‘দীর্ঘ ৪০ বছরের জেলে পেশা ছেড়ে গত এক বছর থেকে আমি দিনমজুুরি করছি। ছয় ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বড় ছেলে কিছুটা সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ভবিষ্যতের কথা ভেবে চোখে অন্ধকার দেখছি।’ কথাগুলো বলার সময় দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল পতেঙ্গার জেলেপল্লির প্রবীণ জেলে সুরেশ জলদাসের। একসময় নানা জাতের মাছের আড়তে পরিণত হতো যে সুরেশ জলদাসের ঘর, সেই ঘর এখন মাছশূন্য। আর তাঁকেই মাছ কিনে খেতে হচ্ছে বাজার থেকে। সুরেশ জানান, তাঁর দাদন নিয়ে কেনা পাঁচটি জাল চুরি হয়ে যাওয়ায় তিনি পেশা ছেড়ে দিনমজুরি করতে বাধ্য হয়েছেন। মজুরি যা পান তাতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। শুধু সুরেশ জলদাসই নন, তাঁর মতো এই পল্লির মিন্টু জলদাস, রাখাল জলদাস, ভগীরত জলদাসসহ অনেকেই একই রকম দৈন্যদশায় ভুগছেন। কারও কারও থাকার একটু ভালো আশ্রয় পর্যন্ত নেই। দাদন নিয়ে কেনা জাল চুরি হয়ে যাওয়ায় দিশেহারা অনেকে। ধার-দেনার বোঝা নিয়ে তাঁরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। পতেঙ্গার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কৃষ্ণ কুমার জলদাস জানান, পাঁচ বছর আগেও এই পল্লির ৩০০ পরিবারের প্রায় ২৫০ জন ব্যক্তি জড়িত ছিল, যা বর্তমানে ১০০ তে এসে ঠেকেছে। স্থানীয় জেলেদের অভিযোগ, একদিকে মাছের আকাল অপরদিকে প্রভাবশালী কিছু বহদ্দার ও জেলের দৌরাত্ম্যের কারণে তাঁদের এই করুণ দশা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, ‘এলাকার প্রভাবশালী কিছু বহদ্দার বাইরের জেলে এনে তাঁদের মাধ্যমে অর্থ আয় করছে। এসব জেলে স্থানীয় জেলেদের নানাভাবে হেনস্তা করেন।’ ছোট একটি ঝুপড়িতে বসবাসরত মিন্টু জলদাস নামের এক জেলে বলেন, ‘সাত বছর ধরে জেলে পেশায় জড়িত থাকার পর বর্তমানে আমি ও আমার স্ত্রী কেইপিজেডে কাজ করছি। এর আগে মূলধনের অভাবে অনেক বছর বহদ্দারের অধীনে কাজ করেছি। কিন্তু জীবনের ঝুঁকি ও অমানবিক পরিশ্রম করেও আমরা মাছের সঠিক দাম পেতাম না। তাই পেশা ছেড়ে দিয়েছি।’দাদন নিয়ে কেনা জাল চুরি হয়ে গেছে বগীরত জলদাসের। তিনি বলেন, ‘১০ দিন আগে আমার ১০টি জাল চুরি হয়ে যায়। এখন মাছ ধরা তো দূরের কথা, ঋণের ভয়ে আমি দিশেহারা।’ পতেঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কৃষ্ণ কুমার জলদাস বলেন, জেলেদের এমন কষ্টের জীবন চলছে যুগ-যুগ ধরে। তাঁদের অমানবিক পরিশ্রমের ফলে মৎস্য ব্যবসায়ী, দালাল, ফড়িয়াদের ভাগ্যের উন্নতি ঘটলেও জেলেদের জীবন কাটছে কায়ক্লেশে। পুঁজি স্বল্পতা, মৌসুমি জেলেদের উপদ্রব, সরকারি ঋণের অভাব ইত্যাদি কারণে জেলেরা এই পেশায় আগ্রহ হারিয়ে ফেলছেন। সমুদ্রের দিকে জাল নিয়ে ছুটে চলা রাখাল জলদাস বলেন, ‘আদি পুরুষদের রেখে যাওয়া জাল আর সামান্য পুঁজির কারণে এখনো এই পেশায় টিকে আছি। কিন্তু সবার অবস্থা তো আর আমার মতো নয়। সমুদ্র থেকে মাছ আহরণের জন্য আমাদের প্রতিদিন ১৫ থেখে ২০ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে হয়। মৃত্যুর ঝুঁকি নিয়ে মাছ সরবরাহের দায়িত্ব পালন করে এলেও সমাজে সবসময় আমরাই অবহেলিত।’প্রভাবশালী হিসেবে চিহ্নিত বহদ্দার মো. মোহসীন জেলেদের নাজেহাল করার কথা অস্বীকার করে বলেন, ‘পুঁজি খাটিয়ে আমরা আমাদের ব্যবসা করছি। এতে দোষের কিছু নেই। তা ছাড়া, আমাদের জেলেরা নিজ উদ্যোগে বেড়িবাঁধে ঘর তৈরি করে বসবাস করছেন। তাঁরা কারও কোনো ক্ষতি করছে না।’