পথ পাবে পথের ঠিকানা
ঢাকার রাজপথ। ফার্মগেট থেকে মোহাম্মদপুর যাওয়ার জন্য বাসে ওঠার চেষ্টা করছিলেন আরিফুল ইসলাম। ঘণ্টা খানেক ধরে গোটা দশেক বাসে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে উঠে গেলেন ফুটওভারের ওপর। আর তার পরের কথাগুলো শুনুন আরিফুলের মুখেই, ‘অফিস-আদালত থেকে মানুষগুলো পিলপিল করে বেরিয়ে আসছে। আর বাড়ি ফেরার জন্য হাপরে পড়ছে রাস্তার লোকাল কিংবা সিটিং গাড়িতে। সেই গাড়িগুলো যতক্ষণ না চলছে তার চেয়ে বেশিক্ষণ স্থির হয়ে থাকছে। তখন সিদ্ধান্ত নিই আর গাড়িতে নয় এখন থেকে পায়ে হেঁটেই পথ চলব।’এরপর থেকে আর গাড়িতে ওঠেননি আরিফুল। কিন্তু যে জন্য নিজে গাড়িতে উঠছেন না, সে জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে না! আর প্রতিদিন যত দুর্ঘটনা ঘটছে তার জন্যও তো কিছু করা চাই! আর নেই অখণ্ড অবসর, রাতারাতি স্লোগান তৈরি করে নেমে পড়লেন রাস্তায়। ১০.১০.২০১০ তারিখ সামনে রেখে শুরু করলেন হেঁটে পথচলা, তেঁতুলিয়া থেকে টেকনাফ। হাঁটার অভিজ্ঞতা বর্ণনা করে আরিফুল বলেন, ‘এ সময়ে আমি যে শুধু হেঁটেছি তা নয়, পথের মোড়ে দাঁড়িয়ে স্লোগান লেখা ব্যানারগুলো ঝুলিয়ে প্রচার চালাতাম। আর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাড়িচালকদের মধ্যে “গতি একটি নেশা—এ নেশা পরিহার করুন”, “দেখেশুনে রাস্তা চলুন”, “মহাসড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন”, “ট্রাফিক আইন মেনে চলুন” এসব লেখা টোকেন বিলি করতাম।’কাজ এগিয়ে চলেছে। সফলতা কতটুকু পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আরিফুল বলেন, ‘আসলে এ কাজের সফলতা রাতারাতি পাওয়া যাবে না। তবে সফল হওয়া ছাড়া পথ খোলা নেই। কারণ, যেখানে প্রচার চালাই, প্রতিটা জায়গাতেই দু-তিনজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী কাজ করছে এবং পরেও এরা আমার সঙ্গে কাজ করবে। সারা দেশে প্রচার শেষের পর প্রায় এক হাজার জন স্বেচ্ছাসেবী একযোগে কাজ করবে। তখন নিশ্চয়ই আরও বেশি কাজ করতে পারব এবং আরও বেশি সাড়া পাব।’আর তাগিদটা পাচ্ছেন কোথা থেকে? ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ হেঁটে চলার পথে সড়ক দুর্ঘটনায় নয়জনের সাক্ষাৎ মৃত্যু দেখেছি। এটা যেমন কাজ করার তাগিদ জোগায়, তেমনি আবার যখন এক মোড় থেকে টোকেন বিলি করে সামনের অন্য মোড়ে বিলি করতে যাই তখন দেখি, চালকেরা আমার কথা কিছুটা হলেও মেনে গাড়ি চালাচ্ছেন, এটাও বেশ উদ্বুদ্ধ করে।’ অনেক স্বপ্ন আরিফুলের চোখে। একদিন সড়কপথ নিরাপদ হবে। পথ খুঁজে পাবে সত্যিকারের ঠিকানা—এমনটাই প্রত্যাশা তাঁর।