পতেঙ্গার শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে কেডি বয় ও বলবয়দের অংশগ্রহণে মাবিয়া গ্রুপ গলফ টুর্নামেন্ট গত ১৩ ফেব্রুয়ারি শেষ হয়েছে। মাবিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিমানবাহিনী এই টুর্নামেন্টের অয়োজন করে।
অনুষ্ঠানে বিএন আশার আলো স্কুল ও অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসিডিএফ) পুনর্বাসনকেন্দ্রের ৭০ জন অটিজম আক্রান্ত ও প্রতিবন্ধী শিশুকে সংবর্ধনা দেওয়া হয়।
টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার কমোডর মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মাবিয়া গ্রুপের পরিচালক মো. ফরিদুল আলম।
প্রধান অতিথি বলেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। তাদের সম্পদে পরিণত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিডিএফের চেয়ারম্যান মান্নান চৌধুরী, পরিচালক কামরুল ইসলাম, খায়রুল আলম, ওয়াশো (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার সাজ্জাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।