পতেঙ্গায় বিতর্কের জমজমাট আসর
পতেঙ্গা এলাকার পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জমজমাট যুক্তিতর্কের লড়াই হয়ে গেল ৫ এপ্রিল। মাসব্যাপী কর্মশালার পাশাপাশি এই প্রতিযোগিতার আয়োজন করে বিতর্ক সংগঠন ‘তার্কিক’। প্রতিযোগিতায় ইস্টার্ন রিফাইনারি উচ্চবিদ্যালয়, পতেঙ্গা উচ্চবিদ্যালয়, পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয়, দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সেরা হয় পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। চূড়ান্ত পর্বে ‘দুর্নীতিই জাতির উন্নয়নের অন্তরায়’—এ বিষয়ের ওপর বিতর্কে অংশ নেয় দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয় ও পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। যুক্তি-পাল্টাযুক্তি আর তুখোড় বিশ্লেষণ শেষে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের রোকাইয়া আক্তার। সে বলে, ‘আমার স্কুল চ্যাম্পিয়ন হওয়ায় আমি অনেক খুশি, শ্রেষ্ঠ বক্তা হওয়ায় ভালো লাগছে খুব।’প্রতিযোগিতা শেষে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইনজীবী জানে আলম। বিশেষ অতিথি ছিলেন রফিকুল হাসান, ফসিউল আলম, নুরুল আলম, মো. ইউসুফ ও তানজিনা তাইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার্কিকের সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জানে আলম বলেন, ‘সত্য অনুসন্ধানে শিক্ষার্থীদের যুক্তির আশ্রয় নিতে হবে।’উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ‘আমরা চিন্তায় সৃজনশীল, যুক্তিতে নিষ্ঠ, মনে সত্যানুসন্ধানী, আচরণে সংস্কৃতিবান’—এ স্লোগানে আত্মপ্রকাশ করা বিতর্ক সংগঠন ‘তার্কিক’-এর এটিই প্রথম আয়োজন।