পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি
অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা। কেউ রাঙামাটি এসেছে ঈদের ছুটি কাটাতে, আবার কয়েকজন স্থানীয়। শুনেছি, শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি নতুনপাড়ায় বাজারের পাশ দিয়ে হ্রদের ওপর নতুন একটা সেতু হয়েছে। এই সেতু রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দূরত্ব সোয়া এক ঘণ্টা থেকে কমিয়ে ৪০ মিনিটে এনেছে। সেতুটি পেরিয়ে মাত্র সাড়ে ১৯ কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে এগোলেই কাপ্তাই। সেই পাহাড়ি রাস্তার সৌন্দর্য নাকি দার্জিলিংয়ের সৌন্দর্যকেও হার মানিয়েছে। বাড়ির কাছেই এত সুন্দর জায়গা দেখার লোভ সামলাতে পারিনি। ছুটিতে মজাটা শত ভাগ পূর্ণ করতে তাই আমরা ছয় বন্ধু বেরিয়ে পড়লাম। আমাদেরই একজনের গাড়িতে চেপে রওনা দিলাম গ্র্রাম ছাড়া ওই পথের সন্ধানে। তখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তার রেশ তখনও রয়ে গেছে। সদ্যস্নাত প্রকৃতির সবকিছু। চারদিকের গাছপালা, হাওয়া—সবটাই সজল শ্যামল। নতুনপাড়ায় সেতুর ওপর পৌঁছে দেখি অনেক লোকের ভিড়। আমাদের মতো এমন দিনে ঘরে বসে থাকতে পারেনি ভ্রমণপিয়াসিরা। পড়ন্ত বিকেলের কনে দেখা আলোয় নিজেকে রাঙাতে বেরিয়ে পড়েছে। সেতুর দুই পাশে হ্রদের জলে পড়েছে টুকটুকে লাল সূর্যের রক্তিম আভা। এরই মাঝে অনেক দূর দিয়ে হ্রদের জল কেটে কেটে ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে ছোট ছোট নৌকা। আর মাঝে মাঝে জলের অতল থেকে ডুবুরির মতো মাথা তুলে এদিক-ওদিক তাকিয়ে আবার ডুব দিচ্ছে পানকৌড়ি। ওপাড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে দুটি তালগাছ। এখানে কিছুক্ষণ ঘোরের মধ্যে কাটিয়ে আমাদের ফের যাত্রা শুরু হলো। শুরু হলো এঁকেবেঁকে চলা পাহাড়ি পথ। সেতু থেকে দুই কিলোমিটার এগিয়ে যেতেই রাস্তার বাঁ পাশে চোখে পড়ল এক বৌদ্ধমন্দির। গেরুয়া রঙের কাপড় পরে কয়েকজন ভিক্ষু প্রার্থনায় রত। তঞ্চঙ্গ্যাপাড়া, ক্ষেপ্প্যাপাড়া, বিলাইছড়ি, জিবতলী, বরাদমসহ আদিবাসীদের ছোট ছোট পাড়ার ভেতর দিয়ে চলে গেছে পথ। দুপাশে পাহাড়। পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদিবাসীদের মাটির ঘর, নিকোনো উঠোন, বাঁশের মাচার ওপর তৈরি বেড়া, কাঠ ও শণের ঘর।রাস্তার কিছু অংশে পিচ ঢালাই করা, কিছু অংশজুড়ে লাল ইট বিছানো, আবার কোনো জায়গায় মেঠো পথ। প্রকৃতির এ রাজ্যে এমন যান্ত্রিক কোলাহল যেন গাছপালাদের পছন্দই নয়, তাই পাহাড়ি ঝোপঝাড় ও তরুলতা রাস্তার দুই পাশ থেকে ঝেঁপে এসে পথটাকে ছোট পায়ে চলা রাস্তায় পরিণত করেছে।প্রায় ১২ কিলোমিটার পথ পেরিয়ে যেখানে পৌঁছলাম, তার চারপাশে শুধু পাহাড়। অন্তহীন সবুজের ঢেউ। ঝিঁ ঝিঁ আর নাম না জানা পতঙ্গের ডাক, বুনো লতার গন্ধ। শেষ বিকেলের সূর্যের নরম আলোয় ঘন জঙ্গলের পাতার ফাঁকে আটকে থাকা বৃষ্টির জলকণা চিকচিক করছে।রাস্তার পাশে কোনো নির্দেশনা ফলক না থাকায় এমন নিবিড় চোখ জুড়িয়ে যাওয়া জায়গাটির নাম জানতে পারিনি। এই উঁচু পাহাড় থেকে পুরো রাঙামাটি শহরের অনেকটা অংশ দেখা যাচ্ছে। দূরের ঘরগুলোকে মনে হচ্ছিল যেন কাগজের তৈরি খেলনা। পাহাড়ের গা ঘেঁষে এঁকেবেঁকে চলে গেছে হ্রদ। মনে হচ্ছিল কোনো খেয়ালি শিল্পী যেন এই মাত্র এঁকে গেলেন অদ্ভুত এক জলরঙের ছবি।রাস্তার ঠিক পাশেই জুমে ফলেছে সবুজ কচি ধান। আমরা স্মারক হিসেবে কয়েক ছড়া কাঁচা ধান ছিঁড়ে নিই। জনমানবহীন এ রাস্তায় হঠাৎই দেখা গেল দুজন আদিবাসী নারীকে। পিঠে ঝোলানো বাঁশের তৈরি হাল্লুং (ঝুড়ির মতো), তার ভেতর থেকে উঁকি দিচ্ছে কলার মোচা, সাবারাং পাতা, আরও কত কী! একগাল হেসে তাঁদের একজন আমাদের বললেন, ‘মুরোত থাগদে বারি সুগ্ পাং (পাহাড়ে থাকতে খুব ভালো লাগে)।’প্রকৃতির রূপে এতটা বিভোর ছিলাম যে এসব দৃশ্য ক্যামেরাবন্দী করার কথা কারোরই মনে ছিল না। আমাদের বন্ধুটি গাড়ি চালাচ্ছিল খুব ধীরে। রাস্তাজুড়ে এত বেশি বাঁক, একটু উল্টোপাল্টা হলেই একেবারে খাদে গড়িয়ে পড়তে হবে। আমরা একটা পিকআপ ভ্যানের অভাব বোধ করছিলাম খুব। খোলা ভ্যানে চড়লে আরও বেশি মজা পেতাম। হঠাৎই বন্ধুটি খেয়াল করল, ফুয়েল নির্দেশক কাঁটা প্রায় শূন্যের কোটায়। ঝুপ করেই সন্ধ্যা নেমে গেল। পাহাড়ি রাস্তায় আটকা পড়ার ভয়ে দুরু দুরু কেঁপে উঠল আমাদের বুক। ভয় তাড়াতেই বোধহয় এক বন্ধু দরাজ গলায় আবৃত্তি শুরু করল, ‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি’।