আমার মা গান গাইতেন। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হয়, যখন বুঝি শৈশব থেকে আমি যাকে শিল্পের আধার বলে জানি, আমার মায়ের সেই বৈশিষ্ট্যের ছিটেফোঁটা হলেও আমার মধ্যে সঞ্চালিত হয়েছে। খুব মনে পড়ে চাঁদের আলোতে বাবার কোলে গুটিসুটি হয়ে বসে পারিবারিক জলসায় কোনো বাদ্যযন্ত্র ছাড়াই মায়ের কণ্ঠে গান শুনতাম। হয়তো সে জন্যই গান আমার মনের এত গভীরে জেঁকে বসেছে। মায়ের কাছে প্রথম গান শেখা, তারপর একটু বড় হয়ে ওস্তাদ সাইফুল ইসলাম ও কাদের সিদ্দিকীসহ অনেকের কাছে তালিম নিয়েছি। সব সময় আমার বাবা, মা, বোন ও ভাই আমাকে উৎসাহ দিয়ে থাকে। আবদুল আলিমের কণ্ঠে পল্লিগীতি শুনে বিস্মিত হয়ে ভাবি, একটা মানুষ কেমন করে এমন নিবিড় পল্লির বাউলের মতো গান গাইতে পারেন। শিল্পকলা একাডেমী থেকে উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছি। নজরুলসংগীতের ওপর আমার দুর্বলতা আজন্ম। ছায়ানট থেকে নজরুলসংগীতের ওপর তালিম নিচ্ছি।ধূসর মেঘের গর্ত থেকে বেরিয়ে আসে এক নতুন রুপালি চাঁদ। হঠাৎ নিজেকে চাঁদের ভেতর আবিষ্কার করি, যেখানে নিজের অজান্তেই হাঁটা শুরু করেছি। ভালো শিল্পী হওয়ার স্বপ্নে আমার পথচলা।রোকেয়া ইয়াসমীনশিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।