পতিত বেড়িবাঁধে বেগুন বিপ্লব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন জুঁইদণ্ডীর ১২ কিলোমিটার পতিত বেড়িবাঁধে গত কয়েক বছর ধরে চলছে বেগুন চাষ। বাঁধের উভয় পার্শ্বের ঢালে বেগুনের চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় ব্যক্তিরা। সরেজমিনে চোখে পড়ে জুঁইদণ্ডী ইউনিয়নের দক্ষিণে সাপমারা খালের মুখ থেকে পূর্ব জুঁইদণ্ডী পর্যন্ত শঙ্খের পাড়ের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে চাষাবাদ হয়েছে বেগুনের। বেড়িবাঁধের উভয় ঢালে কোনো গাছপালা কিংবা অন্য কিছু না থাকায় সেখানে স্থানীয় ব্যক্তিরা বেগুন চাষ করে আসছেন কয়েক বছর ধরে। খেতে পানি সরবরাহের জন্য চাষিরা গভীর নলকূপও স্থাপন করেছেন। বেগুন খেত করে লাভের মুখ দেখায় চাষিরা খুব খুশি। দক্ষিণ জুঁইদণ্ডীর চাষি ফজল আহমদ বলেন, এ এলাকার অন্তত ১২ কিলোমিটারজুড়ে চলছে বেগুন চাষ। আমরা শতাধিক চাষি বেগুন চাষ করে লাভবান হচ্ছি। স্থানীয় চাষি মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি এক কানি (৪০ শতক) পরিমাণ জায়গায় বেগুন চাষ করে এক লাখ টাকা আয় করেছি, আশা করছি আরও আয় হবে। এ চাষে আমার খরচ পড়ে ৪০ হাজার টাকা।’ চাষি নুর হোসেন, হেফাজ, আসহাব, নাছির ও ইব্রাহীম বলেন, ‘বেড়িবাঁধে বেগুন চাষ করে আমরা সংসার চালাচ্ছি। ওয়াহেদুল ইসলাম বলেন, ‘আমি ৪০ শতক জায়গায় ৩২ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকার বেশি আয় করেছি।’চাষিরা জানান, বেড়িবাঁধে পানি না জমার কারণে শীতকালীন সবজি বাজারে আসার আগেই তারা বেগুন বাজারে ছাড়তে পারেন। এ সময় ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত ও দাম পাওয়া যায়। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি খাস হলেও বেড়িবাঁধের ওই জায়গাটুকু বংশ পরম্পরায় ভোগ করে আসা ব্যক্তিদের কাছ থেকে প্রতিকানি আট থেকে ১০ হাজার টাকায় লাগিয়ত নেন চাষিরা। আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, আনোয়ারার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩৮১ হেক্টর জমিতে রবি শষ্যের চাষাবাদ চলছে। তার মধ্যে শিম ১১৫ হেক্টর, মরিচ ৮৬ হেক্টর ও বেগুন ৪১ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন প্রথম আলোকে জানান, জুঁইদণ্ডীর পতিত বেড়িবাঁধে বেগুন চাষ হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি অনেকের অভাব দূর হচ্ছে।