পতেঙ্গার দুই ওয়ার্ডে ১৮ জন কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে ১২ জন এবং ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ছয়জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গত নির্বাচনে উত্তর পতেঙ্গায় আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী ও দক্ষিণ পতেঙ্গায় বিএনপি–সমর্থিত প্রার্থী জয় পেয়েছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪০ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৮ হাজার ৫০। এই ওয়ার্ডে ভোটকেন্দ্র আছে ১৬টি। অপর দিকে, ৪১ নম্বর ওয়ার্ডের ১৩টি ভোটকেন্দ্রে ৩০ হাজার ৮৬৭ জন ভোটার ভোট দেবেন।
এবারের নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেকসহ মোহাম্মদ মনজুর আলম, মুহাম্মদ জয়নাল আবেদীন , মো. আনোয়ার, মো. ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. হারুন, জয়নাল আবেদীন চৌধুরী, শফিক আহম্মদ, সুলতান আহমদ, মো. জয়নাল ও মো. মিজানুর রহমান।
২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে আবদুল বারেক জয়ী হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি–সমর্থিত মো. হারুন। চলমান আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ হারুনকে খুঁজছে। এ কারণে তাঁকে এলাকায় পাওয়া যায়নি।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে এবার মাত্র সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৈধ প্রার্থীর সংখ্যা এখন ছয়। তাঁরা হলেন মো. নুরুলআবছার, মো. নুরুল হুদা, মো. নুরুল আনোয়ার, মো. আলী, মুহম্মদ আবদুর রহিম ও মো. ফজল করিম।
এই দুই ওয়ার্ডে এবার নির্বাচনী ইস্যু হতে পারে যানজট ও জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দারা দুই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কাছে এমন প্রত্যাশার কথাই জানাবেন। ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক উল্লাহ বলেন, ‘কাটগড় এলাকায় দুটি কনটেইনার ডিপোর কারণে যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। নতুন কাউন্সিলরকে এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।’
জানতে চাইলের ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক প্রথম আলোকে বলেন, ‘সিমেন্ট ক্রসিং থেকে সৈকত পর্যন্ত যানজটের জন্য দায়ী কনটেইনার ডিপোর মালিকেরা। তাঁদের কনটেইনার পরিবহনের জন্য বড় বড় ট্রাক ও লরি রাস্তার ওপর পার্কিং করে রাখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের ট্রাফিক বিভাগের কাছে অনেক আবেদন করেছি। পুলিশ চাইলে এই সমস্যা এক ঘণ্টার মধ্যে দূর করতে পারে।’
৪০ নম্বর ওয়ার্ডের সমস্যারগুলো ৪১ নম্বর ওয়ার্ডেও বিদ্যমান। এ ছাড়া উপকূলীয় বেড়িবাঁধ ভাঙনের সমস্যা নিয়ে উদ্বিগ্ন এই এলাকার বাসিন্দারা। তাঁরা দ্রুত বেড়িবাঁধের মেরামত চান।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মো. নুরুল আবছারকে এলাকায় পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।