পথ হারিয়ে বেস ক্যাম্পের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশিমুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণবিকেলটা চামের আশপাশে ঘুরে কাটিয়ে দিলাম। এ সময় কিঞ্চিৎ মাথাব্যথা বিদ্যুৎ চমকানোর মতো উদয় হয়ে ফের নিমেষেই উধাও হয়ে যাচ্ছে দেখে সবার পরামর্শে রসুনের স্যুপ খেলাম। সে সঙ্গে চলল প্রচুর পানি আর চা পান। খরচ বাঁচাতে তৌহিদ হোসেন, সারিন প্রকাশ প্রধান আর আমি—তিনজনই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়েছি। রাতের খাবার খেয়ে আটটার মধ্যেই সবাই চললাম সেই কক্ষে। কারণ, পর্বতের গ্রামগুলোতে খুব দ্রুত রাত নামে, ভোরও হয় দ্রুত। ঠান্ডা ঠেকাতে আমার জন্য আনা হলো দুই প্রস্থ কম্বল। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগল না।আকাশে রাতের আঁধারের চিহ্ন উধাও হতেই ঘুম ভাঙল। সকালের নাশতা সেরেই বের হয়ে পড়লাম। ৬ জুনের গন্তব্য পিসাং (উচ্চতা তিন হাজার ১৯০ মিটার/১০ হাজার ৪৬৩ ফুট)। মারসিয়াংদি নদীর কোল ঘেঁষে মারসিয়াংদি উপত্যকা ধরেই পুরো পথ চলতে হচ্ছে। ব্রাটাং পার হয়ে স্বর্গদুয়ারী পর্বতের কাছে পৌঁছাতে বেলা ১১টা বেজে গেল। স্বর্গদুয়ারী পর্বত নিয়ে এখানকার গ্রামবাসীর মধ্যে বেশ রহস্য চালু আছে। হাতের চেটোর মতো দেখতে এই পর্বতের ভেতর দিয়ে নাকি স্বর্গে পৌঁছা যায়!ধুকুরপোখারি পৌঁছে দুপুরের খাবার খাওয়ার পরিকল্পনা থাকলেও আরও এগিয়ে পিসাংয়ে খাওয়াদাওয়া সারার সিদ্ধান্ত নিলাম। আমাদের পরিকল্পনা ছিল, যদি পিসাং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়; তাহলে এখানেই রাত কাটিয়ে পরদিন বেস ক্যাম্পের দিকে যাব। কিন্তু মাত্র দুইটা বাজে। হুমদে মাত্র ঘণ্টা দুয়েকের পথ। কাজেই হুমদে (উচ্চতা তিন হাজার ৩২০ মিটার/১০ হাজার ৮৯০ ফুট) পর্যন্ত গিয়ে এক দিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করা হলো। হুমদে পৌঁছার পরই খবর পেলাম, ধ্রুব জ্যোতি ঘোষ সহযোগী দলের সঙ্গে অন্নপূর্ণা-৪ বেস ক্যাম্প গিয়েছেন। কিন্তু এখনো ফেরেননি। তবে এর মধ্যে পোর্টার সরদার দুবার বেস ক্যাম্প থেকে হুমদে ঘুরে গেছেন।৮ জুন সকাল সাতটার মধ্যেই বেস ক্যাম্পের ট্রেইলে নেমে পড়লাম। এই সকালেই গ্রামবাসী ঘোড়ায় করে তাদের গন্তব্যে ছুটছে। তাদের সঙ্গে অভিবাদন বিনিময়ের পর হুমদে থেকে মানাং যাওয়ার মূল ট্রেইল ছেড়ে ‘সবজে খোলা’ নামক জায়গায় অন্নপূর্ণা-৪ বেস ক্যাম্পের ট্রেইল ধরলাম। এ পথে আগে কখনো ট্রেক করা হয়নি। শুধু ম্যাপে পথ দেখে দেখে এগোচ্ছি। প্রথমেই একটা জলবিদ্যুৎ উৎপাদনের স্থাপনা চোখে পড়ল। এরপর তিন ঘরবিশিষ্ট একটা গ্রাম পার হলাম। এটাই ‘সবজে খোলা’ গ্রাম। এর পর এক বিস্তীর্ণ মাঠ। এখানে পিঠ থেকে ব্যাগপ্যাক নামিয়ে শরীর থেকে বাড়তি কাপড়চোপড় খুলতেই দেখি ভোজবাজির মতো ধ্রুব জ্যোতি দাদা হাজির। তিনি বেস ক্যাম্প থেকে নেমে আজ হয় হুমদে, নয়তো মানাং যাবেন।