পথচলার ৭৬ বছর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মার্চ সকাল ১০টা। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বেজে উঠল—‘আমার সোনার বাংলা/ আমি তোমায় ভালোবাসি’। শুরু হলো দিনব্যাপী আয়োজন। ছিল নাচ-গান, কথামালা ও সম্মাননা প্রদান। সংগীত পরিষদের ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক চিত্ত প্রসাদ তালুকদার।
জাতীয় সংগীতের পরিবেশনা শেষে সংগীত পরিষদের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন নাদের খান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ফাস্ট সেক্রেটারি রাকেশ রমেন, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর ও সাংবাদিক বাসুদেব ধর। সম্মাননা প্রদান করা হয় চারুশিল্পী নাসিম বানু ও ওস্তাদ মিহির লালাকে। এরপর ২০১৪ সালে পরিষদের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
কথামালা শেষে সংগীত পরিষদের শিক্ষার্থীদের সমবেত বিহাগ রাগের পরিবেশনার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজন।
এরপর একে একে সমবেত কণ্ঠে রবীন্দ্র ও নজরুলসংগীত, দেশাত্মবোধক ও ছড়াগানে মুখর থাকে মিলনায়তন। ‘একটি বাংলাদেশকে দেখি’ গানের সমবেত পরিবেশনার মাধ্যমে শেষ হয় সকালের সাংস্কৃতিক পর্বের আয়োজন।
বিকেলের পর্ব শুরু হয় পরিষদের শিক্ষার্থীদের সমবেত পূরবী রাগের পরিবেশনার মাধ্যমে। এরপর সমবেত কত্থক নৃত্যের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নৃত্যের পর একক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সুভদ্রা সংযুক্তা সেন, অনন্যা বড়ুয়া, স্নেহা বিশ্বাস, তরী সেন ও সেতু ভৌমিক।
রবীন্দ্রসংগীত শেষে মঞ্চে নৃত্যের ঝংকার। ‘ধিতাং ধিতাং বোলে’, ও ‘প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে’ গানের সঙ্গে সমবেত নৃত্য মুগ্ধতার আবেশ ছড়ায়। ‘জানালার কোল ঘেঁষে’ গানের সমবেত পরিবেশনার মাধ্যমে শেষ হয় পরিষদের ৭৬ বছর পূর্তির এ বর্ণিল আয়োজন।