সমুদ্রপথে মানব পাচার: চকরিয়ার ৫৮ ব্যক্তির খোঁজ নেই
পত্রিকার পাতায় স্বজনেরা খুঁজে ফেরেন প্রিয়জনের মুখ

কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলার ঈদমনি গ্রাম। ওই গ্রামের বাসিন্দা দুই সহোদর জিয়াবুল হক ও আবদুস শুক্কুর দালালের প্রলোভনে পড়ে মালয়েশিয়ার উদ্দেশে ট্রলারে ওঠেন গত ১০ এপ্রিল। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ নেই।
কী ঘটেছে দুই ভাইয়ের ভাগ্যে? আদৌ বেঁচে আছেন কি না তাও জানতে পারছেন না পরিবারের সদস্যরা। থাইল্যান্ডের জঙ্গলে গণকবরের সন্ধান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে ভাসমান মানুষের খবরে উৎকণ্ঠায় কাটছে পরিবারটির দিন। তাঁদের দৃষ্টি এখন প্রতিদিনের পত্রিকায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের ছবি ছাপা হলে তাতে খুঁজে ফেরেন প্রিয়জনকে।
জিয়াবুল হক, আবদুস শুক্কুরসহ ঈদমনি গ্রামের ১৯ জনের খোঁজ নেই। তাঁদের মধ্যে গত বছরের এপ্রিল মাসে ১০ জন ও চলতি বছরের ১১ এপ্রিল গেছেন ৯ জন। পুরো উপজেলায় নিখোঁজ রয়েছেন অন্তত ৫৮ জন। তাঁরা বিভিন্ন সময় মালয়েশিয়ার উদ্দেশে ট্রলারে ওঠেন। নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপে এই তথ্য পাওয়া যায়।
১২ মে ঈদমনি গ্রামে জিয়াবুল ও আবদুম শুক্কুরের বাড়িতে গেলে দেখা যায়, ঘরের দাওয়ায় বিষণ্ন মনে বসে আছেন তাঁদের মা বিবি নূর আয়েশা। ছেলেদের কথা তুলতে ডুকরে কেঁদে ওঠেন। নূর আয়েশা বলেন, এক মাস আগে দুই ছেলে মালয়েশিয়া যাবে বলে একই গ্রামের মিনহাজ উদ্দিনের মাধ্যমে কক্সবাজারে অবস্থান করে। ১০ এপ্রিল ছেলে শুক্কুর মুঠোফোনে জানায় মিনহাজকে ১০ হাজার টাকা দিতে। তার কথামতো মিনহাজকে টাকা দিই। ওই সময় শুক্কুর আরও জানায়, তারা কক্সবাজার থেকে নৌকায় রওনা দিয়েছে। পরে আরও টাকা দিতে হবে মিনহাজকে। এ জন্য যেভাবে পারে টাকা জোগাড় করে রাখতে। এরপর থেকে জিয়াবুল ও শুক্কুরের আর খোঁজ নেই। মিনহাজও কিছু বলছে না। ছেলের খবর জানতে চাইলে বলে আপাতত চুপ থাকতে।
এ সময় শাশুড়ির পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচলে চোখ মুছছিলেন জিয়াবুলের স্ত্রী তিন সন্তানের জননী ফাতেমা বেগম। তিনি জানান, তাঁর স্বামীর খোঁজ না পাওয়ায় মিনহাজের কাছে গেলে তিনি প্রশাসনের কড়াকড়িতে দালালেরা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন।
তবে মুঠোফোনে মিনহাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে টাকা নেওয়ার কথা ও সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে কাউকে পাঠানোর কথা অস্বীকার করেন। পরে নুর আয়েশার অভিযোগের কথা বললে বলেন, ‘মানুষের সঙ্গে লেনদেন থাকতে পারে না? লেনদেন বাবদ টাকা নিয়েছি।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
এদিকে কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগরের চার, খুটাখালী ইউনিয়নের গর্জনতলীসহ বিভিন্ন গ্রামের ২০, ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়ার দুই, কোনাখালী ইউনিয়নের হঙগ্রামের পাঁচ ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চোয়ারফাঁড়ি গ্রাম থেকে আটজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এলাকায় ঘুরে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। এর সত্যতা নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ‘ঈদমনি এলাকার ১৮ থেকে ২০ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শুনেছি, তাদের মধ্যে কেউ কেউ থাইল্যান্ডের কারাগারে, আবার কেউ কেউ প্রতারক চক্রের হাতে বন্দী অবস্থায় রয়েছে।’
ঢেমুশিয়া ইউপির চেয়ারম্যান রুস্তম গণি জানান, তাঁর ইউনিয়নের বাজারপাড়া এলাকার নুরে হাবিব ও রাসেল নামের দুই যুবক মালয়েশিয়ার উদ্দেশে সাগর পাড়ি দিয়ে এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। একইভাবে ইউপির চেয়ারম্যানদের মধ্যে কোনাখালীর দিদারুল হক সিকদার, খুটাখালীর আবদুর রহমান, কৈয়ারবিলের শরীফ উদ্দিন চৌধুরী, পশ্চিম বড় ভেওলার সাহাবউদ্দিন জানান, তাঁদের ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মালয়েশিয়া অন্য একটি দেশ হওয়ায় নিখোঁজ স্বজনকে ফিরে পেতে তাঁরা পুলিশের কাছে যান না। আবার অনেকে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন গোপনে। থাইল্যান্ড পৌঁছার পর দালালেরা টাকার দাবিতে নির্যাতন করলে তখন বাড়িতে ফোন করে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘২০১২ থেকে ২০১৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মানব পাচার প্রতিরোধ আইনে আটটি মামলা করা হয়। বিভিন্ন ঘাট ও এলাকা থেকে উদ্ধার হয়েছেন ৫৬ ব্যক্তি। ২৮ জনের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়েছেন আটজন। তিনি আরও বলেন, ‘বর্তমানে কারা মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই এসব প্রতারকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।’