পথনাটক উৎসবে মুক্তির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ‘বড় মাইনষের’ বাড়ির পাশে ঘুরঘুর করছে ‘ল্যাংড়া’। অনেক কষ্টে কুড়িয়ে পায় বড়লোকদের ফেলে দেওয়া কোরমা-পোলাও। উচ্ছিষ্ট খাবারটাই বেশ উৎকৃষ্ট লাগে ‘ল্যাংড়া’র কাছে, চিবিয়ে চিবিয়ে খায়। ম ম গন্ধে সেখানে ছুটে আসে ‘বুইড়া’। ইনিয়ে বিনিয়ে বলে ‘দে না রে বাজি।’ উচ্ছিষ্ট খাবার নিয়ে কড়া ঝগড়া হয় দুই ভিক্ষুকের মধ্যে, হয় সন্ধিও। তখন তাঁদের মনে পড়ে যায় ফেলে আসা গ্রামের কথা, নদীর কথা। তারই মাঝে পথের ধারে সোনার মোহর খুঁজে পায় ল্যাংড়া। আর তখনই সেখানে উদয় হয় টুপিওয়ালা এক লোক, যিনি একটু আগে ভিক্ষুকদের ঝুপড়ি উচ্ছেদের নির্দেশ দিয়ে এসেছেন। তিনি আরেকটি কাজ করলেন, ল্যাংড়ার সোনার মোহরটা কৌশলে কেড়ে নিলেন। ভিক্ষুকদের ক্ষীণ হাহাকার পুলিশ দিয়ে দমন করা হলো। সব হারিয়ে ভিক্ষুকেরা হারিয়ে যাওয়া সেই নদীর জন্য হাহাকার করে, যে নদী তাঁদের পথে নামিয়েছিল। নান্দীকার প্রযোজনা নদীর উপমা নাটকে পথহারা মানুষের করুণ জীবন দর্শকদের চোখ ভিজিয়ে দেয়। নাটকটি লিখেছেন শ্যামল পূর্ণ দাশগুপ্ত, নির্দেশনায় ছিলেন অলক ঘোষ। ‘নাটক হবে রাজপথে জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগানে বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ডিসি হিলে অনুষ্ঠিত হয় বিভাগীয় পথনাটক উৎসব। ৯ মে পাঁচ দিনের এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মাহবুব হাসান। সন্ধ্যায় চার-পাঁচটা করে নাটক মঞ্চস্থ হয় প্রতিদিন। প্রায় ২৫টি নাট্যদল এ উৎসবে অংশ নেয়। ৯ মে উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় তির্যক নাট্যদলের স্মৃতি একাত্তর, আসর নাট্যসম্প্রদায়ের খ্যাপা পাগলার প্যাঁচাল এবং মাইমোটেলসের পাওয়ার বিয়ন্ড লাভ। এ ছাড়া শেখ শওকত ইকবাল চৌধুরীর নির্দেশনায় চট্টলা থিয়েটারের পথনাটক এবারের সংগ্রাম, মাসুদুর রহমানের নির্দেশনায় অনাদিকল্প নাট্যদলের পরিবেশনা নেতা নির্বাচন। রিজোয়ান রাজনের নির্দেশনায় জেন্টেলম্যান পেন্টোমাইমের ক্রিকেট, টু ব্রাদারস ও চোর ছিল সময়োপযোগী পরিবেশনা। সেলিম আল দীনের রচনা ও লালন দাশের নির্দেশনায় থিয়েটার স্লোগানের পথনাটক সংবাদ কার্টুন দর্শকদের মুগ্ধ করে। ১৫-২০ মিনিট দৈর্ঘ্যের নাটকগুলোতে প্রকাশ পেয়েছে অস্থির সময়, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় ও মুক্তিযুদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও উঠে এসেছে নানাভাবে। এসব নাটকে ছিল জীবনের সুর, মুক্তির গান। নাট্যকর্মী লালন দাশ বলেন, ‘মঞ্চে যে নাটক করি, তাতে সাধারণ পথচারী থাকে না। মুক্ত জায়গায় পথনাটকের মধ্য দিয়ে বুট-বাদাম-আইসক্রিমওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায়।’ শুলকবহর থেকে নাটক দেখতে এসেছিলেন দেবী নন্দী। তিনি বলেন, ‘নাটক উপভোগ করেছি। তবে সাউন্ডে কিছুটা সমস্যা ছিল, খোলা জায়গা হওয়াতেই হয়তো এমন হয়েছে।’ বুট-বাদাম বিক্রেতা মো. মিলন বলেন, ‘বেচা-বিক্রির ফাঁকে ফাঁকে নাটক দেখতে ভালোই লাগে। ছোট নাটক হওয়ায় দেখতে সুবিধা ছিল।’ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সুচরিত দাশ বলেন, ‘প্রতিটি নাটকের কোথাও না কোথাও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আছে। আমাদের প্রতিবাদের ভাষা হলো এ নাটক। তাই পথনাটকের মধ্য দিয়ে সমাজের ও দেশের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিই।’