পতেঙ্গা সৈকতের আকর্ষণ এখন বিচ-বাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবারপরিজন নিয়ে অনেক দিন পর বেড়াতে এসেছি। খুব ভালো লাগছে। কক্সবাজারের মতো পতেঙ্গা সৈকতেও এখন বিচ-বাইক, স্পিডবোট চালু হয়েছে। বাচ্চারা বিচ-বাইকে চড়তে খুব পছন্দ করে। তাই সময় পেলে সমুদ্রসৈকতে ছুটে আসি।’ বলছিলেন পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা দেওয়ানহাট এলাকার বাসিন্দা সাহাবউদ্দিন।সাহাবউদ্দিনের মতো বহু পর্যটকেরই অবসর বিনোদনের প্রিয় স্থান পতেঙ্গা সৈকত। বিচ-বাইক সৈকত ভ্রমণে যোগ করেছে নতুন মাত্রা। পাশাপাশি ক্ষণিকের জন্য ঢেউয়ের মাথায় চেপে ঘুরে আসার সুযোগ তৈরি হয়েছে স্পিডবোটের কল্যাণে। কয়েক বছর আগেও পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা লোকজন সৈকতে ঘোড়ায় চড়ে বিনোদিত হয়েছেন। কিন্তু এখন বেড়িবাঁধের বোল্ডার পাথর ডিঙিয়ে সৈকতে পা দিলেই চোখে পড়ে বিচ-বাইকের ছুটে চলা।সম্প্রতি পতেঙ্গা সৈকতে গেলে কথা হয় বাইক চালক মো. সোহেলের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচ-বাইক চালিয়ে আয় হয় ৫০০ থেকে ৭০০ টাকা। তবে ছুটির দিনে আয় বেড়ে দাঁড়ায় এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। এক কিলোমিটার পথ ঘুরে আসতে জনপ্রতি ৩০ টাকা করে নেওয়া হয় বলেও জানান তিনি।’ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইয়ের সঙ্গে বেড়াতে আসা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পায়েল বলল, ‘আমি ভাইয়ার সঙ্গে এসেছি বিচ-বাইকে চড়ার জন্য। গাড়িগুলোতে চড়তে আমার বেশ মজা লাগে।’চারটি বাইকের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘আগে দূর-দূরান্ত থেকে পতেঙ্গা সৈকতে আসা পর্যটকেরা কেবল সমুদ্রে গোসল আর কেনাকাটা করে সময় কাটাতেন। এ ছাড়া বিনোদনের আর সুযোগ ছিল না। বিশেষ করে শিশু-কিশোরদের মুগ্ধ করার মতো সৈকতকেন্দ্রিক বাড়তি আয়োজনের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু বছরখানেক আগে বিচ-বাইকগুলো আনার পর এখন তা বিনোদনের বাড়তি রসদ জোগাচ্ছে। বর্তমানে পতেঙ্গা সৈকতে মোট ২৪টি বিচ-বাইক আছে।’ বিচ-বাইকের চালকেরা জানান, কক্সবাজার থেকে কিনে আনা প্রতিটি বাইকের দাম পড়েছে এক লাখ ২৪ হাজার টাকা।স্পিডবোটে সমুদ্র ভ্রমণ: সৈকতে বেড়াতে আসা পর্যটক বিশেষ করে তরুণ-তরুণীদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে ৫০টি স্পিডবোট। সীতাকুণ্ড থেকে আনন্দ ভ্রমণে এসেছিলেন একদল তরুণ। তাঁদের একজন বললেন, ‘স্পিডবোটে চড়ার আনন্দটাই অন্য রকম। মুহূর্তের মধ্যেই সমুদ্রের গভীরে চলে যাওয়া যায়।’স্পিডবোটের চালক ইয়াসিন জানান, পাঁচ মিনিটের ভ্রমণের জন্য প্রতিজন থেকে ২০ টাকা করে নেওয়া হয়। একটি বোটে আটজন পর্যন্ত চড়তে পারে। প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা আয় হয়। ছুটির দিনে আয় আট হাজার টাকা ছাড়িয়ে যায়।পতেঙ্গা স্পিডবোট মালিক সমিতির সভাপতি লোকমান বলেন, ‘বর্তমানে পতেঙ্গা সৈকতে ৫০টি স্পিডবোট আছে। সৈকতে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকেরা বাড়তি বিনোদনের জন্য স্পিডবোটে সমুদ্র ভ্রমণ করতে পারেন। তা ছাড়া বহির্নোঙরে দাঁড়িয়ে থাকা দেশি-বিদেশি জাহাজ থেকে নাবিকদের আনা নেওয়ার ক্ষেত্রেও এটি মুখ্য ভূমিকা পালন করে।’চিত্তবিনোদনের জন্য পতেঙ্গা সমুদ্রসৈকতে মোট ১৫টি ঘোড়া রয়েছে বলে জানালেন মো. মানিক। এখানে আগত পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে সংসার চালান তিনি। তিনি জানান, ‘ঘোড়া দেখলে শিশুরা হইহুল্লোর শুরু করে দেয়। শিশুরা অবাক হয় বলেই এই পেশায় কাজ করে এখনো ভালো লাগে।’