১৯৮৮ সালে চট্টগ্রামের সংগীতপ্রেমী কয়েকজন তরুণ গঠন করেছিলেন স্পার্ক মিউজিক্যাল ব্যান্ড। বিগত ২৫ বছরে ব্যান্ড দলটি অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। দীর্ঘ এ পথচলায় সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ভান্ডার। ১৯ অক্টোবর নগরের হোটেল আগ্রাবাদের ইছামতী মিলনায়তনে ব্যান্ড দলটির ২৫ বছর পূর্তি উৎসব হয়ে গেল। বর্ষপূর্তির এই আনন্দ আয়োজনে ব্যান্ডটির বর্তমান ও সাবেক সদস্যরা ছাড়াও এসেছিলেন বহু তারকা শিল্পী।
সন্ধ্যায় কেক কেটে এ আনন্দ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) সাবেক সভাপতি সুব্রত বড়ুয়া, মইনুদ্দীন আহমেদ, জ্যাকব ডায়াস ও দেওয়ান মাকসুদ।
উদ্বোধনী পর্বের শেষে স্পার্কের নতুন লাইন আপের সদস্যদের পরিবেশনায় শুরু হয় গানের আসর। শুরুতেই ভোকাল ইকবাল হোসেনের নেতৃত্বে পরিবেশিত হয় চলে যাব একদিন অ্যালবামের ‘হারানো দিনের সেই তুমি’ শিরোনামের গানটি। এরপর তাঁরা পরিবেশন করেন ‘অন্য জীবন’ ও ‘আমি বিজয় দেখেছি’ শিরোনামের দুটি গান। পপসম্রাট আজম খানকে স্মরণ করে স্পার্ক পরিবেশন করে ‘পাপড়ি কেন বোঝে না’।
গান শেষে কথামালা নিয়ে মঞ্চে আসেন ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম ও সংগীতশিল্পী সাইফুদ্দিন মোহাম্মদ খান। এরপর মঞ্চে আলো ছড়ান স্পর্কের সাবেক সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল।