পথ দেখাচ্ছে তাহেরের স্ট্রবেরি
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পাশেই কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্র। কেন্দ্রের মাঠে প্রতিদিন অসংখ্য মানুষের জটলা। কেউ আসছেন টুকটুকে লাল স্ট্রবেরি কিনতে, কেউ চাষ সম্পর্কে জানতে কিংবা চারা কিনতে। কারণ পর্যটন নগর কক্সবাজারে প্রথম স্ট্রবেরি চাষ হচ্ছে এখানে। সাংস্কৃতিককেন্দ্রের কম্পিউটার অপারেটর, শহরের বাহারছড়া এলাকার আমির হামজার ছেলে আবু তাহের (২৯) নিজ উদ্যোগে শুরু করেন এই স্ট্রবেরির চাষ। এখন তাঁর দেখাদেখি শহরের শিক্ষিত বেকার যুবকেরা স্ট্রবেরি চাষে এগিয়ে আসছেন। বিদেশি এবং নতুন জাতের ফল হিসেবে স্ট্রবেরির চাহিদাও বেড়ে যাচ্ছে। প্রতিকেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লিলা মুরং জানান, কেন্দ্রের কাজকর্ম সেরে আবু তাহের অবসর সময়ে পরিত্যক্ত মাঠে ঝুঁকি নিয়ে প্রথমবারের মতো স্ট্রবেরির চাষ শুরু করেন। এখন তাহেরের স্ট্রবেরি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। তাহেরের মতো শিক্ষিত বেকার যুবকেরা এ কাজে এগিয়ে এলে সমাজে অভাব যেমন দূর হবে, তেমনি স্বাবলম্বী হতে পারবে। যেভাবে শুরুযাঁর কাজ কম্পিউটার নিয়ে বসে থাকা তিনি আবার স্ট্রবেরির চাষে ঝুঁকলেন কী করে? উত্তরে আবু তাহের বলেন, ‘কয়েক বছর আগে প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখেছি বাংলাদেশে স্ট্রবেরি চাষ হচ্ছে। তখন থেকে স্ট্রবেরি চাষের চিন্তা মাথায় আসে। এরপর স্ট্রবেরি ওপর প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মন্জুর রহমানের প্রতিবেদনটি পড়ে চাষ সম্পর্কে ধারণা নিই। কিন্তু স্ট্রবেরির চারা পাওয়া যায়নি বলে এত দিন চাষ করতে পরিনি। গত বছর খবর পেলাম চকরিয়ায় রেজাউল নামের এক যুবক স্ট্রবেরির চাষ করছেন। চলে গেলাম চকরিয়ার কাকারা গ্রামে-স্ট্রবেরির খেত দেখতে। গত অক্টোবর মাসে শুরু করি স্ট্রবেরি চাষের প্রথম কার্যক্রম। এর আগে কক্সবাজার শহরে কেউ স্ট্রবেরির চাষ করেনি। চাষের জন্য নির্ধারণ করা হলো সাংস্কৃতিককেন্দ্রের সামনে অব্যবহূত ১২ শতক জমি। কেন্দ্রের পরিচালক লিলা মুরং নতুন ফল চাষে উৎসাহ দেখালেন। কৃষি কার্যালয়ে নিয়ে গিয়ে মাটি পরীক্ষা করিয়ে আনা হলো। মাটি চাষের উপযোগী থাকায় শুরু করি চাষ। কেন্দ্রের কর্মচারী দেলোয়ার এবং রহিম আমাকে সহযোগিতা করছে। এখন খেতে স্ট্রবেরির মেলা। অগ্রিম অর্ডার আসছে হোটেল, মোটেল রেস্তোরাঁ ও বাসাবাড়ি থেকে। আগামী বছর এই চাষ পাঁচ গুণ বাড়ানোর চেষ্টা চলছে। লাভের পাল্লা ভারী আবু তাহের জানান, ‘প্রতিটি চারা কেনা হয় ২৫ থেকে ৩০ টাকায়। ১২ শতক জমিতে চারা রোপণ করা হয় প্রায় এক হাজার। এতে খরচ পড়ে ৩০ হাজার টাকা। সার, কীটনাশক ও শ্রমিক খরচসহ সব মিলিয়ে ব্যয় হয় ৫৫ হাজার টাকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফল উৎপাদন শুরু হয়। প্রতিদিন গড়ে পাঁচ কেজি স্ট্রবেরি তোলা হচ্ছে। গড়ে ৫০০ টাকা দরে দৈনিক আয় দুই হাজার ৫০০ টাকা। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফল বিক্রি করে আয় হয়েছে ৫২ হাজার টাকা। খেত থেকে আরও দেড় মাস ফল সংগ্রহ করা যাবে। আরও ১০০ কেজির বেশি ফল সংগ্রহ করা যাবে বলে আশা করছেন। এতে আয় হবে ৬০ হাজার টাকা। সব মিলিয়ে প্রথম বছরে খরচ বাদ দিয়ে লাভ হবে ৪০ হাজার টাকার মতো। এ কারণে আগামী বছর চাষ কয়েক গুণ বাড়ানোর চিন্তা করছি।’ তিনি জানান, শিক্ষিত যুবকেরা এই চাষ করে স্বাবলম্বী হতে পারেন। স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত বিপুল পরিমাণ জমি কক্সবাজারের বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। শুধু উদ্যোগ নিলে এই চাষ সর্বত্রই ছড়িয়ে দেওয়া যায়। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এগিয়ে আসতে পারে।