১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা। চট্টগ্রামের প্রবীণ ও নবীন ২৫ জন নাট্য ও সংস্কৃতিকর্মী প্রজ্বালন করলেন মঙ্গলপ্রদীপ। সেই সঙ্গে মঞ্চ থেকে ভেসে এল প্রেরণাদায়ী গান ‘সংকোচেরও বিহ্বলতায় নিজেরই অপমান’। এ গানের সুরেই যেন বদলে গেল পরিবেশ। শুরু হলো জন্মদিনের আনন্দযজ্ঞের আয়োজন। এভাবেই কথা, গান ও কবিতায় নগরের জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে উদয্াপিত হলো নাট্যদল নান্দীমুখের পথচলার ২৫ বছর। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর নাট্যকার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে এবং সৃজনশীল কাজের অংশ হিসেবে নান্দীমুখের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যসচিব মিজানুর রহমান। এরপর জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আনন্দযজ্ঞের প্রথম পর্বের আয়োজন।
নান্দীমুখের দলীয় প্রধান অভিজিৎ সেনগুপ্তের সঞ্চালনায় শুরু হয় আয়োজনের দ্বিতীয় পর্ব। এ পর্বে ছিল সাংস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপনের পালা। একে একে এ আয়োজনে অংশ নেন নাট্যকার ম. সাইফুল আলম চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, সংস্কৃতিকর্মী অনুপ সাহা, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দীন, নির্দেশক শেখ শওকত ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কুন্তল বড়ুয়া প্রমুখ। আলোচনা ও শুভেচ্ছা জ্ঞাপনের ফাঁকে গান ও কবিতা পরিবেশন করেন দীপ্তা রক্ষিত, দুলাল দাশগুপ্ত, জাহানারা বেগম ও বিকিরণ বড়ুয়া।