পথ চলতে মানতে হবে
বাতাস কেটে মোটরবাইক নিয়ে দুরন্ত গতিতে চলা। খোলা হাওয়া বিলি কাটছে চুলে। দারুণ উপভোগ্য নিশ্চয়ই এ ভ্রমণ। কিন্তু মুহূর্তের ভুলেই হয়ে যেতে পারে বড় ক্ষতি। ঘটতে পারে দুর্ঘটনা। এর ক্ষতি থেকে আপনাকে অনেকখানি বাঁচাতে পারে হেলমেট। তেমনি গাড়ির সিটবেল্ট বাঁধাটাও রাস্তায় চলার নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। মোটরবাইক ও গাড়ি ব্যবহারকারীরা যদি হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করেন, তাহলে রক্ষা পেতে পারেন ছোটখাটো নানা ক্ষতি থেকে। এসবের জন্য আমাদের দেশে আইনও আছে। তবে আইন না মানতে মানতে এখন আমরা আইনের কথা যেন ভুলেই গেছি। তাই যে-ই সরকার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তখন সবাই বলছে, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে নতুন আইন আসছে। আসলে মোটর যান অধ্যাদেশ, ১৯৮৩ তে এসব বিষয় বলা আছে। আগামী ১ নভেম্বর থেকে এর কার্যকারিতা বা প্রয়োগটা শুধু দেখা হবে। জেনে নিন এ আইনের নানা বিষয়।হেলমেটরাস্তায় বের হলেই দেখা যায়, অনেক মোটরবাইক ব্যবহারকারীর (চালক ও আরোহী) মাথায় হেলমেট থাকে না। অনেকে গরমের কারণে হেলমেট ব্যবহার করতে চান না। কিন্তু আপনি যখন একা বা আপনার প্রিয় কাউকে নিয়ে মোটরবাইক চড়ে বের হবেন, তখন কিন্তু জীবনের নিরাপত্তার ব্যাপারটিই আসল। মাথায় হেলমেট না থাকায় ছোটখাটো দুর্ঘটনাও হয়ে যায় অনেক বড়। অনেক বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। কিন্তু হেলমেট ব্যবহারেই এ ধরনের ক্ষতি অনেকখানি এড়ানো সম্ভব। মোটরবাইকে আরোহীদের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা থাকলেও তার প্রয়োগ কমই চোখে পড়ে। সরকার আইনের প্রয়োগটি কড়াকড়ি করতে যাচ্ছে। ফলে আপনাকে রাস্তায় মোটরবাইক নিয়ে বের হলে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। না হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আপনাকে জেল-জরিমানা করতে পারে। বিআরটিএর চেয়ারম্যান আইউবুর রহমান জানান, যাঁরা আইন লঙ্ঘন করবে, তাঁদের সরকারি আদেশ অমান্য করার কারণে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। এ লক্ষ্যে বিআরটিএ এই মাসজুড়ে ব্যাপক প্রচারণা চালাবে। আগামী ১ নভেম্বর থেকে সারা দেশে একযোগে বিষয়টি কার্যকর হবে। আরও মনে রাখতে হবে, একটি মোটরসাইকেলে দুজনের বেশি ভ্রমণ করা বেআইনি। এ ক্ষেত্রেও আপনাকে সমপরিমাণ টাকা জরিমানা গুনতে হতে পারে। আর দুই আরোহীরই হেলমেট ব্যবহার করা উচিত।সিটবেল্টরাস্তায় চলা অনেক গাড়ির আরোহী সিটবেল্ট ব্যবহার করেন না। আবার অনেক গাড়িতে সিটবেল্ট নেইও। তবে সিটবেল্ট ব্যবহার করলে আপনি দুর্ঘটনায় বড় ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। আগামী ১ নভেম্বর থেকে এ ক্ষেত্রে আসছে কড়াকড়ি। প্রাইভেট কার, জিপ থেকে শুরু করে ছোট প্রায় সব ধরনের গাড়ির জন্য প্রথমে বাধ্যতামূলকভাবে দেখা হবে। পর্যায়ক্রমে বড় গাড়িগুলোতেও কীভাবে সিটবেল্টের বিষয়টি আনা যায়, তা নিয়েও চলছে আলোচনা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ছোট গাড়িগুলোর জন্য আরোহী সবার বেল্ট ব্যবহার বাধ্যতামূলক। বাদ যাবে না ব্যবহারে উপযোগী কেউই। এ ক্ষেত্রে আইন ভাঙলে তাকে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। হতে পারে জেলও। তাই সিটবেল্ট ব্যবহারে এখন থেকে অভ্যাস শুরু করতে পারেন। আর যদি সিটবেল্ট না থাকে, তবে তা লাগিয়ে নেওয়ার ব্যবস্থা করে নিন এর মধ্যেই।রাস্তা পারাপাররাস্তা পারাপারে ওভারব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং ব্যবহারও নভেম্বর থেকে বাধ্যতামূলক থাকবে। এর অন্যথা হলে শাস্তির ব্যবস্থা আছে।জীবনটা আপনার। জীবনের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে আপনাকে। তাই মোটরবাইক, গাড়ি যা-ই ব্যবহার করেন না কেন, হেলমেট বা সিটবেল্ট ব্যবহারে ভুল করবেন না। আপনার রাস্তায় চলা নিরাপদ ও নিশ্চিত হোক প্রতিদিন।