আমাদের দেখে তিনি হইহই করে উঠলেন। জানালেন, এ কদিন তিনি বেস ক্যাম্পেই ছিলেন—শেরপা আর কিচেন স্টাফদের সঙ্গে। কুক তাঁকে বেশ খাইয়ে খাতির জমিয়ে ফেলেছেন। আরও জানালেন, বেস ক্যাম্পে যাওয়ার সময় তিনি মূল সহযোগী দলের চেয়ে ট্রেকিংয়ে কিছুটা ধীরগতির হওয়ায় ৩ জুন বেস ক্যাম্পের অনেক নিচে পথ হারিয়ে ফেলেছিলেন। হোয়াইট আউটের মধ্যে যখন আর পথ খুঁজে পাননি এবং সন্ধ্যাও নেমে এসেছিল, তিনি ‘ব্র্যাকাপ’ করে পাথর তুলে তার ওপর পলিথিন দিয়ে একটা আশ্রয় তৈরি করে রাত কাটানোর ব্যবস্থা করছিলেন। এমন সময় শেরপা আর পোর্টাররা তাঁকে খুঁজে পেতে সক্ষম হন এবং তাঁকে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বেস ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন।ধ্রুব জ্যোতি দাদা আরও জানালেন, সোম বাহাদুর, গণেশ মাগার আর কৈলাস, এই তিনজন শেরপার দল খুবই কর্মঠ। বিশেষ করে কৈলাস তামাংয়ের কাজের তারিফ করে বললেন, ‘ছেলেটি অন্যদের চেয়ে অনেক শক্তিশালী। তাঁরা আজকের (৮ জুন) মধ্যেই ক্যাম্প টু স্থাপন করার জন্য রওনা দিয়েছেন। আর আমি নিচে নেমে এসেছি। তবে আমার আইসবুট থাকলে আমাকে কেউ অন্নপূর্ণা-৪ অভিযানে অংশ নেওয়া থেকে ঠেকাতে পারত না।’ তিনি আঙুল দিয়ে ট্রেইল দেখিয়ে দিয়ে বললেন, ওই ওপরে যেখানে দেখবে যে পর্বতের রিজটা ভাগ হয়ে গেছে, সেখানেই কিন্তু পথ হারানোর আশঙ্কা। সুতরাং রিজ কখনো ছাড়বে না। এই বলে তিনি আমাদের সাফল্য কামনা করে নিচে নেমে গেলেন।এখানে চকলেট আর পানি খেয়ে আমরাও পর্বতের রিজ ধরে এগোতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর—বেলা দুইটার দিকে এই রিজে পর্বতের বাতাস প্রচণ্ড বেগে বইতে শুরু করল। একবার তো ধাক্কা মেরে রিজ থেকে ফেলেও দিল। বাতাসের কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সবাই রিজ ছেড়ে কিছুটা নেমে পর্বতের গায়ের ওপর দিয়ে এগোতে শুরু করলাম। এ অবস্থায় মাথার ওপর সূর্য তার তাপ ঢালছে। কিন্তু তার পরও বাতাসের কারণে ঠান্ডা অসহ্য হয়ে উঠলে ব্যাগ থেকে উইন্ডব্রেকার জ্যাকেট বের করে পরে নিলাম।বেলা তিনটার দিকে ঘটল বিপত্তি। দাদা যে জায়গার কথা বলে সাবধান করে দিয়েছিলেন, সেখানেই পথ হারালাম। সবাই ডায়নামিক মোরেইনের ওপর ব্যাগ রেখে ট্রেইল খোঁজা শুরু করলাম। পথ হারিয়েছি প্রায় তিনটার সময়। কিন্তু ঘণ্টা দুয়েক হয়ে গেল—পথের কোনো হদিস নেই। দাদার কথিত রিজ কিন্তু চোখের সামনেই। অথচ সেটাকে বিবেচনায় না এনে, মোরেইনের ওপর বেস ক্যাম্পের খোঁজ চলছে। আর মাঝেমধ্যেই চিৎকার করে সোম, গণেশ আর কৈলাসের নাম ধরে ডাকছি। যদি কেউ শুনতে পেয়ে আমাদের উদ্ধার করতে এগিয়ে আসেন, এমন আশায়ই এই চিৎকার। এমন সময় হঠাৎ করে হোয়াইট আউট হয়ে চারদিক সাদা হয়ে গেল। এদিকে সারিন বেশ দূরে চলে যাওয়ায় তাঁকে ফেরার জন্যও চিৎকার করতে হলো।সারিন ফিরলে সিদ্ধান্ত নিলাম যে এখানেই ব্যাগ রেখে সবজে খোলা গ্রামে নেমে যাব। সঙ্গে থাকবে শুধু হেডল্যাম্প, ফেদার জ্যাকেট, ডাউন স্লিপিং ব্যাগ, পানির বোতল আর চকলেট। আগামীকাল ফের বেস ক্যাম্পের সন্ধান চালানো যাবে। [email protected]বাকি অংশ আগামী পর্বে