশ্বকাপও হাজির।‘এই ব্যবসা করছেন কত দিন?’‘এই ব্যবসা করি পাঁচ বছর।’‘দেখতে পাচ্ছি, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকাও বিক্রি করছেন?’‘হ্যাঁ, হ্যাঁ, পতাকাগুলি বিক্রি হয়।’‘কত দাম পতাকার?’‘পঞ্চাশ টাকা আছে। তিরিশ টাকা আছে। ছোটগুলা দশ টাকা।’‘আপনার বাড়িতে কে কে আছে?’‘বাড়িতে আব্বা, আম্মা সবাই আছে।’‘বিয়ে করেন নাই?’‘হ্যাঁ, বিয়া করছি। বউ আছে। বাচ্চা আছে।’ ‘বাচ্চার বয়স?’‘বয়স বারো বছর।’ ‘এখানে থাকেন কোথায়?’‘এখানে থাকি ওই সিটি মার্কেটে। মার্কেটের পিছনে।’‘সিটি মার্কেটটা কোথায়?’‘হকার মার্কেটের পিছনে আরকি।’ ‘রাস্তার কোনো নাম নাই?’‘নাম আছে তো। পৌরসভার পিছনে।’এই ধাঁধা থেকে বের হওয়া সম্ভব হয় না আর। অগত্যা রাস্তার নাম জানার চেষ্টা থেকে বিরত হই।‘খাওয়া-দাওয়া করেন কোথায় দিনের বেলায়?’‘দিনের বেলায় আছি হুটেলে-মুটেলে খাই। আর আবার দুইবেলায় খাই মেসে।’কথায় যে আঞ্চলিক টান, তা সিলেটের নয়। তাই জানতে চাই, ‘আপনি তো সিলেটের মানুষ না।’‘না। আমার বাড়ি হইল ভৈরব।’‘ভৈরব থেকে কবে এসেছেন?’‘আইছি তো বহুদিন ধইরা। এই ব্যবসার ওপর পাঁচ বছর।’‘বাবা-মা ভৈরবে, না সিলেটে?’‘না। ভৈরব। বউ-বাচ্চা সবই ভৈরব।’‘ভৈরবে যান কত দিন পর পর?’‘এ-ই সপ্তাহ, পনেরো দিন পর পর।’‘খাওয়া-দাওয়া মেসে?’‘হ্যাঁ, মেসে। থাকি একটা এক্সটা (এক্সট্রা) রুম নিয়া।’‘লাভটাভ হয় ভালোই?’‘হয় মোটামুটি।’‘কী খাওয়া-দাওয়া করেন?’‘দুপুরে মনে করেন চা-নাশতা কিছু খাই। রাতে আর সকালে খাই ভাত।’‘কী খেতে পছন্দ করেন?’‘পছন্দ আরকি? মেসের মধ্যে খাওন, বোঝেন না?’‘আপনার স্বপ্ন কী?’‘স্বপ্ন আর কী! আল্লাহ এখনো সংসারটা চালায়া লইতাসে, বোঝেন না?’আমরা বোঝার চেষ্টা করি। কিছুটা বুঝি, কিছুটা বুঝি না। ইটরঙা লোহার উঁচু সেতুটি ততক্ষণে অন্ধকারের আবহে গা শিরশির করা একধরনের অনুভূতি এনে দেয় মনে। ঠিক এ সময় হঠাৎ বজ্রপাতের সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। এই বৃষ্টির কার্যকারণ আমাদের অজ্ঞাতই থেকে যায়।