
বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই একটু বৃষ্টি হলে পথঘাট নদীতে পরিণত হয়! বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের এই দৃশ্য অতি চেনা। কিন্তু আফসোস! এই দুই নগরের পথনদীর পানিতে মাছ নয়, পাওয়া যায় অচল যানবাহন, বেকায়দায় পড়া মানুষ। এই নদীর পানিতে নগরবাসী না পারে সাঁতরাতে, না পারে হাঁটতে। মাঝে মাঝে পথনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। তখন সর্বনাশা পথনদীর পানির করাল গ্রাসে পথের পাশের দোকানপাটের জিনিসপত্র নষ্ট হয়, স্কুল, কলেজ, অফিস, আদালতে যাওয়াই হয়ে পড়ে দুষ্কর। তখন ভ্যান কিংবা রিকশা হয়ে ওঠে নৌকা! মাঝে মাঝে মানুষের আবাসস্থলেও পথনদীর পানি হানা দেয়। পথনদীর দেখভাল করার জন্য প্রতি পাঁচ বছর পর পর নিয়োগ পান একজন মেয়র। তাঁর নির্বাচনী ইশতেহারে থাকে, ‘রাস্তা নদী শুকনো রবে, অমুক ভাই মেয়র হবে!’ কিন্তু আফসোস! মেয়র হওয়ার পর পথনদীতে পানির স্রোত অব্যাহত থাকে। আসলে সব দোষ বৃষ্টির। বৃষ্টি না থাকলে পথনদী সব সময় শুকনো থাকত। মেয়রের পক্ষে বিশাল আকাশ ত্রিপল দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। সুতরাং পথনদী শুকনো রাখাও সম্ভব নয়!
যত দিন রবে পদ্মা, মেঘনা, যমুনা
তত দিন নগরবাসী দেখবে পথনদীর নমুনা!