ঝোড়ো হাওয়ায় নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত পৌনে দুইটার দিকে উত্তর পতেঙ্গার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া দপ্তর এটিকে কালবৈশাখী বলে আখ্যায়িত করেছে।নগরের ৪১ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আবছার বলেন, ‘ঝোড়ো হাওয়ায় সমুদ্রসৈকতের প্রায় ১০০ দোকান, বিভিন্ন এলাকায় আরও শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী এই ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়েছে গাছপালাও। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে ক্ষতি ১০ লাখ টাকার বেশি হবে বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।’নগরের পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাত একটা ৪০ মিনিটে ঘণ্টায় ৩৮ নটিক্যাল মাইল বেগে দমকাসহ ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে। বাতাসের এ গতিবেগ প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল। একই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও ছিল।কাউন্সিলর নুরুল আবছার জানান, সমুদ্রসৈকতে প্রায় সাড়ে ৪০০ অস্থায়ী দোকান আছে। এর মধ্যে কমপক্ষে ১০০ দোকান ভেঙে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ মিনিটেরঝোড়ো হাওয়ায় উত্তর পতেঙ্গা ওয়ার্ডের গুচ্ছগ্রাম, নাজিরপাড়া, ফুলছড়িপাড়া, দুরিয়াপাড়া, চরপাড়া, দক্ষিণপাড়া ও লালদিয়ার চর এলাকায় কমপক্ষে ১০০ কাঁচা ঘরের চাল উড়ে গেছে। অনেক ঘর ভেঙে পড়েছে। এদিকে, শনিবার সকাল থেকে বৃষ্টিপাত ও বাতাসের পরিমাণ কমলেও আকাশ মেঘাচ্ছন্ন আছে। এর সঙ্গে মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।