পথ হারানো এএনসি
গত ৮ জানুয়ারি ঘটা করে শতবর্ষ উদ্যাপন করল দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। দলের হাজার হাজার সমর্থক ছাড়াও ৪৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এ জন্য সমবেত হয়েছিলেন দেশের মধ্যাঞ্চলের ব্লুমফন্টেইন শহরে।আজ থেকে ঠিক ১০০ বছর আগে বিশ্বের সবচেয়ে পরিচিত গণমুক্তি আন্দোলন এএনসির জন্ম। এ সংগঠনই বিশ্বকে নেলসন ম্যান্ডেলার মতো একজন নেতা উপহার দিয়েছে। গড়েছে আধুনিক দক্ষিণ আফ্রিকা তথা আফ্রিকা মহাদেশের ভিত। ৯৩ বছর বয়সে ম্যান্ডেলা এখনো বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। কিন্তু পর্যবেক্ষকদের নির্মোহ চোখে তাঁর দল এখন ব্যর্থতা, অন্তঃকলহ, দুর্নীতি ও ঔদ্ধত্যের সমার্থক হয়ে দাঁড়িয়েছে।এএনসির শতবর্ষে দক্ষিণ আফ্রিকায় প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব-নিকাশ চলছে। বর্ণবাদের অবসানের পর বেশ কয়েক বছর ক্ষমতায় থাকার কারণে তাদের অবদান খতিয়ে দেখা হচ্ছে। এএনসিতেও চলছে আত্ম-অনুসন্ধান। এসবের মধ্য দিয়ে যে চিত্রটা বেরিয়ে আসছে, তা দলটির জন্য খুব সুখকর নয়। দক্ষিণ আফ্রিকায় জাতিগত বিভক্তির ক্ষত এখনো সারেনি। বর্ণবাদের অবসানের পর নিয়মিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও আয়বৈষম্য লক্ষণীয়ভাবে বেড়েছে। পুনর্বণ্টন কর্মসূচির মাধ্যমে মূলত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অভিজাতেরা লাভবান হয়েছেন। বেশির ভাগ শ্বেতাঙ্গ ও কিছু কৃষ্ণাঙ্গের বাস সমাজের উঁচু স্তরে। পাঁচ কোটি মানুষের মধ্যে ৮৭ লাখের দৈনিক আয় সোয়া এক ডলার বা তার চেয়েও কম। এদের বেশির ভাগই কৃষ্ণাঙ্গ।জাতির বিবেক হিসেবে পরিচিত নোবেল শান্তি পুরস্কারজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু সম্প্রতি দুটি বক্তব্যের মাধ্যমে দেশে হইচই ফেলে দেন। প্রথম বক্তব্যে তিনি শ্বেতাঙ্গদের সম্পদ কর দেওয়ার আহ্বান জানান। শ্বেতাঙ্গরা অব্যাহতভাবে যে সুযোগ-সুবিধা পাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে এই কর দিতে বলেন টুটু। দ্বিতীয় বক্তব্যে টুটু বলেন, এএনসি অতীতের শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকারের চেয়েও খারাপ! দক্ষিণ আফ্রিকাকে শুধু কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গদের দেশ থেকে সত্যিকারের ‘রেইনবো নেশনে’ রূপান্তরে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেছেন টুটু। এএনসির জন্ম ব্লুমফন্টেইন শহরে। শহরপ্রান্তে অবস্থিত ‘মাপহিকেলা হাউসে’ শতবর্ষ আগে যাত্রা শুরু করে সংগঠনটি। শহরকেন্দ্র থেকে মাপহিকেলা হাউসের পথের স্বল্প দূরত্বের মধ্যেই দক্ষিণ আফ্রিকার সমাজের বিভক্তি চোখে পড়ে। গাছগাছালিময় ঝকঝকে তকতকে কেন্দ্র থেকে রেললাইন পেরোলেই হতশ্রী শহরতলি। সেখানে নেই সবুজের চিহ্ন। রাস্তাঘাট খানাখন্দে ভরা। আর সেখানকার সব মানুষই কালো। মাপহিকেলা হাউসকে পরিত্যক্ত গুদামঘরের মতোই দেখায়। ভবনের দরজা-জানালাগুলো ভাঙা। দরজার পাশে কেউ হাতে লিখে রেখেছে ‘দুর্বৃত্ত ম্যানশন’!স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ এলাকায় বেকারত্বের হার ৫৬ শতাংশ। যাঁদের চাকরি আছে তাঁদের ৫৯ শতাংশেরই মাসিক আয় ১০০ ডলার কিংবা তার চেয়ে কম। মাপহিকেলা হাউসের বিপরীতে থাকেন টুমেলো লেকহো (২০) নামের এক তরুণ। স্কুল পাস করার পর এক বছর বেকার থেকে রাস্তা ঝাড়ু দেওয়ার চাকরি পেয়েছেন তিনি। লেকহো বলেন, ‘এএনসি দুর্নীতিতে নিমজ্জিত। এখানে কোনো ভালো সড়ক, উদ্যান বা ভালো মানের স্কুল নেই। নেই চাকরিও। এএনসির লোকজন টেন্ডার জেতার জন্য ব্যস্ত।’ লেকহো বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকার নতুন এক সংস্কৃতির কথা উল্লেখ করেন। এর নাম ‘টেন্ডারপ্রেনার’। সহজেই বোঝা যায়, পরিশ্রমী সৎ এন্ট্রাপ্রেনিউর (উদ্যোক্তা) নয়, টেন্ডারবাজিতে দক্ষ ব্যবসায়ীদের বোঝাতেই ‘টেন্ডারপ্রেনিউর’ শব্দটি চালু হয়েছে। এরা সরকারি টেন্ডার জিতে বিত্তশালী হয়েছে। সরকারের বিশেষ নিরীক্ষা সংস্থা হিসাব কষে বের করেছে, বার্ষিক সরকারি ব্যয়ের প্রায় এক-চতুর্থাংশ পাওনার চেয়ে বেশি পরিশোধসহ অন্যান্য দুর্নীতির কারণে অপচয় হয়। অডিটর জেনারেল বলেছেন, সরকারি বিভাগগুলোর এক-তৃতীয়াংশই নিজেদের কর্মকর্তা কিংবা তাঁদের পরিবারের মালিকানাধীন কোম্পানিকে কাজ দিয়ে থাকে।আরব বসন্ত আন্দোলনের অভিজ্ঞতায় দেখা গেছে, যেসব দেশের সরকার জাতীয় স্বার্থ থেকে নিজের স্বার্থ আলাদা করতে পারে না, তারা নিজেদের ঘনিয়ে আসা পতনও আগে থেকে বুঝতে পারে না। এএনসির ক্ষয়ের লক্ষণগুলো স্পষ্ট। ২০০৪ সালের নির্বাচনে তাদের প্রতি জনসমর্থন তুঙ্গে ওঠে (৬৯ শতাংশ)। আবার ২০১১ সালের স্থানীয় নির্বাচনে তা কমে ৬১ শতাংশে নেমেছে। গত ডিসেম্বরে উপনির্বাচনে তিনটি নিরাপদ আসন হারিয়েছে তারা। অন্যদিকে ডিএর সমর্থন বাড়ছে। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনের ১ দশমিক ৭ থেকে তাদের সমর্থন বেড়ে ২০০৯ সালে ১৬ দশমিক ৭ এবং ২০১১ সালে ২৩ দশমিক ৮ শতাংশে উঠেছে। ২০০৯ সালে ডিএ পশ্চিম কেপ প্রদেশের ক্ষমতা নেয়। ডিএ নেতা হেলেন জিল বলেন, ২০১৪ সালের নির্বাচনে আরও দুটি প্রদেশ এবং ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার গঠন করার লক্ষ্য তাদের। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকায় প্রকৃত গণতন্ত্র আনতে হলে এএনসিকে ক্ষমতা থেকে সরাতে হবে। গত সাধারণ নির্বাচনে হেলেন জিল তাঁদের প্রচারণার মূলমন্ত্র করেন এই কথাটিকে: এএনসি ম্যান্ডেলার সুনামের প্রতি বেইমানি করেছে।প্রেসিডেন্ট জ্যাকব জুমা কিছুই করছেন না তা নয়। এএনসির মন্দ রেকর্ড নিয়ে মাঝেমধ্যে খোলামেলা কথাবার্তা বলেন তিনি। দুর্নীতি দমনে কিছু ব্যবস্থাও নিয়েছেন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে জুমা বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আমি দেশের অনেক জায়গা পরিদর্শন করেছি। সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি।’ দুর্নীতি রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন জ্যাকব জুমা। তিনি দুই মন্ত্রী ও পুলিশ প্রধানসহ বিপুলসংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এ ছাড়া ৪৮০ কোটি ডলারের বিতর্কিত ইউরোপীয় অস্ত্র চুক্তি নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন। দুর্নীতির সন্দেহে যাঁদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন দুজন মন্ত্রী, দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং এএনসির যুবশাখা ইয়ুথ লিগের প্রধান জুুলিয়াস মালেমা। সুশাসনের পথে এএনসির একটি বড় বাধা দলীয় বিভক্তি। বর্তমানে দলটিতে দেখা যাচ্ছে স্মরণকালের মধ্যে তীব্রতম অন্তঃকোন্দল। এর মূলে রয়েছে প্রেসিডেন্ট জ্যাকব জুমার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ। দলের দুর্নামের অভিযোগে এর যুব সংগঠনের প্রধান জুলিয়াস মালেমাকে গত নভেম্বরে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। এ ঘটনাকেও বিভক্তির অন্যতম বহিঃপ্রকাশ বলে মনে করা হয়। এএনসির যুব সংগঠন সক্রিয়ভাবে জুমার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার বিরোধিতা করছে। সরকার ও দলের নিয়ন্ত্রণ নিয়ে চলছে নেতাদের মধ্যে দ্বন্দ্ব। এ ছাড়া বিভিন্ন পরিষেবার দূরবস্থার জন্য দরিদ্র জনগোষ্ঠীর বিক্ষোভ দানা বাঁধতে পারে। সব মিলিয়ে শতবর্ষ উদ্যাপনের বছরটি এএনসির জন্য টালমাটাল সময় হতে পারে। সূত্র: টাইম সাময়িকী