আমি তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমাদের বাড়ির পাশে একটা হিন্দু পরিবার থাকত। সেই পরিবারে কলেজপড়ুয়া দুই বোন ছিলেন। আমি তাঁদের ‘আন্টি’ বলে ডাকতাম; তাঁরাও আমাকে খুব আদর করতেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে চার-পাঁচজন ছাত্র আমাদের ভাড়াবাসায় মেস করে থাকতে শুরু করলেন। অল্প দিনের মধ্যে তাঁদের সঙ্গেও আমার খুব ভাব হয়ে গেল। তাঁদের মধ্যে এক ভাইয়া আমাকে প্রায়ই চকলেট ইত্যাদি কিনে দিতেন (যদিও আসল ঘটনা টের পেলাম কিছুদিন পর)। হঠাৎ একদিন দেখি, ওই ভাই গোলাপ ফুলের পাপড়িসহ একটি চিঠি আমার হাতে ধরিয়ে দিয়ে সেই পরিবারের ছোট মেয়েটিকে দিতে বললেন, যাকে কিনা ওনার কাছে অবিকল নায়িকা মীনাক্ষী শেষাদ্রীর মতো মনে হয়। আমিও ‘মহা গুরুত্বপূর্ণ’ এই দায়িত্ব পেয়ে ‘কুচ পরোয়া নেহি’ মুডে গেলাম তা সম্পন্ন করতে; গিয়ে দেখি, দুই বোন তখন খোশগল্পে ব্যস্ত। আমি তাঁদের ছোটটিকে ডেকে নিয়ে সেই ‘বিশেষ’ পত্রখানা ধরিয়ে দিলাম। তিনি চিঠিটা না পড়েই ফেরত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘আব্বু, তুমি এখনো অনেক ছোট, বড় হও, তখন চিন্তাভাবনা করা যাবে।’ (তিনি বোধহয় মনে করেছিলেন চিঠিটা আমিই দিয়েছি)।লক্ষ করলাম, আন্টির সুন্দর মুখখানা হঠাৎ কালো হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম, দুষ্টুমির ছলে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। এরপর ভয়ে, লজ্জায় অনেক দিন আন্টির সামনে যেতে পারিনি। অনুতপ্ত হয়ে অনেকবার স্যরি বলতে চেয়েছি; সংকোচে তাও পারিনি। প্রিয় ‘ছুটির দিনে’র মাধ্যমে আন্টিকে বলছি, ‘এই লেখাটা যদি তুমি দেখে থাকো, বাল্যকালের ভুল মনে করে আমাকে মাফ করে দিও, প্লিজ (যদি বলো দশবার কানে ধরে ওঠবস করতে, তাতেও রাজি আছি।)’খাইরুল ওয়ারা চিরিংগা, চকরিয়া, কক্সবাজার।