পতেঙ্গার দুই ওয়ার্ড যেন শহরের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে ছোট-বড় গর্ত। তাতে জমে আছে পানি। চলাচলে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই চিত্র ​দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের প্রায় সড়কের l প্রথম আলো
সড়কে ছোট-বড় গর্ত। তাতে জমে আছে পানি। চলাচলে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই চিত্র ​দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের প্রায় সড়কের l প্রথম আলো

ময়লা-আবর্জনা উপচে পড়ছে সড়কে। নালার পাশে স্তূপ করে রাখা ময়লা বৃষ্টির পানির সঙ্গে ছড়িয়েছে আশপাশের ফুটপাতেও। দক্ষিণ পতেঙ্গার ডেলাপাড়া এলাকার এই চিত্র চোখে পড়ে পতেঙ্গার উত্তর ও দক্ষিণ দুই ওয়ার্ডেই।
পর্যটন সম্ভাবনার পাশাপাশি ভারী শিল্প গড়ে ওঠায় পতেঙ্গার দুই ওয়ার্ডের আলাদা গুরুত্ব থাকার কথা। অথচ বাস্তব পরিস্থিতি তার উল্টো। ভাঙা সড়ক, আবর্জনা, জলাবদ্ধতা ও যানজটে নাকাল এখানকার বাসিন্দারা। উন্নয়নবঞ্চিত এই এলাকার লোকজনের ক্ষেভের শেষ নেই। শহরে থেকেও নাগরিক সুযোগ–সুবিধা পায় না তারা।
পাশাপাশি এই দুই ওয়ার্ড সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড হিসেবে পরিচিত। ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে টিএসপি সার কারখানা, কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ বেশ কিছু শিল্পকারখানা অবস্থিত। অপর দিকে, ৪১ নম্বর ওয়ার্ডের সীমানায় পড়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, পতেঙ্গা সমুদ্রসৈকত, নেভাল একাডেমি ও কর্ণফুলীর মোহনা। এই দুই ওয়ার্ডে বর্ষায় জলাবদ্ধতা লেগেই থাকে। পাশাপাশি সড়ক ভাঙাচোরা হওয়ায় পোহাতে হয় যানজটের দুর্ভোগ। নেই পর্যাপ্ত ডাস্টবিন।
সরেজমিন দেখা গেছে, পূর্ব কাটগড় থেকে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি পর্যন্ত পতেঙ্গার দুটি ওয়ার্ডে কোনো ডাস্টবিন নেই। বিমানবন্দর সড়কে অবস্থিত গুপ্তখালের কোনো সংস্কার না হওয়ায় বর্ষকালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত স্টিলমিল বাজার এলাকার প্রধান সড়ক সবজি ব্যবসায়ীদের দখলে থাকে। এ ছাড়া এই দুটি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না হওয়ায় যানজট ও ধুলোবালুর অত্যাচার পোহাতে হয় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।
পতেঙ্গা এলাকার লোকজন জানান, উত্তর ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বেশির ভাগ এলাকায় কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। রাস্তার ওপর এসব ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় উৎকট দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়। স্টিলমিল বাজার থেকে সমুদ্রসৈকত পর্যন্ত পরিকল্পিত কোনো ডাস্টবিন নেই। এ কারণে স্থানীয় লোকজন নিজেদের ইচ্ছামতো যত্রতত্র ময়লা ফেলছে।
এই ওয়ার্ডের কাটগড়, মাইজপাড়া, ডেলাপাড়াসহ বেশ কিছু এলাকায় ডাস্টবিন নেই। জায়গায় জায়গায় সড়কের পাশে আবর্জনার স্তূপ। নালা-নর্দমা পরিষ্কারের বালু, কাদা ও ময়লা স্তূপ করে রাখা হয়েছে রাস্তার ওপর। এলাকাবাসীর অভিযোগ, নালার ময়লা সরিয়ে নেওয়ায় কোনো উদ্যোগ নেই সিটি করপোরেশনের। সপ্তাহের পর সপ্তাহ পড়ে থাকতে থাকতে বাতাসে ছড়াচ্ছে আবর্জনার মিহি কণা।
৪১ নম্বর ওয়ার্ডের ডেলাপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল নালার ময়লার স্তূপ দেখিয়ে বলেন, ১৫-২০ দিন আগে নালা থেকে আবর্জনা ও বালু তোলা হয়। রাস্তার পাশে সেই আবর্জনা পড়ে আছে। বৃষ্টি হলে আবার নালার ময়লা নালায় চলে যাবে। কিন্তু ময়লা সরানোর কেউ নেই।
স্থানীয় নাগরিকদের অভিযোগ, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বেশির ভাগ এলাকায় নালা নেই। শাখা খাল-বিল দিয়ে বৃষ্টির পানি গুপ্তখাল হয়ে কর্ণফুলী নদীতে চলে যায়। তবে গুপ্তখালের সংস্কার নেই দীর্ঘ দিন ধরে। পতেঙ্গা এলাকার এই গুরুত্বপূর্ণ খালটি বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির কাছে এসে গতি হারিয়েছে। সেখানে দুটি কালভার্টের গোড়ায় আবর্জনার স্তূপ। ফলে খালের পানি না সরায় বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কালভার্টগুলো বড় করা এবং গুপ্তখালের সংস্কারেরও দাবি করেছেন এখানকার বাসিন্দারা।
কাটগড়ের বাসিন্দা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, গুপ্তখালের ওপর দুটি কালভার্ট ভেঙে সেতু করা উচিত। কারণ, বৃষ্টির সময় কালভার্টগুলোর গোড়ায় আবর্জনার আটকে গেলে পানির প্রবাহে বাঁধার সৃষ্টি হয়। এতে উত্তর ও দক্ষিণ পতেঙ্গার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা চাই, এই দুটি কালভার্ট চওড়া করা হোক। পাশাপাশি সংস্কার করা হোক গুপ্তখাল।
স্টিলমিল বাজারে প্রতিদিন সকালে সবজির পসরা বসে। এই বাজার দিয়ে সৈকত ও বিমানবন্দরে যাতায়াত করেন পর্যটক ও যাত্রীরা। বাজার ঘিরে সড়কের বিস্তীর্ণ অংশ সবজি বিক্রেতাদের দখলে থাকায় বেলা ১১টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার ওপর থেকে বাজার সরানোরও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তা থাকলে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের সময় শত শত বাসিন্দা মারা গেছে। দুই-তিন বছর আগে পতেঙ্গার খেজুরতলা এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। সেই বাঁধ সংস্কারের উদ্যোগ না থাকায় লোকজন আতঙ্কে থাকে।
পতেঙ্গার বাসিন্দা আবুল হোসেন জানান, ১৯৯১ সালের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি। ওই ঘূর্ণিঝড়ের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়েছিল। কিন্তু খেজুরতলা এলাকায় বেড়িবাঁধ আবার ভেঙে যাওয়ায় জোয়ারের সময় পানি ওঠে। তবে বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলে ১৯৯১ সালের পুনরাবৃত্তি ঘটতে পারে।