পথচারী পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কোনোভাবেই রাস্তাঘাটে শৃঙ্খলা আনা যাচ্ছে না। অন্যান্য কারণের পাশাপাশি সাধারণ পথচারীদের নিয়ম না মানাও এর জন্য দায়ী। কোনোভাবেই যখন কাজ হচ্ছে না, তখন কর্তৃপক্ষ একটা কাজ করতে পারে। নিয়ম অমান্যকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা যায়। পুরস্কার ও উপাধি পুরস্কারপ্রাপ্তদের গলায় ঝুলিয়ে রাখা হবে। বিষয়টা উদাহরণসহ বোঝাচ্ছেন সঞ্জয় সরকার

উপাধি: ফুটপাতের রাজা

বিশেষ গুণ: যানজটে পড়লেই তাঁরা শাঁই করে তাঁদের পঙ্খিরাজ মোটরসাইকেলটি ফুটপাতে তুলে দেন। এই পঙ্খিরাজ চালকদের বিশ্বাস, জগতে তাঁদেরই শুধু তাড়া আছে। অন্যরা সব অহেতুক।

উপাধি: সেরা হর্নবাদক

বিশেষ গুণ: তাঁরা হ্যামিলিনের বংশীবাদকেরা প্যাঁ-পুঁ ছাড়া চিন্তা করতে পারেন না। তাঁরা রাস্তায় নামার পর থেকেই প্যাঁ-পুঁ রোগে আক্রান্ত। যানজটে হর্ন বাজানোর কোনো যৌক্তিক কারণ না থাকলেও প্যাঁ-পুঁ করতেই থাকেন।

উপাধি: স্বেচ্ছাসেবী ট্রাফিক সার্জেন্ট

বিশেষ গুণ: তাঁরা রাস্তাঘাটে গাড়িঘোড়ার তোয়াক্কা করেন না। নিজেই গাড়িকে ডান হাত দিয়ে থামার নির্দেশ দিতে দিতে রাস্তা পার হন। এ রকম স্বেচ্ছাসেবী ট্রাফিক সার্জেন্ট পেয়ে আমরা গর্বিত।

উপাধি: আয়রনহেড ম্যান

বিশেষ গুণ: তাঁরা তাঁদের মুণ্ডুটা পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস মনে করেন। কোনো কিছুতেই এই মাথার কিসসু হবে না। সব সময় সুরক্ষিত থাকবে। তাই তাঁরা হেলমেট ব্যবহার করেন না।

উপাধি: সেরা অভিমানী পথচারী

বিশেষ গুণ: তাদের খুব অভিমান। ৩০ সেকেন্ডের দূরত্বে পদচারী-সেতু থাকলেও তারা তা ব্যবহার করে না। কেন করবে? তারা যেদিক দিয়ে রাস্তা পার হবে, সেদিকেই রাস্তা ফাঁকা থাকতে হবে। ৩০ সেকেন্ড দূরত্বের পদচারী-সেতুতে যেতে তাদের কষ্ট হয়।

উপাধি: একালের কলম্বাস

বিশেষ গুণ: তারা ওপরের প্রজাতির চেয়ে কিছুটা এগিয়ে। পদচারী-সেতু দিয়ে পার না হয়ে রাস্তার মাঝখানের ডিভাইডার ভেঙে ফাঁক গলে বেরিয়ে যায়। চিপাচাপা বের করতে ওস্তাদ তারা।

উপাধি: রাজপথের সৈনিক

বিশেষ গুণ: তারা ফুটপাত ব্যবহার করে না। বুক চিতিয়ে মূল সড়ক দিয়ে হাঁটে। পেছন থেকে গাড়ি হর্ন দিলে এমনভাবে তাকায়, যেন বলতে চায়, ‘এটা আমার বাপের রাস্তা। তোর গাড়ি অন্য রাস্তায় নামা।’

উপাধি: সেরা মিতব্যয়ী

বিশেষ গুণ: তারা বাসায় মুঠোফোনে কথা বলা এবং গান শোনা মোটেও পছন্দ করে না। সময়ের ব্যাপক অপচয়। ভীষণ সময় সচেতন ও মিতব্যয়ী। তাই তারা রাস্তা পার হওয়ার সময় মুঠোফোনে কথা বলে কিংবা কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনে।

উপাধি: দ্বিধাগ্রস্ত পাবলিক

বিশেষ গুণ: তারা বাসের সামনে দিয়ে আধরাস্তা দৌড় দেয়, সুবিধা করতে না পেরে পিছিয়ে আসে। আবার দৌড় দেয়, আবার পিছিয়ে আসে!