পথচলায় সঙ্গী স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যে উচ্ছল শিক্ষার্থীরাই এই কলেজের প্রাণ
তারুণ্যে উচ্ছল শিক্ষার্থীরাই এই কলেজের প্রাণ

‘সাহিত্যে কিং লিয়ার একমাত্র ট্র্যাজেডি, যেখানে শেক্সপিয়ার মনের ভেতরের ও বাইরের ঝড়কে একসঙ্গে মঞ্চে উপস্থাপন করেছেন।’ কথা শুনে চট করে ফিরে তাকাতে হলো। বক্তার নাম স্বর্ণা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগে পড়ছেন। ১৫ মার্চ যখন কলেজটির বিভাগগুলো ঘুরে দেখছি, এক ফাঁকে দেখা হলো স্বর্ণা ও তাঁর বন্ধুদের সঙ্গে। ক্লাসরুমে বসে কিং লিয়ার নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। সে আলোচনা এতই মনোমুগ্ধকর যে শিক্ষার্থীদের অনুমতি নিয়ে পাশে বসে কিছুক্ষণ তাঁদের কথা শোনার ইচ্ছে দমিয়ে রাখা গেল না।
ইংরেজি ছাড়াও নবনির্মিত চারতলা ভবনটিতে আছে আরও তিনটি বিভাগ। ক্লাসরুমগুলো সুন্দর। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সৌন্দর্য অবশ্য ঢোকার পথেই এক দফা দেখা হয়েছে। সবুজ ঘাসের মাঠে পা রাখতেই স্বাগত জানিয়েছে পশ্চিম ও উত্তরের কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির গাছ। ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় থেকে কুমারশীল মোড় পর্যন্ত রাস্তাটিই শহরের প্রধান সড়ক। রাস্তা থেকে পূর্ব দিকে তাকালে বহু দিনের পুরোনো কলেজ সবার দৃষ্টি আকর্ষণ করে। রাস্তায় দাঁড়িয়েই চোখে পড়ে ছেলেমেয়েদের গল্প, আড্ডা, হইচই...।
কলেজের নিজস্ব মাঠ না থাকলেও উত্তর দিকে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের বিশাল মাঠটি কলেজমাঠ হিসেবেই সবাই চেনে। এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস), ১৬টি বিষয়ে স্নাতক, নয়টি বিষয়ে স্নাতকোত্তর প্রথম পর্ব ও ১৩টি বিষয়ে স্নাতকোত্তর শেষ পর্ব মিলিয়ে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। নিয়মিত শিক্ষকের সংখ্যা ৮০ জন, এর বাইরেও আরও ১০ জন শিক্ষক ক্লাস নিচ্ছেন। পড়াশোনার মান উন্নত করতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকের সংখ্যা বাড়াতে চেষ্টা করছেন।
১৯৪৮ সালে স্থানীয় গুণীজনদের উদ্যোগে কলেজটি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে করা হয় জাতীয়করণ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের জন্মের পেছনের গল্প শোনালেন নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও গবেষক মো. মুছা। শুরুর সময়টাতে তৎকালীন মহকুমা প্রশাসক সুলতান আহাম্মেদ এলাকাবাসীকে নিয়ে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে কলেজের উত্তর দিকে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের (তৎকালীন নাম জর্জ হাই ইংলিশ স্কুল) প্রতিষ্ঠাতা আবদুল কাদির মুন্সী বিদ্যালয়ের পরিচালনা কমিটির মাধ্যমে মাঠের দক্ষিণ অংশ (বর্তমান প্রশাসনিক ভবন) ও পূর্ব দিকের জায়গা (বর্তমানে একাডেমি ভবন) কলেজের নামে দলিল করে লিখে দেন। তখন ঢেউটিন দিয়ে তৈরি হয়েছিল কলেজের প্রথম ক্লাসরুম।

.
.

এরপর প্রতিষ্ঠানটির বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে এর পরিধি ও ছাত্রছাত্রীদের সংখ্যা। সম্প্রতি এখানে আরও সাতটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানালেন কেউ কেউ। তাঁদের ভাষ্য, ‘আগে স্নাতকোত্তর করতে অন্য জেলায় যেতে হতো। আমাদের সাংসদ এ সমস্যা দূর করেছেন।’
ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শামীমা আহমেদ বললেন, ‘প্রতি বিভাগে ইনকোর্স পরীক্ষা ও মাসিক মডেল টেস্ট চালু আছে, এটাই আমাদের পড়াশোনার সবচেয়ে ভালো দিক। কলেজই আমাকে পড়ুয়া বানিয়ে ফেলেছে। ভবিষ্যতে এই কলেজেরই শিক্ষক হতে চাই।’ বড় কিছু হওয়ার স্বপ্ন অবশ্য এখানকার সাবেক শিক্ষার্থীরাই বুনে দিয়েছেন। কত গুণীজন এক সময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন! তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীরও আছেন।
আলাপের ফাঁকে শিক্ষার্থীরা জানালেন তাঁদের না পাওয়ার কথা। কলেজে ক্যানটিন নেই, লাইব্রেরিতে নতুন বই নেই, শিক্ষার্থীদের পরিবহনের জন্য যথেষ্ট ব্যবস্থা নেই। স্নাতক পর্যায়ে নিয়মিত ক্লাস হয় না বলেও আক্ষেপ রয়েছে। এ ছাড়া নিরাপত্তার সমস্যার কথা বললেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফাহমিদা আক্তার, ‘প্রায়ই মোটরসাইকেলে করে বহিরাগত আর বখাটেরা কলেজে আসে। একে-ওকে হেনস্তা করে। এসব দূর হলে কলেজের পরিবেশটা আরও ভালো হতো।’
কথা হলো কলেজের কয়েক জন প্রভাষকের সঙ্গে। রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আলাউদ্দিন, বাংলার এস এম মোজাম্মেল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের এ এইচ এম ফজলে রাব্বি, উদ্ভিদবিজ্ঞানের আল আমিন, হিসাববিজ্ঞান বিভাগের সুমন কর্মকার—সবাই এই কলেজের ছাত্র ছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন বলেন, ‘যে কলেজের ছাত্র ছিলাম, সেই কলেজের শিক্ষক হয়ে যোগদান করতে পারা অনেক গর্বের। কলেজটা আমার কাছে নিজ ঘরের মতো। তাই খুব যত্ন, আদর, মমতা দিয়ে কলেজটাকে সাজাতে চাই।’

মো. হানিফ
মো. হানিফ
শুধু ভালো ফলাফল আমাদের লক্ষ্য নয়
মো. হানিফ
অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
শিক্ষা ও সংস্কৃতির শহর হিসেবে দেশব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ খ্যাতি রয়েছে। এই জেলার অনেক কীর্তিমান দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন, করছেন। আমরা চাই দেশসেরা কলেজের তালিকায় ওপরের দিকে আমাদের নাম থাকুক। আমার মনোযোগ শুধু ভালো ফলের দিকে নয়। পড়াশোনার মান নির্ভর করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কে কোথায় কী করছে—তার ওপর। এমন মানুষ তৈরি করতে চাই, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেবে। কলেজের শিক্ষার্থীরা যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ মানুষ হয়ে বের হলেই বুঝতে পারব, প্রতিষ্ঠানের জন্য কিছুটা হলেও করতে পেরেছি।