পতিত জমিতে ফলছে ভুট্টা লাভের মুখ দেখছেন কৃষক
একসময় জুমখেতে নিজেদের খাবারের চাহিদা মেটাতে ভুট্টার চাষ করতেন পাহাড়ি কৃষকেরা। তবে এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কয়েক বছর ধরে লাভজনক ফসল হিসেবে ভুট্টার চাষ হচ্ছে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পতিত জমিতেও ব্যাপক হারে ভুট্টার আবাদ হচ্ছে। অন্য ফসলের তুলনায় রোগবালাই কম হওয়ায় এবং উৎপাদন খরচ কম বলে উপজেলার কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকছেন বলে জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, পানছড়ির লতিবান, আদি ত্রিপুরাপাড়া, দমদম, শান্তিপুর ও পুজগাংসহ বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ করছেন কৃষকেরা। একফসলি ও পতিত জমিগুলোতে ভুট্টা চাষ শুরু হওয়ায় পানছড়ি উপজেলায় এখন আর কোনো মৌসুমেই জমি পতিত থাকছে না বললেই চলে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সূত্রে জানা যায়, প্রতিবছর জেলায় প্রায় আট হাজার হেক্টর জমি পতিত থাকত। কিন্তু ভুট্টা চাষ শুরু হওয়ায় এখন জেলায় আর কোনো জমি পতিত থাকছে না। এ বছর ২৮ হেক্টর জমিতে ভুট্টা চাষ বেড়েছে। গত মৌসুমে জেলায় ৩৮০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, আর এই বছর চাষ হয়েছে ৪০৮ হেক্টর জমিতে। এ বছর জেলার প্রায় দুই হাজার কৃষক ভুট্টা চাষ করছেন। এর মধ্যে পানছড়ি উপজেলায় এই বছর প্রথম ১২০ জন কৃষককে ভুট্টা চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু প্রণোদনা ছাড়াও উপজেলার আরও প্রায় ছয় শ কৃষক ভুট্টা চাষ করছেন।
উপজেলার পুজগাং এলাকায় ৩০ শতক জমিতে ভুট্টা চাষ করেছেন চাষি বিমল চাকমা। সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, তিন থেকে পাঁচ ফুট লম্বা ভুট্টাগাছগুলোতে পাঁচ থেকে সাতটি মোচা এসেছে। তিনি বলেন, ভুট্টা বিক্রি করে তাঁর লাভ হয়েছে ১৮ হাজার টাকা। বাজারে বিক্রির পাশাপাশি বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক কোম্পানির কাছে ভুট্টা বিক্রি করেছেন তিনি।
মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি ভুট্টা পশুখাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আদি ত্রিপুরাপাড়া এলাকার চাষি নীড়পদ ত্রিপুরা জানান, তাঁর কাছ থেকে হাঁস ও মুরগির খাবার তৈরির জন্যও অনেকে ভুট্টা কিনছেন। এ ছাড়া ভুট্টার পাতা গরুর খাবার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
পানছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাণ চাকমা বলেন, ভুট্টা চাষে পানি কম প্রয়োজন হয়। তা ছাড়া বিভিন্ন সবজির সঙ্গে ভুট্টা সাথি ফসল হিসেবে চাষ করা যায়।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, রবি মৌসুমে উচ্চভূমিতে, যেখানে পানিসংকট রয়েছে এমন এলাকার কৃষকেরা ভুট্টা চাষ করছেন। ভুট্টা চাষ শুরু হওয়ায় এখন জেলায় আর কোনো জমি পতিত থাকছে না। দাম ভালো পাওয়ায় অনেক কৃষক ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন।