পথ দেখালেন তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাউয়ের মাচাংয়ের নিচে চাষ করেছেন মাছ। ফেনীর দক্ষিণ কাশিমপুর গ্রামের চাষি তোফায়েলের সাফল্য পথ দেখাচ্ছে গ্রামের অন্য কৃষকদের l প্রথম আলো
লাউয়ের মাচাংয়ের নিচে চাষ করেছেন মাছ। ফেনীর দক্ষিণ কাশিমপুর গ্রামের চাষি তোফায়েলের সাফল্য পথ দেখাচ্ছে গ্রামের অন্য কৃষকদের l প্রথম আলো

একসময় নিজের জমি ছিল না তোফায়েল আহম্মদের। সংসারে নিত্য টানাটানি। তবে এখন তিনি রীতিমতো সচ্ছল চাষি। বিষমুক্ত পদ্ধতিতে করছেন লাউ চাষ। লউয়ের মাচার নিচে মাছের পোনা ও খেতের আইলে নানা পদের সবজির চাষ করে সফল হয়েছেন। তাঁর দেখাদেখি এলাকার অনেক চাষি এখন এই পদ্ধতি বেছে নিয়েছেন।
ফেনীর পাঁচগাছিয়া উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের তোফায়েল আহম্মদ এ মৌসুমে দুই বিঘা জমিতে লাউ চাষ করেছেন। লাউয়ের মাচার নিচে অল্প পানিতে মাছের পোনাও ছেড়েছিলেন। গত সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত এক লাখ ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। আরও অন্তত ৩০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। লাউয়ের পাশাপাশি পোনা বিক্রি করে লাভ করেছেন এক লাখ টাকা। গ্রামের ৩০ জনেরও বেশি চাষি এখন তোফায়েলের মতো বিষমুক্ত লাউ, মাছ ও সবজির চাষ করেছেন।
পাঁচগাছিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আজিজুল হক জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি প্রদর্শনী ও মাঠ দিবস পালনের মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাইব্রিড জাতের লাউয়ের বীজ ও সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব পদ্ধতিতে কীট দমন (ফেরোমেন সেক্স ট্র্যাপ) করে ফল পেয়েছেন তাঁরা। বিষমুক্ত লাউয়ের পাশাপাশি মাছ বিক্রি করেও সচ্ছলতা এনেছেন এলাকার কৃষকেরা।
এক সময় ট্রাক্টরের চালক ছিলেন তোফায়েল। যা আয় হতো তাই দিয়ে সংসার চালানোই কষ্টকর ছিল। কৃষি বিভাগের উৎসাহে ১৯৯৮ সালে লাউ চাষ শুরু করেন। প্রথমে অন্য একজনের ছোট এক টুকরো জমিতে লাউয়ের বীজ লাগান। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রতিবেশীদের কাছ থেকে ৫০ শতাংশ জমি ইজারা নিয়েছেন। থাকার জন্য তৈরি করেছেন টিনের ঘর। তিন ছেলেমেয়ে, বৃদ্ধ বাবা, বিধবা বোন, ভাগিনাসহ পরিবারের সদস্য সংখ্যা আটজন। বড় ছেলে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিজাইন টেকনোলজির শেষ বর্ষের ছাত্র। এক মেয়ে চতুর্থ শ্রেণি ও অপর মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে। ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসারের খরচ সবই লাউসহ অন্যান্য সবজি বিক্রির লাভ থেকেই আসছে।
তোফায়েল আহম্মদ আরও জানান, গত জুলাই মাসে মাঠে লাউয়ের চারা রোপণ করেন তিনি। দুই মাস পরই গাছে লাউ ধরা শুরু হয়। গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে লাউ বিক্রি করছেন। মৌসুমের শুরুতে বড় আকারের লাউ বিক্রি হয়েছিল ৬০ টাকা দরে। বর্তমানে একেকটি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। বিক্রির জন্য লাউ বাজারেও নিতে হয় না। পাইকারি ব্যবসায়ীরা প্রতিদিন সকালে ভ্যানগাড়ি ভর্তি করে কিনে নিয়ে যান। এ ছাড়া গত বছর লাউয়ের মাচার নিচে দেড় লাখ টাকার পোনা ছেড়েছিলেন। পোনা বিক্রি করেছেন আড়াই লাখ টাকার। লাভ হয়েছে এক লাখ টাকার মতো। দক্ষিণ কাশিমপুর গ্রামের কৃষক আবু তাহের, শেখ ফরিদ ও বদিউল আলম জানান, তাঁরা তোফায়েলের পথ অনুসরণ করে বিষমুক্ত লাউ, সবজি ও মাছের পোনার চাষ করেছেন। কম জমিতে এত বেশি লাভ হবে এটা ভাবেননি তাঁরা। এখন তাঁরা সবাই সচ্ছল চাষি।