সারি সারি ছোট্ট সবুজ গাছ। তার মধ্যে লাল টুকটুকে স্ট্রবেরি। একটি-দুটি নয়, শত শত। আশপাশের খেতে ধান, ব্যতিক্রম শুধু এই ৫০ শতক। ফটিকছড়ির পৌর এলাকার মুনাফখিল গ্রামের খেতটি এখন আশপাশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুও বটে। লাভজনক হওয়ায় অনেকে এগিয়ে আসছেন স্ট্রবেরি চাষে। এই পথ দেখানো মানুষটি মোহাম্মদ সরোয়ার।‘গতানুগতিক চিন্তা-চেতনার বাইরে চলার চেষ্টা থাকে সব সময়। দেশের বিভিন্ন স্থানে স্ট্রবেরি চাষের সাফল্য দেখে আমিও উদ্বুদ্ধ হই। সিদ্ধান্ত নিই, এখানেই করব স্ট্রবেরি চাষ। এরপর চলে খোঁজখবর নেওয়া। অবশেষে স্বপ্ন পূরণের পথে চূড়ান্তভাবে এগোতে থাকি ২০১০ সালে।’ বললেন সরোয়ার।সরোয়ারের এখনো পড়াশোনা শেষ হয়নি। ফটিকছড়ি কলেজে স্নাতক (পাস) দ্বিতীয়বর্ষে পড়ছেন। পড়াশোনার পাশাপাশি ব্যস্ত থাকেন খেতখামার নিয়ে। কলেজের ক্লাস সেরে এসে পুরোটা সময় দেন স্ট্রবেরিখেতে।সম্প্রতি সরেজমিনে মুনাফখিল গ্রামে গেলে কথা হয় তাঁর সঙ্গে। জানান চাষ শুরুর কথা। তিনি বলেন, ‘২০১০ সালে চট্টগ্রাম শহরের বৃক্ষমেলা থেকে ১০টি স্ট্রবেরির চারা নিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করি। ১০টি চারাই টিকে যায় এবং ফল দিতে শুরু করে। আমারও আগ্রহ বেড়ে যায়। এরপর গত বছরের নভেম্বর মাসে রাজশাহী আঁকাফুজি এগ্রো টেকনোলজি ল্যাব থেকে প্রতিটি ২০ থেকে ২৫ টাকায় ১০ হাজার চারা কিনি। লাগাই ৫০ শতক জমিতে। এসব গাছ এখন পুরোপুরিভাবে ফল দিচ্ছে। দিনে ৩০ থেকে ৩৫ কেজি স্ট্রবেরি তুলছি।’জানা যায়, খেত থেকেই প্রতি কেজি স্ট্রবেরি পাঁচ থেকে ছয় শ টাকায় বিক্রি হচ্ছে। সরোয়ার দিনে প্রায় ২০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করছেন। সেই হিসাবে মাসে অন্তত ছয় লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করছেন তিনি। এপ্রিলের শেষদিকে পর্যন্ত ফল তোলা যাবে খেত থেকে।সরোয়ার জানান, ৫০ শতক চাষে খরচ হয় তিন লাখ ২৫ হাজার টাকা। ইতিমধ্যে খরচ উঠে গেছে। আগামী এক মাস স্ট্রবেরি বিক্রি করে যা আয় হবে তার পুরোটাই হবে লাভ। তিনি অন্তত তিন লাখ টাকা লাভের আশা করছেন। তিনি আরও জানান, আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করলে সফল হওয়া সম্ভব। তবে চাষের আগে মাটি পরীক্ষা করে পুষ্টিমাত্রা ও জাত নিরূপণ জরুরি। তা ছাড়া রাসায়নিক সারের বদলে জৈবসার প্রয়োগে স্ট্রবেরি চাষে ভালো ফলন হয়। নভেম্বর-ডিসেম্বর চারা রোপণের ভরা মৌসুম। দেখা গেছে, সরোয়ারের দেখাদেখি তাঁর নিজের গ্রামের কয়েকজন যুবক স্ট্রবেরি চাষে এগিয়ে এসেছেন। শুধু মুনাফখিল নয়, পাশের রোসাংগিরি গ্রামেও স্ট্রবেরি চাষ হচ্ছে। রোসাংগিরি গ্রামের চাষি মোহাম্মদ জুয়েল (২০) বলেন, ‘সরোয়ার ভাইয়ের চাষ দেখে আমিও স্ট্রবেরি চাষ শুরু করেছি। এটি লাভজনক। তবে প্রথমে ছোট পরিসরে শুরু করেছি। ভবিষ্যতে চাষ আরও বাড়াব।’স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সরোয়ার পড়ালেখা করে সেই জ্ঞান কাজে লাগাচ্ছে। তাঁর সাফল্য উদ্বুদ্ধ করছে আশপাশের চাষিদেরও। আসলে আমাদের এসব জমিতে স্ট্রবেরি চাষ করা যায়, সেটাই জানত না অনেকে। সরোয়ার সেই পথ দেখিয়েছে।’ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কাসেম জানান, বর্তমানে ছোট পরিসরে উপজেলার কয়েকটি স্থানে স্ট্রবেরি চাষ হচ্ছে। এতে ফলন ভালো হয়েছে।