পতিত জমিতে কচু লাভের আশা চাতরীর চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব চাতরী গ্রামে বোরো মৌসুমে চাষাবাদ হয় না। বর্ষার সময় গ্রামটি পানিতে নিমজ্জিত থাকায় শুষ্ক মৌসুমে ঝোপঝাড় ও আগাছার জন্য জমিতে ধান রোপণ সম্ভব হয় না। এ ধরনের পতিত জমিতে কচু ফলিয়ে সাফল্য পেয়েছেন চাষি মোহাম্মদ আলম। গত কয়েক বছর ধরে কচু চাষ করে লাভের মুখও দেখছেন তিনি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলায় বোরো মৌসুমে ৫৪০ হেক্টর জমি পতিত থাকে। এর মধ্যে চাতরী ইউনিয়নের ৮০ থেকে ১০০ হেক্টর জমিতে চাষাবাদ হয় না। পুরো উপজেলায় দেড় শ হেক্টর জমিতে কচুর চাষ হয়। আর চাতরী ইউনিয়নে প্রায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে এখন কচুর চাষ হচ্ছে।
চাতরী ইউনিয়নে কচুর চাষ হলেও পূর্ব চাতরী গ্রামে কয়েক বছর আগেও কচুর চাষ হতো না। তিন বছর আগে গ্রামের চাষি মোহাম্মদ আলম প্রথম কচু চাষ শুরু করেন। এখন তাঁর দেখাদেখি গ্রামের প্রায় ১০ থেকে ১২ জন চাষি কচুর চাষ করছেন। স্থানীয় কচু চাষিরা জানান, খেত থেকে দুই সপ্তাহ পর কচুর লতি তোলা হবে। এর এক মাস পর কচুর ফুল তুলবেন চাষিরা, তিন থেকে সাড়ে তিন মাস পর কচুর কন্দ তোলার সময় হবে।
চাতরী ইউনিয়নের পূর্ব চাতরী গ্রামে গিয়ে দেখা যায়, সড়কের ধারে ৬০ শতক জমিতে কচুর চারা লাগানো হয়েছে। আশপাশের জমি খালি পড়ে আছে। মাসখানেক আগে লাগানো এসব কচুর চারা সবুজ রং ধারণ করেছে। খেতে কচুর পরিচর্যা করছিলেন চাষিরা।
কথা হয় চাষি মোহাম্মদ আলমের সঙ্গে। তিনি বলেন, তিনি ৬০ শতক জমিতে কচু চাষ করেছেন। এতে তাঁর ৬০ হাজার টাকা খরচ হয়েছে। ফসল পুরোপুরি তুলতে পারলে দুই লাখ টাকা লাভ হবে। তিনি আরও জানান, এলাকার এক জমির মালিকের কাছ থেকে এক মৌসুমের জন্য ছয় হাজার টাকায় জমিটি বর্গা নিয়েছেন তিনি। ধান চাষ না হওয়ায় কচুই এখন এই এলাকার বিকল্প ফসল হয়ে উঠেছে।
আবু বক্কর (৫৪) নামের এক চাষি বলেন, ‘কচু একবার লাগালে লতি, মুখী(ছড়া), ফুলসহ কয়েক ধরনের সবজি পাওয়া যায়। আর বাজারে এসবের চাহিদাও ভালো। মোহাম্মদ আলম প্রথম এসব পতিত জমিতে কচু ফলিয়েছেন। তার দেখাদেখি এখন আমরাও কচু ফলিয়ে লাভের মুখ দেখছি।’
কচু চাষি ও সবজি বিক্রেতারা জানান, উপজেলার বাজারগুলোতে প্রতি কেজি লতি ৫০ থেকে ৬০ টাকায় এবং ফুল ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া একেকটি কচু ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, বোরো মৌসুমে উপজেলার চাতরী এলাকার কয়েকটি গ্রামে ধানের চাষ হয় না। ফলে জমিগুলো কার্যত পতিত থাকে। আর এ ধরনের পতিত জমিতে মোহাম্মদ আলম কচু চাষ করে পূর্ব চাতরী গ্রামের চাষিদের নতুন বিকল্পের সন্ধান দিয়েছেন। তাঁর দেখাদেখি অন্যান্য চাষিরাও কচু চাষে এগিয়ে এসেছেন। এতে অনেক চাষি লাভবান হবেন।